সঙ্গী বা সঙ্গিনী ঝামেলাকর হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বাসই হচ্ছে সুসম্পর্কের মূলমন্ত্র। ভালোবাসায় বিশ্বাস না থাকলে সঙ্গী বা সঙ্গিনীর ভূমিকা হয় অনুপ্রবেশকারীর মতো। আর এটা তো বলাই বাহুল্য, সঙ্গী বা সঙ্গিনীর ভূমিকা যদি ঝামেলাকর হয়ে দাঁড়ায়, সে সম্পর্ক শেষ হয় বিরোধের মধ্য দিয়ে। আপনার যদি এমন সমস্যা থেকে থাকে, তাহলে এ নিয়ে একটু ভাবুন। পালিয়ে না বেঁচে স্থির হয়ে ভাবুন। অনুসরণ করুন নিচে উল্লেখ করা সমাধানের ধাপগুলো:

ছবি: বেলুমনি ডট কমের সৌজন্যে
ছবি: বেলুমনি ডট কমের সৌজন্যে

কথা বলুন খোলামেলা
শত ব্যস্ততার মাঝেও একটি সুন্দর সময় বের করে তাঁর সঙ্গে সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করুন। তবে মনে রাখবেন, ঝগড়াঝাঁটি বা কথা-কাটাকাটির সময় ভুল করে এসব ব্যাপার নিয়ে কথা বলতে যাবেন না। তাহলে জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ব্যাপার হয়ে যাবে সেটা। সমাধান করতে গিয়ে এতে বরং সমস্যাই বেড়ে যাবে দ্বিগুণ হারে। খেয়াল রাখুন, যখন আপনার সঙ্গীর মন-মেজাজ ভালো থাকবে, তখন তাঁকে নিয়ে ঘুরতে বের হন বা কাছাকাছি কোথাও থেকে হেঁটেও আসতে পারেন। তখনই আপনাদের মধ্যে জমে থাকা সমস্যা নিয়ে কথা বলার মোক্ষম সময়। রাগারাগি না করে শান্ত স্বরে আন্তরিকভাবে তাঁকে বুঝিয়ে বলুন।

সবকিছুর প্রমাণ দরকার নেই
কথায় কথায় প্রমাণ দেওয়া বা নেওয়ার অভ্যাস বদলে ফেলুন। কোনোভাবেই সঙ্গীকে সন্দেহ করবেন না। তাঁর ফোনের কললিস্ট নিয়ে যদি আগে কখনো কথা হয়ে থাকে, তাহলে তা বাদ দিন। মনে রাখবেন, সন্দেহ থেকে নিয়মিত যদি ফোন কললিস্ট নিয়ে কথা-কাটাকাটি হয়, তাহলে একে অপরের প্রতি অবিশ্বাসটাই বেড়ে যায়। ব্যক্তিগত নিরাপত্তা কমে যায়। সম্পর্কে অবহেলা বা অবিশ্বাসই জীবনকে বিষিয়ে তোলে।


প্রতিশোধ নয়

সঙ্গী বা সঙ্গিনীর প্রতি প্রতিশোধপরায়ণ হবেন না। সন্দেহ করা, প্রতিশোধ নেওয়া মানে ওই সময়টুকু পুরোটাই জলে ভেসে গেল। এর চেয়ে চুপ থাকুন, তাঁকে শান্ত রাখুন, হাসানোর চেষ্টা করুন। অযথা তর্কে জড়াবেন না। আর আপনার সঙ্গী বা সঙ্গিনী তর্ক জুড়ে দিলে উত্তর দেবেন না। কিছু সময়ের জন্য চুপচাপ, শান্ত হয়ে যান। দেখবেন এমনিতে তিনি চুপ হয়ে গেছেন।


বুঝিয়ে বলুন

আপনার সঙ্গী কখনো ভুল করতে পারেন। মনে রাখবেন, যতই খারেদজ্জাল হোক না কেন, যতই ভুল করুন না কেন তিনি কিন্তু আপনারই বন্ধু। তাই তাঁর ভুল শোধরানো আপনারই কর্তব্য। আপনার জন্য বিব্রতকর হলেও গুছিয়ে ঠান্ডা মাথায় তাঁকে বুঝিয়ে বলুন। তবে হুট করে বলবেন না যেন, এটা ভুল; বরং কথার একটু কৌশল অবলম্বন করে তাঁকে বোঝান।


হতাশ হবেন না

এমন সম্পর্কের ক্ষেত্রে অনেকেই হতাশায় ভোগেন। অযথা হতাশায় না ভুগে ধৈর্য ধরুন। ভালোবাসায় নত হোন। টাইমস অব ইন্ডিয়া অনলাইন অবলম্বনে।