সঙ্গী যখন ভ্রমণব্যাগ
ঘোরার শখ। ভ্রমণপিপাসু ব্যক্তিরা সবচেয়ে ভালো বুঝবেন এ কথার মানে। সুযোগ এলেই বেরিয়ে পড়েন দেশ-বিদেশে দেখতে। কাঁধে ঝুলিয়ে নেন ব্যাগটি। তরুণেরা এখন নানা ধরনের ভ্রমণব্যাগ ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন। একেক সময় একেকটা ব্যাগ সঙ্গী হয় তাঁদের। ট্রলি ব্যাগ ও হাতে ঝোলানো ব্যাগ তো আছেই। ব্যাগের তালিকায় জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাগপ্যাক।ভ্রমণে প্রয়োজন হয় হরেক রকম জিনিসের। পোশাক তো আছেই, থাকে ল্যাপটপ কম্পিউটার, ল্যাপটপের দরকারি কাগজপত্র ইত্যাদি। ছোটখাটো নয়, একটু বড় ধরনের ব্যাগপ্যাকই স্বস্তি দেয়। তবে এটি বড় হবে, না ছোট হবে, সেটা পুরোপুরি নির্ভর করে ভ্রমণের ওপর। শিক্ষার্থী অথবা চাকরিজীবী কমবয়সী তরুণদের কাছে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেও ব্যাগপ্যাকের ব্যবহার এখন বেশ প্রিয়। প্রতিদিন বইপত্র বা অফিসের দরকারি কাগজপত্র বহন, ল্যাপটপ বহন কিংবা ভ্রমণের জিনিসপত্র ইত্যাদি রাখার কাজে একটা ব্যাগ থাকা চাই-ই চাই।তবে সবাই বড় ধরনের ব্যাগ পছন্দ করেন না। অনেকে একটু ছোট আকারের ব্যাগে স্বচ্ছন্দ বোধ করেন। ইনফিনিটির বসুন্ধরা শাখার ইনচার্জ ওবায়দুল আনোয়ার খান জানান, বাজারে বিভিন্ন ধরনের ব্যাগ থাকলেও এই সময়ে তরুণদের মধ্যে ব্যাগপ্যাকের ব্যবহারটা বেশি। এর কারণ হিসেবে তিনি বলেন, ফ্যাশন এখানে বড় ব্যাপার। আর ব্যবহারে আরামের ব্যাপারটাও কম গুরুত্বের নয়। একসঙ্গে অনেক জিনিস বহন করা আর ফ্যাশন—এই দুই কারণে এখন ব্যাগপ্যাকই চলছে বেশি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমার্শিয়াল ইনচার্জ হিসেবে কাজ করছেন জুবায়ের আল ইমরান। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন অজানার উদ্দেশে। চলতি বছরই ঘুরে এসেছেন মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারত। ভ্রমণে সব সময় সঙ্গী হয় ব্যাগপ্যাক। তিনি জানান, ব্যাগপ্যাকটি হালকা হওয়ায় বহন করতে সুবিধা। অনেক পকেট থাকে। অনেক কিছু নেওয়া যায়। কাঁধে নেওয়া যায় বলে হাত দুটিও স্বাধীন থাকে।দরদামবাজারে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগপ্যাক ও ট্রলিব্যাগ পাওয়া যাবে। ইনফিনিটিতে ক্যামেল মাউন্টেন এক হাজার ৪৫০ থেকে দুই হাজার ৬৫০ টাকা, ট্রল বে এক হাজার ৬৫০ থেকে দুই হাজার ৫৫০, উইলসন এক হাজার ২৯০ থেকে এক হাজার ৬৯০, পাওয়ার এক হাজার ৬৫০ থেকে এক হাজার ২৫০, ট্রাভেল ট্রলি উইথ ব্যাগপ্যাক তিন হাজার ২৫০ থেকে তিন হাজার ৬৫০ টাকা। এখানে বিভিন্ন ধরনের ভ্রমণব্যাগ পাবেন দুই হাজার ৪০০ থেকে ছয় হাজার ৪৫০ টাকায়। ডোরসে বিভিন্ন ব্র্যান্ডের ইউরোপিয়ান স্টাইলের ছোট হাতলের ভ্রমণব্যাগ পাওয়া যাবে তিনি হাজার থেকে পাঁচ হাজার টাকায়। আজিজ সুপার মার্কেটের ভ্রমণসঙ্গী, ফোর ডাইমেনশন ও গ্রাসহোপার্সে ৫৫০ থেকে এক হাজার ১৫০ টাকায় পাওয়া যাবে ব্যাগপ্যাক। নিউমার্কেটে ব্যাগপ্যাকের দাম পড়বে ৬০০ থেকে দেড় হাজার টাকা। আর ট্রাভেল ব্যাগ মিলবে এক হাজার ৬০০ থেকে সাড়ে তিন হাজার টাকায়।একটু ভাবুনব্যাগের ধরন যা-ই হোক না কেন, কেনার আগে দরকারি কিছু বিষয় মাথায় রাখতে হবে। জানান ওবায়দুল আনোয়ার খান। কেনার সময় ব্যাগ ব্যবহারকারীর শরীরের ধরন ও স্বাস্থ্যের অবস্থা বুঝে ব্যাগ কেনা উচিত। এতে এটি বহন করা আরামদায়ক ও ঝামেলামুক্ত হয়। বৃষ্টি বা বর্ষার সময় পানিরোধক ব্যাগ কেনা ভালো। কারণ, পানিরোধক ব্যাগে বৃষ্টির পানিতে দরকারি জিনিসপত্র ভিজে যাবে না।