সঙ্গী হারানোর নেপথ্যে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঙ্গীর বিশ্বাস ভঙ্গ পারিবারিক বিপর্যয় ডেকে আনতে পারে। ছবি: সংগৃহীত।
সঙ্গীর বিশ্বাস ভঙ্গ পারিবারিক বিপর্যয় ডেকে আনতে পারে। ছবি: সংগৃহীত।

প্রতীক-রিয়ার (ছদ্মনাম) মধ্যে ভালো লাগা-ভালোবাসার সম্পর্ক পাঁচ বছরেরও বেশি সময় ধরে। প্রতীক সব সময়ই দাবি করেন, রিয়াকে ঘিরেই তাঁর সবকিছু। অন্য কোনো মেয়ের দিকে মনোযোগ দেওয়ার কোনো ইচ্ছা বা আগ্রহ তাঁর নেই। বিষয়টি বুঝতে পেরে রিয়াও বেশ আবেগে গদগদ। পছন্দের মানুষের প্রতি বিশ্বাস আর আস্থা রেখে বেশ সুখীভাব নিয়েই জীবন চলছিল রিয়ার। তবে হঠাৎই তাতে ছন্দপতন ঘটে! একদিন ফেসবুকে আপলোড করা বন্ধুর বিয়ের ছবি দেখবেন বলে তিনি প্রতীকের ল্যাপটপটা নিয়ে বসলেন। ফেসবুকে লগ ইন করতে গিয়ে দেখলেন প্রতীকের আইডি আর পাসওয়ার্ড সেভ করা। মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল রিয়ার। ঢুকে পড়লেন প্রতীকের ফেসবুক পেজে। আর সেদিনই এত দিনের পরিচিত, ভালোবাসার মানুষটির ‘ভালো মানুষির’ মুখোশ খুলে পড়ল তাঁর সামনে। দেখলেন, ইনবক্সে একাধিক মেয়ের সঙ্গে প্রতীকের বেশ আহ্লাদি কথাবার্তার নমুনা। অন্য কোনো মেয়ের প্রতি আগ্রহী না দাবি করা মানুষটি এভাবে তাঁকে দিনের পর দিন ফাঁকি দিয়েছেন; কিছুতেই মানতে পারছিলেন না তিনি। প্রতীককে জিজ্ঞেস করার পর বেরিয়ে এল রিয়াকে নিয়ে একগাদা অভিযোগ। যেমন- রিয়াকে এখন ভালো লাগে না, সম্পর্কটা একঘেয়ে হয়ে পড়েছে, সম্পর্কে কোনো বৈচিত্র্যই নেই, আরও কত কত অভিযোগ! সম্পর্কটা ভেঙেই গেল একসময়। ভালো মানুষের ‘মুখোশ’ পরে ভেতরে ভেতরে বহু মেয়ের সঙ্গেই সম্পর্ক তৈরি ও তা অব্যাহত রেখে চললেন প্রতীক। আর বিশ্বাস ভঙ্গের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন রিয়া।

বিশ্বাসভঙ্গের কারণে প্রতীকের শাস্তির ভার প্রকৃতির ওপর ছেড়ে নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে ঘুরে দাঁড়ালেন রিয়া। তবে এমন অবস্থায় পড়ে সব নারীই যে তাঁর মতো ঘুরে দাঁড়াতে পারেন তা নয়। যেমন পারেননি ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কর। পাকিস্তানি সাংবাদিক মেহর তারারের সঙ্গে স্বামীর ‘সুসম্পর্ক’ আদতে তাঁদের দাম্পত্যের বিশ্বাসভঙ্গ বলেই মনে করতেন সুনন্দা। এ খবরে গুরুতর অসুস্থ হয়ে পড়া সুনন্দার মৃতদেহ সম্প্রতি দিল্লির একটি হোটেল থেকে উদ্ধার করে পুলিশ।

এনডিটিভি এক খবরে জানিয়েছে, সুনন্দার রহস্যজনক মৃত্যুর পর জিজ্ঞাসাবাদে শশী স্বীকার করেন, তিনি মেহরকে চিনতেন এবং তাঁদের ‘সুসম্পর্ক’ ছিল। তবে সম্পর্কের ধরন সম্পর্কে সুনির্দিষ্ট করে তিনি কিছু বলেননি। শশী-সুনন্দা দম্পতির দাম্পত্য সংকটে কোনো ভূমিকা নেই বলে প্রথমে দাবি করেছিলেন পাকিস্তানি সাংবাদিক মেহর। তাঁর ভাষ্য, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তবে জি নিউজের খবরে বলা হয়, মেহর পরে স্বীকার করেন, তিনি ই-মেইল ও টেলিফোনে শশীর সঙ্গে ‘ভারচুয়াল’ বন্ধুত্ব করেছেন। জীবন, রাজনীতি ও বইপত্র নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হতো। তিনি টুইটারে এক বার্তায় শশীর ব্যাপক প্রশংসা করেছিলেন। এতে ‘সুদর্শন’ শশীর ব্যক্তিত্ব ও আকর্ষণীয় কণ্ঠস্বর প্রভৃতি গুণাবলিকে চিত্রতারকা শাহরুখ খানের বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করেন। ব্যাপারটি সুনন্দাকে ক্রুদ্ধ করেছিল বলে তিনি মনে করেন।

এ নিয়ে মৃত্যুর আগে তিক্ত সময় কাটিয়েছেন সুনন্দা পুষ্কর। বিমানে কেরালা থেকে নয়াদিল্লি ফেরার পথে পুরোটা সময় তিনি শশীর সঙ্গে ঝগড়া করছিলেন। তিনি ছিলেন চরম বিষাদগ্রস্ত ও ক্ষুব্ধ। সুনন্দার দুই কাছের বন্ধু রোহিত কোছার ও শ্রীদেবী বাদিগা জানিয়েছেন, শেষ দিনগুলোতে সুনন্দা ঠিকমতো খাওয়াদাওয়া করতেন না। মাত্রাতিরিক্ত ওষুধ সেবন তাঁকে নাজুক করে দিয়েছিল। শশীর সঙ্গে মেহরের ‘সম্পর্কের’ খবরই ছিল তাঁর অসুস্থতার বড় কারণ।

এবার পাশ্চাত্যের একটি বিষয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে অভিনেত্রী জুলি গায়েতের পরকীয়ার খবর ফাঁসের পর চরম বিষণ্নতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তাঁর দীর্ঘদিনের সঙ্গিনী ভ্যালেরি ত্রিয়াবেলার। রয়টার্স জানায়, ফরাসি বিনোদন সাময়িকী ক্লোজার ওই খবর প্রকাশ করেছিল। সঙ্গীর বিশ্বাসভঙ্গ ত্রিয়াবেলাকে অসুস্থ করে দেয়। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, ত্রিয়াবেলার সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটেছে।

পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় সম্পর্কের সংকটে বেশির ভাগ সময়ই মানসিকভাবে নারী বেশি ক্ষতিগ্রস্ত হন। সেটা প্রাচ্য কিংবা পাশ্চাত্য, যেখানেই হোক। এ ক্ষেত্রে নারী কী করতে পারেন?—জানতে চাইলে অভিনয়শিল্পী সারা যাকের বলেন, সবচেয়ে ভালো হয় যে সম্পর্ক ভালো চলছে না তা বয়ে না বেড়ানো। কিন্তু আমাদের দেশের সামাজিক বাস্তবতা বা অর্থনৈতিক নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় না। পরিস্থিতি অনুকূল থাকলে সঙ্গীর বিশ্বাসভঙ্গের মতো ঘটনার পর আলাদা থাকতে পারলে ভালো হয়।
সুনন্দা পুষ্কর ও ভ্যালেরি ত্রিয়াবেলার ঘটনার বিষয়ে সারা যাকের বলেন, নেতৃস্থানীয় পর্যায়ে গেলে সঙ্গীর ‘বিশ্বাসভঙ্গের’ প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয় না। এঁদের ক্ষেত্রে সাধারণ জনগণ পারিবারিক মূল্যবোধকে অনেক বেশি গুরুত্ব দেয়। এমন চাপের কারণেই মনিকা লিউনস্কির সঙ্গে স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পরকীয়ার খবরে সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মুষড়ে পড়লেও সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন বলে তিনি মন্তব্য করেন। তাই এ পর্যায়ের মানুষদের ভালো-মন্দ মাথায় রাখা উচিত, কোন কাজের পরিণতি কী হতে পারে—সে ব্যাপারে সতর্ক থেকে অন্যদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা উচিত।

বলা হয়, পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতেই দুজন মানুষের সম্পর্ক গড়ে ওঠে। সেই বিশ্বাস ভঙ্গ পক্ষান্তরে সঙ্গীর প্রতি যথাযথ শ্রদ্ধাবোধের ঘাটতিই তুলে ধরে। অল্প সময়ের ভালো লাগার আনন্দ পেতে গিয়ে দীর্ঘদিনের পরীক্ষিত কাছের মানুষটির বিশ্বাসভঙ্গের আগে আরেকবার ভাবুন। হয়তো, যে আনন্দের জন্য আপনি তাঁর বিশ্বাসভঙ্গ করছেন; একদিন সে বিশ্বাসভঙ্গের শিকার হতে পারেন আপনিও!