সঙ্গীকে যেভাবে পরিচয় করিয়ে দেবেন
সঙ্গীকে বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কোথায়, কীভাবে আলাপ হবে—সেটা আগেভাগে ভেবে নিলে আপনার যেমন সুবিধা হবে, সুবিধা আপনার বন্ধু ও সঙ্গীরও। দুজনের ‘কমন’ বন্ধু হলে তো আলাদা করে পরিচয় করানোর কিছু নেই। তবে সঙ্গীর সঙ্গে যদি আগে থেকে বন্ধুদের পরিচয় না থাকে, তাহলে আয়োজন করেই পরিচয় পর্বটা সেরে নিতে পারেন। এই পরিচয়পর্ব শুরু করার আগে কিছু পরামর্শ থাকছে এখানে—যা আপনার কাজকে আরও সহজ করে দেবে।
সঠিক সময় নির্বাচন করুন
বন্ধুদের সঙ্গে আপনার সঙ্গীর পরিচয় করিয়ে দিতে শুরুতেই একটা সঠিক সময় বেছে নিন। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খানিকটা গাঢ় হলেই বন্ধুদের সঙ্গে পরিচয় করান। এই সঠিক সময় মানে আপনার কাছে তার (সঙ্গীর) গুরুত্ব বুঝে নিন। আপনার যদি মনে হয় ‘এখন পরিচয় করানো যায়’, তাহলেই বন্ধুদের সঙ্গে আলাপ করানোর জন্য ভাবুন।
আগেই ধারণা দিন
বন্ধুদের সঙ্গে পরিচয় করানোর আগেই আপনার প্রতিটি বন্ধু সম্পর্কে সঙ্গীকে একটা পরিষ্কার ধারণা দিন। আবার বন্ধুদেরও সঙ্গী সম্পর্কে আগাম কিছু তথ্য জানিয়ে রাখতে পারেন। এতে আলাপটা শুরু করতে দুই পক্ষেরই সুবিধা হবে। আপনার সঙ্গীর কী পছন্দ, কোনটা অপছন্দ, সে কেমন—এসব ধারণা আগে দিলেই ভালো।
সমস্যা এড়িয়ে চলুন
বন্ধুর কোনো একটি বিষয়, যা আপনার সঙ্গীর সামনে তুললে সে অস্বস্তিতে পড়তে পারে, এমন মনে হলে সেসব এড়িয়ে চলুন। আবার আপনার সঙ্গীর কোনো একটি ঘটনা বা কাজ, যা পরিচয়ের দিন আলোচনার টেবিলে না উঠলেই ভালো, সেটা আগেই বন্ধুদের বারণ করে রাখুন। প্রথম পরিচয়ের দিনে কোনো পক্ষেরই গভীর সমস্যা নিয়ে আলোচনা করা উচিত নয়।
সঠিক জায়গা নির্বাচন করুন
প্রথমবার আপনার বন্ধু ও সঙ্গীর পরিচয় হচ্ছে, তাই সবকিছুর পরিকল্পনা আগেই করে রাখুন। কোথায় দেখা করবেন, রেস্তোরাঁ হলে সেখানে কোন ধরনের খাবার ফরমাশ দেবেন বা কত সময় থাকবেন, এর একটা ধারণা রাখুন। এসব ক্ষেত্রে আপনাকেই তদারকি করতে হবে দুই পক্ষের হয়ে। সবার সঙ্গে কথা বলে সময়টা সবার সুবিধামতো নির্ধারণ করুন।
সঙ্গে যোগ
যদি এই পরিচিতি পর্বটা আপনার বাসায় হয়, তাহলে কিছু ইনডোর গেম আশপাশে রাখুন। দাবা, ক্যারম, লুডু, ডার্ট বোর্ড বা ফুসবল টাইপের খেলার উপকরণ রাখতে পারেন। এতে কেউ শুধু কথা বলে বোরিং না হয়ে খেলাধুলা করতে করতেই সময় কাটাতে পারবে।
আলাপের বিষয়বস্তু
দুই পক্ষের যখন আলাপ হচ্ছে, তখন আপনাকে একটা বিশেষ দায়িত্ব নিতে হবে। কার কোন বিষয়ে আগ্রহ বা অপছন্দ, আপনার তা জানা আছে। তাই দুই পক্ষেরই পছন্দের বিষয়গুলোতে মিল থাকলে আলাপে সুবিধা হবে। তাই আড্ডার ফাঁকে আলাপের বিষয়গুলোতে আপনি সূত্রধর হিসেবে কাজ করতে পারেন।
সঙ্গীর বিষয়ে আদিখ্যেতা বাদ
আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন, সেটা আড্ডায় না দেখালেও চলবে। তাই সারাক্ষণ তার হাত ধরে বসে থাকা, বেশি অন্তরঙ্গভাবে বসা বা ‘বাবু’, ‘জান’ ‘সোনামণি’—টাইপের আহ্লাদে ডাক এদিন এড়িয়ে চলাই ভালো। এতে বন্ধুরা বিরক্ত হতে পারেন। আবার আপনার সঙ্গীও হতে পারে বিব্রত।
সূত্র: ফেমিনা