সঙ্গীর মুঠোফোনে উঁকিতে বারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুকিয়ে সঙ্গীর মুঠোফোনে উঁকি দেওয়া ঠিক না
লুকিয়ে সঙ্গীর মুঠোফোনে উঁকি দেওয়া ঠিক না

ও কাকে কল করেছিল? মেসেজে কী লিখেছে? আচ্ছা, কতক্ষণ ধরে কথা বলছিল ওরা? সুযোগ পেলেই লুকিয়ে জীবনসঙ্গীর মুঠোফোনে উঁকিঝুঁকি মেরে এসব দেখে নেওয়ার চিন্তাটা ঝেড়ে ফেলুন। কোনো কিছু নিয়ে সন্দেহ করার মতো কারণ থাকুক বা না-ই থাকুক, এ পথে ভুলেও পা বাড়াবেন না। এমন উঁকিঝুঁকি কোনো সমাধান নয় বরং সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।

সন্দেহ নয়
, চেষ্টা করুন সমাধানের
সম্পর্কের ভিত্তিই হলো বিশ্বাস। তাই আপনার যদি তাঁর মুঠোফোনে এমন উঁকিঝুঁকি মারার অভ্যাস থাকে, তার অর্থ হলো আপনি তাঁকে পুরোপুরি বিশ্বাস করেন না। যদি সত্যিই সঙ্গীকে সন্দেহ করার মতো কোনো কারণ থেকে থাকে, তাহলে শুরুতেই বিষয়টি সমাধানের চেষ্টা করা উচিত। কেননা এ নিয়ে কথা না বলে মনে মনে সন্দেহ করতে থাকলে কোনো লাভ তো হবেই না, বরং সময় গড়িয়ে যাবে। আর সময়ের সঙ্গে সঙ্গে সন্দেহজনক ঘটনাটিও বহু দূর গড়ানোর সুযোগ পাবে। তাই আর দেরি না করে আপনার যা জানতে চাওয়ার, তা নিয়ে সরাসরি কথা বলুন।

আপনিও বিশ্বাস ভঙ্গ করছেন
যা নিয়ে সন্দেহ করছেন তা নিয়ে সঙ্গীর সঙ্গে কথা না বলে লুকিয়ে লুকিয়ে তাঁর মুঠোফোন থেকে এটা-সেটা দেখে নেওয়ার অর্থ হলো, আপনিও বিশ্বাস ভঙ্গ করছেন। আপনার জীবনসঙ্গী যদি বিষয়টি টের পান, তাহলে পরিস্থিতি দাঁড়াবে আরও মারাত্মক। তখন আপনারা দুজনেই দুজনকে অবিশ্বাসের চোখে দেখতে শুরু করলেন। যা নিয়ে সন্দেহ করছিলেন তা সত্যি হোক বা না হোক, ঘটনা এ পর্যায়ে গেলে জীবন বিভীষিকাময় হয়ে উঠবে।   

বনের বাঘে খায় না, মনের বাঘে খায়
কথায় আছে ‘বনের বাঘে খায় না, মনের বাঘে খায়’। আপনাকে কুরে কুরে খাওয়া একটি সন্দেহ কেবল আপনার সন্দেহই বাড়াবে। আর এর ফল হবে মারাত্মক। আপনার দৈনন্দিন জীবন থেকে শুরু করে সবকিছুতেই এর প্রভাব পড়তে শুরু করবে। এ পরিস্থিতি দীর্ঘমেয়াদে আপনাদের দুজনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

যা দেখে যা বুঝেছেন, তা সত্য না-ও হতে পারে
মুঠোফোনের মেসেজ, নানান ইমোটিকনস (আবেগ চিহ্ন) দেখে চট করে কোনো একটি অর্থ তৈরি করে নেওয়াটা ঠিক নয়। কারণ, আপনি হয়তো ঘটনার খুবই আংশিক একটি কথোপকথন দেখছেন বা একটি নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে একটি বিশেষ উত্তর দেখছেন, যার পুরোটা আপনি না-ও বুঝতে পারেন। ফলে এভাবে মুঠোফোনে কথোপকথন বা মেসেজ দেখেই কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না।