সঙ্গীর সঙ্গে শপিংয়ে গিয়ে ক্লান্ত হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের সাংহাইয়ের সবচেয়ে বড় শপিং মল গ্লোবাল হারবারে এসব বিশ্রামকক্ষ খোলা হয়েছে। ছবি দ্য পেপার ডট সিএনের সৌজন্যে।
চীনের সাংহাইয়ের সবচেয়ে বড় শপিং মল গ্লোবাল হারবারে এসব বিশ্রামকক্ষ খোলা হয়েছে। ছবি দ্য পেপার ডট সিএনের সৌজন্যে।

সহধর্মিণী বা প্রেমিকার সঙ্গে শপিংয়ে গিয়ে একবারও ক্লান্ত হননি, এমন পুরুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। ক্লান্তির কথা মুখ ফুটে বললে আবার আছে মান-অভিমানের ভয়। এবার এসব স্বামী ও প্রেমিকের ‘মনের দুঃখ’ বুঝেছে চীনের একটি শপিং মলের কর্তৃপক্ষ। ক্লান্ত স্বামী ও প্রেমিকদের জন্য বিশ্রামকক্ষের ব্যবস্থা করেছে তাঁরা। সঙ্গীর শপিংয়ের সময়টা তাঁরা এখানে কাটাতে পারবেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সাংহাইয়ের সবচেয়ে বড় শপিং মল গ্লোবাল হারবারে এই বিশ্রামকক্ষ খোলা হয়েছে। কাচ দিয়ে ঘেরা একটি স্বচ্ছ কক্ষে একজনই বসতে পারবেন। শুধু ক্লান্ত স্বামী ও প্রেমিকদের জন্য নির্ধারিত এসব কক্ষে আছে টেলিভিশন দেখা ও ভিডিও গেম খেলার ব্যবস্থা।

কর্তৃপক্ষ বলছে, এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই কক্ষগুলো চালু করা হয়েছে। ছোট্ট এসব কক্ষে আছে একটি আরামদায়ক চেয়ার, টেলিভিশন স্ক্রিন ও গেমিং কনসোল।

সাংহাইয়িস্ট বলেছে, এরই মধ্যে শপিং মলে আসা পুরুষদের মধ্যে এই কক্ষগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। তবে, কেউ কেউ এ ধারণার সমালোচনাও করেছেন। তাঁরা একে ‘লিঙ্গবৈষম্য’ বলে অভিহিত করেছেন। একজন নারী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এই বিশ্রামকক্ষের কারণে একা শপিং করতে হবে তাঁকে। এতে তিনি বিরক্ত হয়ে যাবেন।

আশঙ্কা প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী বলেন, তাঁর স্বামী এই কক্ষের প্রতি আসক্ত হয়ে পড়তে পারেন। কারণ, এখানে গেম খেলার সুযোগ আছে। কোনো পুরুষকেই গেমিং কনসোল থেকে উঠিয়ে আনা খুব কঠিন কাজ।

তবে, স্বামী বা প্রেমিক প্রবরদের বক্তব্য ভিন্ন। সাউথ চায়না মর্নিং পোস্টকে এক ব্যক্তি বলেন, ‘এতে দুজনেরই লাভ হবে। আমার স্ত্রী যতক্ষণ ইচ্ছে শপিং করবে। আর আমারও একঘেয়ে লাগবে না।’ তথ্যসূত্র: এনডিটিভি অনলাইন