সঙ্গে ছিলাম আছি থাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাটার শুরু হোক একটা চিঠি দিয়ে। চিঠির প্রেরক একজন ক্রিকেটভক্ত, নাম তাঁর আতিক। প্রাপক সাকিব আল হাসান, যাঁকে এখন সবাই ‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ’ হিসেবে মানেন। চিঠির শেষাংশের লেখাগুলো এ রকম—‘মোটে ২৩ বছর ১১ মাস বয়স, এই বয়সেই বিশ্বকাপের মতো আসরে আপনি বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা জানি, জীবনের প্রতিটি মুহূর্তে কতটা চাপ সামলাচ্ছেন আপনি। এটা কঠিন দায়িত্ব, আপনি তা সামলাচ্ছেনও চমৎকারভাবে। আমরা আশা করি, বাঙালিরা যেমনটা করে আসছে, ঠিক তেমনিভাবে আপনিও এই যুদ্ধ চালিয়ে যাবেন, এগিয়ে যাবেন সামনে। যদি সফল না-ও হন, আত্মবিশ্বাস হারাবেন না। আমরা আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকব। সাধ্যের সবটুকু উজাড় করে দিন, এগিয়ে যান সামনে।’এই চিঠিটা হয়তো লেখা হতো না আতিকের। লিখেছেন তখন, যখন গুটিকয়েক ক্রিকেটদর্শক উন্মাদের মতো আচরণ করলেন। ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের পর বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে লজ্জায় মাথা হেঁট করালেন গোটা বাংলাদেশকে। শুধু তা-ই না, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে উন্মাদনার চূড়ান্ত করে বসলেন কয়েকজন!কিন্তু সুখের কথা, বাংলাদেশ বেশির ভাগ দর্শকই দলের সুসময়, দুঃসময়—সব সময়ের সঙ্গী। এই দর্শকেরা যেমন বিজয়মিছিলেও যোগ দেন, পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়ার সময়ও তাঁরা দলের সঙ্গেই থাকেন। আর তাই ওয়েস্ট ইন্ডিজের কাছে অমন পরাজয়ের পরেও বাংলাদেশের সঙ্গেই ছিলেন তাঁরা। বাসে ইট-পাটকেল নিক্ষেপের ওই ঘটনার পর ওই দর্শকেরাও কষ্ট পেয়েছেন, যেমনটা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওই কষ্ট ও লজ্জাবোধ থেকেই ৪ মার্চ, ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের পর ফেসবুকে একটা কমেন্ট করেছিলেন ফয়সাল মাসুম। আলোকচিত্রী ফয়সালের ওই কমেন্টে হু-হু করে সাড়া পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গেই। ফয়সাল বললেন, ‘মাঠে বসে খেলা দেখিনি। আমার এক আলোকচিত্রী বন্ধুর কাছে ভাঙচুরের ঘটনা প্রথম শুনি। শুনে খারাপ লাগে, তাই ফেসবুকে একটা কমেন্ট করি। তারপর কী মনে করে একটা ইভেন্ট পেজও খুলে ফেলি, নাম—“লেটস সে সরি”। আর তারপরই অসংখ্য ক্রিকেটভক্তের কমেন্ট দেখে বুঝতে পারি, বাংলাদেশের সবাই ওই পরাজয়ে কষ্ট পেয়েছে ঠিকই, তবে কষ্ট পেলেও দলের পাশে থাকার মতো মানসিকতা প্রায় সবারই আছে। যা হয়েছে, তা আসলে বিচ্ছিন্ন ঘটনা।’ বাংলাদেশের মানুষ না হয় বিচ্ছিন্ন ঘটনা বলেই জানল, কিন্তু গোটা পৃথিবী? বিশ্বকাপের মতো আসরে যখন দুনিয়ার নানা প্রান্তের প্রচারমাধ্যমের চোখ বাংলাদেশেই, তখন এই ঘটনা তো আর ধামাচাপা দেওয়া যায় না! ফয়সাল মাসুম তাই নতুন আরেকটা চিন্তা করলেন। ‘যা হওয়ার তা হয়েছে, কিন্তু পৃথিবীর সামনে যে ভাবমূর্তি দাঁড়াল সেটা থেকে রেহাই কী? সবাই জানে, বাংলাদেশ অতিথিপরায়ণ একটি দেশ। তা ছাড়া আমাদের পর্যটনশিল্পও এখন আলোর মুখ দেখছে। এই মুহূর্তে এমন কীর্তিকলাপ মোটেও কাম্য নয়। তাই আমরা চিন্তা করলাম, আমরা সবাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কাছে ক্ষমা চাইব। ফেসবুকে তা সবাইকে জানালাম, সাড়া মিলল দ্রুত। সবাই একমত হলো—বাংলাদেশকে এই লজ্জার হাত থেকে রেহাই দিতে হবে।’ ৫ মার্চ ভোর ৬টা। ফেসবুকে দেওয়া ডাকে শাহবাগ মোড়ে জড় হলেন নানা বয়সের, নানা পেশার বেশ কয়েকজন ক্রিকেটভক্ত মানুষ। তাঁদের সবার হাতেই ব্যানার, ফেস্টুন। তাতে লেখা—‘উই আর সরি’। ফয়সালরা আগে থেকেই জানতেন, ওয়েস্ট ইন্ডিজ দল হোটেল শেরাটন থেকে বেরোবে সাড়ে ছয়টার দিকে। তাই দেরি না করে সেদিকেই রওনা হন তাঁরা। ব্যানার, ফেস্টুন হাতে প্রায় ৬০ জনের একটি দল দাঁড়িয়ে থাকে হোটেলের প্রবেশদ্বারের বাইরে। ‘সাড়ে ছয়টার দিকে আইসিসির কয়েকজন কর্মচারী বাইরে আসেন। তখনই আমাদের দেখেন। খানিক বাদে তাঁরা ডেকে নিয়ে আসেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামিকে। নিরাপত্তার খাতিরেই স্যামি দূরে দাঁড়িয়ে আমাদের দেখলেন, হাত নাড়লেন। একজনকে দিয়ে নিজের মুঠোফোনটাও পাঠিয়ে দিলেন, ছবি তোলার জন্য। আমরা আমাদের ব্যানার-ফেস্টুনগুলো আরও উঁচিয়ে ধরলাম। দুঃখপ্রকাশ করে একটা চিঠি লিখেছিলাম আমরা, সেই চিঠিটা ধরিয়ে দিলাম ওই লোকটির হাতে।’ বলছিলেন ফয়সাল। সাড়াও মিলল দ্রুত, ওয়েস্ট ইন্ডিজ দল তাদের ওয়েবসাইটে লিখল, ‘যা হয়েছে, তা আসলে বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ দারুণ অতিথিপরায়ণ দেশ। ভবিষ্যতেও নিশ্চয়ই এমন সমাদর পাব আমরা, আমাদের ক্রিকেটীয় সম্পর্ক আরও দৃঢ় হবে।’অতিথিদের কাছে না হয় লজ্জামোচন হলো, কিন্তু ঘরের লজ্জার কী হবে? এবার তাই সাকিব আল হাসানের বাড়ি, মাগুরায় গিয়ে দুঃখপ্রকাশ করে আসার সিদ্ধান্ত নিলেন ফয়সালরা। সঙ্গী হলেন আরও ছয়জন—তাবরেজ আহমেদ, রূপন, মনিরা, সাইদুল আশরাফ, সানি ও লালন জামিল। পেশায় তাঁরা কেউ কেউ ছাত্র, কেউ ব্যবসায়ী, কেউবা চাকরিজীবী। ৭ মার্চ সকাল সকাল রওনা হলেন তাঁরা মাগুরার উদ্দেশে। সঙ্গে থাকল ফুল আর চিঠি। ‘সবাই যখন জানল আমরা সাকিব আল হাসানের বাড়িতে যাচ্ছি, তখন অনেকেই অনেক মন্তব্য করতে লাগল। আমি বললাম, আপনার মনে যা আছে আমাকে ওয়ার্ড ফাইলে লিখে মেইল করুন, আমি সেসব নিয়ে যাব সাকিব আল হাসানের মায়ের কাছে। সবাই তা-ই করল।’ বলছিলেন ফয়সাল।তবে মাগুরায় চরম বিস্ময় অপেক্ষা করছিল ওই দলটির জন্য! বিস্ময়ের নাম বিনয়! কোথায় সাকিব আল হাসানের পরিবারের কাছে গিয়ে কাঁচুমাচু মুখে ক্ষমা চাইবে, তা না উল্টো তারাই দুঃখ প্রকাশ করল দলটির কাছে! ফয়সাল বললেন, ‘ওই দিনের পরাজয়ের পর সাকিবের মা তো অসুস্থ হয়ে পড়েছিলেন, রক্তচাপ বেড়ে গিয়েছিল, মুখ মলিন। কিন্তু তারপরও আমাদের দেখে খুব খুশি হলেন। দুঃসময়েও যে বাংলাদেশের মানুষ তাঁদের পাশে থাকে, এটা দেখে তাঁরা অভিভূত। শুধু তা-ই নয়, দুপুরের খাবারও না খাইয়ে ছাড়লেন না তাঁরা! আমরা আমাদের সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলাম, চিঠিগুলো তুলে দিলাম সাকিবের মায়ের হাতে। বুক থেকে কিছুটা হলেও লজ্জার একটা পাথর যেন নেমে গেল—সাকিবের মায়ের মলিন মুখে হাসি ফোটাতে পেরে।’ সাকিবের মায়ের অনুভূতি কেমন ছিল? কী বললেন তিনি? বিস্ময় এবং কৃতজ্ঞতা তাঁর কণ্ঠে, ‘আসলে ওইদিনের ঘটনায় খুব যে দুঃখ পেয়েছি, তা কিন্তু নয়। বাংলাদেশ পরাজিত হলে যে সবাই কষ্ট পায়, এটা আমরা জানি। তবে খুব ভালো লাগছে আপনাদের দেখে। মনে একটা ভরসা পেলাম, আমাদের দুঃসময়েও দেশের মানুষ পাশে দাঁড়ায়।’