সঙ্গে রাখি পানির বোতল
আবহাওয়া গরম হয়ে উঠেছে। রোদের তাপে, ঘামে সারা দিন কাজ করতে হচ্ছে অনেককে। এই গরমে যাতে পানিশূন্যতাসহ অন্যান্য সমস্যায় পড়তে না হয়, সে জন্য সঙ্গে পানি বহন করা ভালো। শিশুদের তো বটেই, বড়দেরও বাসা থেকে ফোটানো পানি সঙ্গে নিয়ে বের হওয়া উচিত। পানির বোতলের খোঁজখবর জানিয়ে দেওয়া হলো তাই।দরদামঢাকার বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের পানির বোতল পাওয়া যায়। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ডিভা’স ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের একজন বিক্রেতা জানান, বাজারে এখন তাইওয়ান ও চীনের তৈরি পানির বোতল চলছে বেশ। এসব পানির বোতলে আধা থেকে এক বা দেড় লিটার পানি ধরে। নানা মডেলের ওপর নির্ভর করে এসব পানির বোতলের দরদাম।স্টিল, কাচ ও প্লাস্টিকের তৈরি পানির বোতল এখন বাজারে পাওয়া যাচ্ছে। কোনো বোতলের ওপরে ও নিচে স্টিল, মাঝে প্লাস্টিক দেওয়া রয়েছে, কোনোটা আবার পুরোটাই প্লাস্টিকের। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কার্টুন আঁকা ফিতাসহ কিংবা ফিতা ছাড়া ছোট-বড় পানির বোতল। রয়েছে বিভিন্ন আকারের যেমন লম্বা, গোল বোতল।বড়দের জন্য রয়েছে জলপাই, সবুজ, গোলাপি, হলুদ—এসব রঙের পানির বোতল। এসব পানির বোতলের কোনোটা শুধু ঢাকনা খুললেই মুখ লাগিয়ে পানি খাওয়া যায়, আবার কোনোটার মুখের দিকে পাইপ লাগানো। কোনোটার ভেতরে পাইপ আছে, আবার কোনোটা আছে পাইপ ছাড়াই।কোনো কোনো প্লাস্টিকের পানির বোতলে রয়েছে দুটি পাইপ; একটি রয়েছে মোটা পাইপ, যার ভেতর পানি রেখে রেফ্রিজারেটরে রেখে দিলে পানি বরফ হয়ে পাইপের আকার হয়ে যাবে। আর অন্য চিকন পাইপটি দিয়ে পানি খাওয়া যাবে। কিছুক্ষণ পর মোটা পাইপের বরফ গলে গেলে সেই পানিও খেতে পারবেন। ফলে সারা দিনই আপনি পাবেন ঠান্ডা পানি।ধাতুর তৈরি ছোট-বড় বিভিন্ন রকম পানির বোতল রয়েছে, যার ভেতরে গরম পানি রাখলে গরম আর ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকে। স্বচ্ছ ও অস্বচ্ছ দুই রকম বোতলই পাওয়া যাবে।বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের ও বিভিন্ন ডিজাইনের প্লাস্টিকের পানির বোতলের দাম পড়বে ১৫০-৫০০ টাকা, কাচের পানির বোতলের দাম পড়বে ১৮০-৩০০ টাকা, ধাতুর পানির বোতলের দাম পড়বে ২০০-৪৬০ টাকা। বাচ্চাদের বিভিন্ন ধরনের ফ্লাক্স রয়েছে, যার দাম পড়বে ১৫০-৩৫০ টাকা।কোথায় পাওয়া যাবেঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স (লেভেল-১), গাউছিয়া মার্কেট, নিউমার্কেট, গুলশান ডিসিসি মার্কেট, মৌচাক মার্কেট, আলমাস সুপার শপ, নন্দন সুপার শপ, মীনাবাজার, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন প্লাস, রাপা প্লাজা, কর্ণফুলী গার্ডেন সিটিসহ বিভিন্ন স্থানে পানির বোতল পাওয়া যাচ্ছে।খেয়াল রাখতে হবে পানির বোতল কেনার সময় দেখে নিন, বোতলের মুখটি ভালোভাবে আটকানো যায় কিনা। না হলে ব্যাগের ভেতর পানি পড়ে নষ্ট হতে পারে। অবশ্যই পানির বোতল ব্যাগে নেওয়ার সময় বোতলের ঢাকনাটি শক্ত করে আটকে নিতে হবে। প্রতিদিন পানির বোতল ব্যবহারের পর পরই ডিটারজেন্ট, সাবান পানি—এসব পরিষ্কারক দিয়ে ধুয়ে রাখতে হবে, যেন পানির বোতলের ভেতরে হলুদ হয়ে না যায়।