সচল এক্স-রে যন্ত্র রোগী গেলে অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা গ্রামের মনোয়ারা বেগম (৪৫) গত ২৪ সেপ্টেম্বর চিকিৎসা নিতে আসেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। তিনি ঘরের কাজ করতে গিয়ে বাঁ হাতের কবজিতে ব্যথা পান। চিকিৎসক পরামর্শ দেন এক্স-রে করানোর জন্য। তিনি হাসপাতালের এক্স-রে কক্ষে গেলে টেকনিশিয়ান বলেন যন্ত্র নষ্ট। বাইরে থেকে এক্স-রে করিয়ে আনতে মনোয়ারার খরচ হয় ২০০ টাকা।এক্স-রে যন্ত্র সচল থাকার পরও রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সুবিধা পাচ্ছেন না রোগীরা। রোগীদের অভিযোগ, এক্স-রে করাতে গেলে নানা ধরনের অজুহাত দেখান টেকনিশিয়ান। ফিল্ম নেই, ফিল্ম পরিষ্কার করার কেমিক্যাল নেই—এসব অজুহাত দেখিয়ে পরামর্শ দেওয়া হয় হাসপাতালের পাশে গড়ে ওঠা রোগ নিরূপণকেন্দ্র থেকে এক্স-রে করাতে। হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এক্স-রে যন্ত্র রয়েছে। যেখানে মাত্র ৫৫ টাকায় এক্স-রে করার সুযোগ রয়েছে। এক্স-রে যন্ত্রের অপারেটর সাইফুল ইসলাম বলেন, কোরিয়া থেকে আমদানি করা দুটি এক্স-রে যন্ত্রের একটি স্বাস্থ্য কমপ্লেক্সের নিচের তলার কক্ষে বসানো হয়। অন্যটি যে কক্ষে বসানো হয়েছে সেটি বৃষ্টি হলে স্যাঁতসেঁতে হয়ে যায়। ফলে প্যানেল কি-বোর্ড নষ্ট হয়ে যন্ত্রটি আট বছর ধরে অচল হয়ে পড়ে আছে। অন্যটি সচল রাখা হলেও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে লেন্স ঝাপসা থাকে সব সময়। ফলে ফিল্মে ছবি ভালো হয় না। ফিল্ম ও কেমিক্যাল-সংকট থাকে অনেক সময়। যে কারণে রোগীদের বাইরে থেকে এক্স-রে করাতে হয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি জরাজীর্ণ। বৃষ্টি হলেই এক্স-রে কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে। তা ছাড়া টয়লেটের পাশে স্যাঁতসেঁতে পরিবেশে হওয়ায় একটি এক্স-রে মেশিন নষ্ট হয়ে গেছে। অন্যটিও নষ্ট হওয়ার পথে। ফিল্ম ও কেমিক্যাল-সংকট থাকার বিষয়টি সঠিক নয় দাবি করে তিনি বলেন, ‘রোগীদের বাইরে থেকে এক্স-রে করতে বলার বিষয়টি আমি জানি না। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’