সচল হয়নি চাক্তাই-খাতুনগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষ হয়েছে গত শনিবার। তবে দেশের বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে এখনো চলছে ছুটির আমেজ। ব্যবসায়ীদের অনেকেই ব্যাংকের সঙ্গে জরুরি কাজগুলো সেরে আবার চলে যাচ্ছেন। এ কারণে লেনদেনও কমেছে। আগামী সপ্তাহে পুরোদমে কর্মচাঞ্চল্য দেখা দিতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।বাজার ঘুরে দেখা গেছে, স্বাভাবিক সময়ের মতো বাজারে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি নেই। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ক্রেতার সংখ্যা কম। অনেক প্রতিষ্ঠানের কর্মচারী কিংবা ব্যবসায়ীরা এখনো কর্মস্থলে ফেরেননি। ফাঁকা হয়ে আছে স্বাভাবিক সময়ে ব্যস্ত থাকা এই বাণিজ্যকেন্দ্র।খাতুনগঞ্জের ব্যবসায়ী এ জামান অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম প্রথম আলোকে জানান, গত শনিবার থেকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও লেনদেন কার্যত শুরু হয়নি। ব্যবসায়ীরা কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করছেন। তিনি ধারণা করছেন, আগামী রোববার থেকে পুরোদমে লেনদেন শুরু হতে পারে।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দেশের ভোগ্যপণ্যের আমদানি বাণিজ্যের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ নিয়ন্ত্রিত হয় চাক্তাই-খাতুনগঞ্জ, আছদগঞ্জ ও কোরবানিগঞ্জের মাধ্যমে। মূলত তিন থেকে চার স্তরের ব্যবসায়ীদের মাধ্যমে এসব ভোগ্যপণ্য দেশের বিভিন্ন স্থানের খুচরা ব্যবসায়ীদের হাতে পৌঁছায়। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হিসাবে, চাক্তাই-খাতুনগঞ্জভিত্তিক প্রথম স্তরের ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১০০। দ্বিতীয় স্তরে আছেন ৫০০ থেকে ৭০০ এবং তৃতীয় স্তরে রয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।ব্যবসায়ী সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মধ্যে চাল, গম, ছোলা, ভোজ্যতেল, মসলা, ডালজাতীয় পণ্য সরবরাহ হয় দেশের বড় এই বাণিজ্যকেন্দ্র থেকে। মূলত খুচরা বাজার ও গ্রামাঞ্চল থেকে ব্যবসায়ীরা এই বাণিজ্যকেন্দ্রে ভিড় করেন। ঈদের ছুটির পরও শহরে পুরো কর্মচাঞ্চল্য ফিরে আসেনি। এ কারণে খুচরা বাজারেও পণ্য কেনার চাপ নেই। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে।ব্যবসায়ীরা জানান, চাক্তাই-খাতুনগঞ্জে দিনে লেনদেনের হিসাব বের করার সুনির্দিষ্ট তথ্য নেই। কারণ, একই পণ্য একাধিকবার বেচাকেনা হয়। তবে ব্যবসায়ীরা ধারণা করছেন, এখন স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ লেনদেন কম হচ্ছে। আগামী সপ্তাহে এ অবস্থা পুরোপুরি কেটে যাবে বলে জানান ব্যবসায়ীরা। চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, এখনো ছুটির আমেজ চলছে। বাজারে ক্রেতা কম। বিক্রেতারাও লেনদেনের চেয়ে পরিবার-স্বজনদের সময় দিচ্ছেন বেশি। এ কারণে স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৭০ শতাংশ লেনদেন কমেছে বলে তিনি মনে করেন।