সচেতন থাকি ইন্টারনেটেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্টাচ্ছে অভ্যাস, জীবনাচরণে আসছে নতুনত্ব। শৈশব থেকেই এই যুগের মানুষের সঙ্গী হচ্ছে ইন্টারনেট। আলো-বাতাসের এই বাস্তব পৃথিবী ছাড়াও তাদের রয়েছে একটি ভিন্ন ভুবন, ভার্চ্যুয়াল জগৎ তার নাম। ইন্টারনেট সংযোগ আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভিত্তিতে গড়ে ওঠা সেই জগতে চেনা-অচেনা-অর্ধচেনা মানুষের ভিড়। বাস্তবের পৃথিবীতে যেমন আনন্দের নানা উপকরণ ছড়িয়ে থাকা সত্ত্বেও সাবধানতা অবলম্বন করতে হয়, নানা বিপদ থেকে রক্ষা করতে হয় নিজেকে; ঠিক তেমনিভাবে ভার্চ্যুয়াল জগতেও প্রয়োজন যথাযথ সতর্কতা।

কেন এ সতর্কতা?
বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় দেশ-কাল-দূরত্বের ব্যবধান দূর হয়েছে। কিন্তু এর বিস্তর অপব্যবহারও ঘটছে। ইন্টারনেট এমন এক বিশাল নেটওয়ার্ক, যার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তেই যুক্ত হতে পারে। এই সুবিধার অপব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের ‘র‌্যাডিকালিস্ট’ বা উগ্রবাদীরা তরুণদের মধ্যে সহিংস মতবাদ ছড়িয়ে দিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান জিএসডিআরসির ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলের তরুণদের সহিংস উগ্রবাদে জড়িয়ে পড়ার কারণ’ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের তরুণেরা উগ্রবাদীদের ‘কি টার্গেট’ বা প্রধান শিকারের মধ্যে অন্যতম। কারণ এই বয়সে তাঁদের মানসিক প্রতিরোধের ক্ষমতা তুলনামূলক কম থাকে।

কীভাবে সতর্ক হবেন?
* অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হবেন না। নিজের ব্যক্তিগত তথ্য বা গোপনীয় বিষয়গুলো অনলাইনে শেয়ার করা থেকে বিরত থাকুন। নিজের ব্যক্তিগত অভ্যাস, হতাশার কথা ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অনেক তরুণ উগ্রবাদী দলের সদস্যদের নজরে পড়ে। পরে জীবনের প্রতি ভরসা হারানো এসব তরুণকে উগ্রবাদে সহজেই দীক্ষিত করা সম্ভব হয় এবং এখান থেকেই শুরু হয় প্রাণঘাতী সহিংসতা।
* আপনার করা কমেন্ট, আপনার লেখা স্ট্যাটাস, ছবির ক্যাপশন থেকে শুরু করে অন্যকে পাঠানো বার্তা—অনলাইনে প্রতিটি আচরণই আপনার পরিচয় বহন করে। তাই অনলাইনে যেকোনো কিছু লেখার আগে, কাউকে কিছু বলার আগে ভেবে নিন তা অন্য কারও বিশ্বাস, মতবাদ বা আদর্শে আঘাত করছে কি না। ইন্টারনেটে এমন কোনো আচরণ করবেন না যা থেকে কারও ধারণা হয় আপনি অন্য বিশ্বাস, মতবাদ, আদর্শ, সম্প্রদায় বা ব্যক্তির প্রতির অশ্রদ্ধাশীল। যেহেতু ভার্চ্যুয়াল দুনিয়ায় আপনার করা যেকোনো কর্মকাণ্ড বিপুলসংখ্যক মানুষ দেখতে পায়, তাই তা সহজেই উসকানিমূলক বা আক্রমণাত্মক হয়ে ওঠে, সূত্রপাত ঘটে অনাকাঙ্ক্ষিত সহিংসতার।
* অনলাইনে কেউ আপনাকে বা আপনার মতাদর্শকে আক্রমণ করে কিছু বললে সেখানে পাল্টা প্রতিক্রিয়া না দেখিয়ে সুষ্ঠু আলোচনা বা গঠনমূলক বিতর্কের পরিবেশ সৃষ্টি করুন। এমন কিছু করবেন না, যাতে তা পরবর্তী সময়ে কোনো রকম উসকানি হিসেবে কাজ করে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিন।
* অনলাইনে গুজব বা প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকুন। ইন্টারনেটে যেকোনো কিছু প্রকাশ বা শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করে নিন।

পাশে থাকুক পরিবার
* সন্তানেরা যাতে ইন্টারনেটের মাধ্যমে সহিংস উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িয়ে না যায়, তা নিশ্চিত করতে চাইলে শৈশব থেকেই সন্তানদের মধ্যে সহনশীল মানসিকতার বিকাশ ঘটাতে হবে। এ ব্যাপারে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড অ্যাডোলসেন্স ও ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক হেলালউদ্দিন আহমেদ বলেন, ‘শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্টের সময়টাতে মা-বাবার মধ্যে সম্পর্ক কতটুকু শ্রদ্ধার, তা থেকে কিন্তু শিশু প্রথম মানুষকে মূল্যায়ন করা শেখে। যারা সে সময় মানুষকে মূল্যায়নের গুরুত্ব উপলব্ধি করতে পারে না, তাদের পরে ইন্টারনেট বা অন্যান্য মাধ্যমে উগ্রবাদের দিকে নিয়ে যাওয়া সহজ হয়। কারণ অন্যের ক্ষতি করার যে ভয়াবহ দিক, সেটা তাদের চোখে পড়ে না।’
* ইন্টারনেট থেকে বিভিন্ন সহিংস মতবাদবিষয়ক ধারণা পেয়ে, ইন্টারনেটে উগ্রবাদীদের সংস্পর্শে এসে বিপথে যাওয়ার উদাহরণও রয়েছে। আর তরুণদের মধ্যেই এ প্রবণতা সবচেয়ে বেশি। এই মানসিকতার কারণ ও প্রতিকার জানতে চাইলে হেলালউদ্দিন আহমেদ বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণ করার অক্ষমতা বা মতামত প্রদানের ক্ষেত্রে মানসিক জোর না থাকার কারণেই তরুণেরা উগ্রবাদীদের কথায় বিভ্রান্ত হয়, ভুল পথ বেছে নেয়। ছোটবেলা থেকে যদি “ইনক্লুসিভ প্যারেন্টিং” নিশ্চিত করা যায়, তবে শিশু মতামত প্রকাশ করতে শিখবে, চরিত্রে দৃঢ়তা বাড়বে, যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা গড়ে উঠবে। তখন আর কেউ চাইলেই তাকে যেকোনোভাবে প্রভাবিত করতে পারবে না।’
* পারিবারিক বন্ধন শিথিল হতে দেবেন না। আপনার সন্তানের জীবনে কী ঘটছে তা জানুন, তা নিয়ে কথা বলুন। যদি সে ইন্টারনেটের মাধ্যমে উগ্রবাদে জড়িয়েও পড়ে, তবু তাকে ফিরিয়ে আনা সম্ভব। এ ব্যাপারে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন, প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনুন।

অবিমিশ্র ভালো বলে কিছুই এই পৃথিবীতে নেই। তবে যেকোনো কিছুর ভালো বা মন্দ দিক বেছে নেওয়ার সিদ্ধান্ত একান্তই আপনার। ইন্টারনেটের অন্ধকার দিক যাতে আপনাকে বা আপনার প্রিয়জনকে গ্রাস করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজন শুধু সতর্কতা।