সচেতনতা তৈরি করা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমেলা মির্জা
রোমেলা মির্জা

সাক্ষাৎকার: নানা কারণে আমাদের দেশে মাতৃমৃত্যু হচ্ছে। বর্তমানে দেশে মাতৃমৃত্যুর হার লাখে ১৭০ জন। মাতৃমৃত্যু রোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তা খুব একটা কাজে আসছে না। এ বিষয়ে প্রথম আলো কথা বলেছে বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ রোমেলা মির্জার সঙ্গে। তিনি বর্তমানে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে কর্মরত আছেন। সাক্ষাৎকার নিয়েছেন রোকেয়া রহমান
প্রথম আলো: আমাদের দেশে প্রতিবছর গর্ভজনিত জটিলতায় প্রায় পাঁচ হাজার নারী মারা যান। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
রোমেলা মির্জা: বিষয়টি আসলে খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়, একটু জেনে-বুঝে কাজ করলে আমরা এই নারীদের অকাল মৃত্যু রোধ করতে পারি। আমরা তাঁদের সচেতন করতে পারিনি। সরকারের যেমন দায়িত্ব আছে, তেমনি চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্ব আছে এ বিষয়ে সবাইকে সচেতন করা। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে মাত্র ২৯ শতাংশ প্রসূতির সন্তান প্রসব হয় হাসপাতালে। বাড়িতে যাঁদের সন্তান প্রসব হয়, তাঁদের মধ্যে মাত্র ৩১ শতাংশের মিডওয়াইফের তত্ত্বাবধানে হয়। অন্তঃসত্ত্বা হওয়ার পর মাত্র ২৫ দশমিক ৫ শতাংশ চিকিৎসকের কাছে যান। এই বিশাল জনগোষ্ঠীর ৭০ শতাংশই ভুগছে পুষ্টিহীনতায়। এসব পরিসংখ্যান থেকে প্রমাণিত হয় আমরা সচেতনতা তৈরি করতে পারিনি। এটা তৈরি করা জরুরি।
প্রথম আলো: সরকারি ও বেসরকারি পর্যায়ে এ ব্যাপারে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সেগুলো কি কোনো কাজে আসছে না?
রোমেলা মির্জা: রেডিও ও টেলিভিশনে এ ব্যাপারে মাঝেমধ্যে প্রচারণা চালানো হয়। কিন্তু আমি মনে করি, তা যথেষ্ট নয়। বাড়ি বাড়ি যেতে হবে। সবাইকে জানাতে হবে, একজন নারী যখন অন্তঃসত্ত্বা হন, তখন তাঁর কী ধরনের যত্নের প্রয়োজন। প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী কী ধরনের যত্ন নিতে হবে সে সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। ইউএনএফপিএর এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি বিলম্বের কারণে দেশে মাতৃমৃত্যু হচ্ছে। প্রথমটি হচ্ছে, অন্তঃসত্ত্বা মাকে চিকিৎসকের কাছে নিতে হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হওয়া। দ্বিতীয়টি হচ্ছে, যোগাযোগব্যবস্থার অবকাঠানো দুর্বল হওয়ার কারণে চিকিৎসকের কাছে পৌঁছাতে দেরি হওয়া। তৃতীয় বিলম্ব হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর পর সেবা দিতে দেরি হওয়া। সরকারকে এসব ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
প্রথম আলো: বলা হচ্ছে, বাল্যবিবাহ মাতৃমৃত্যুর অন্যতম কারণ। বিষয়টাকে একটু ব্যাখ্যা করবেন কি?
রোমেলা মির্জা: বাল্যবিবাহের কারণেই যে মাতৃমৃত্যু হচ্ছে বিষয়টা আসলে তা নয়। মূল সমস্যা হচ্ছে সচেতনতার অভাব। অল্প বয়সে যে মেয়েটির বিয়ে হয় সে তো এ ব্যাপারে বেশি সচেতন নয়। বিয়ের মানেই সে বোঝে না। সে নিজেই শিশু। ফলে প্রসবজনিত জটিলতায় এ বয়সের মেয়েরা বেশি মারা যায়। তবে আসল সমস্যা হচ্ছে, সচেতনতার অভাব। সচেতনতার অভাবে প্রসবজনিত জটিলতায় যেমন অল্প বয়সী মায়ের মৃত্যু হচ্ছে, তেমনি বেশি বয়সের মায়েদেরও মৃত্যু হচ্ছে।
প্রথম আলো: বাধাগ্রস্ত প্রসব বা বিলম্বিত প্রসবের কারণে বহু নারী ফিস্টুলায় আক্রান্ত হচ্ছেন। ফিস্টুলা সম্পর্কে বিস্তারিত বলবেন কি? এই রোগ কি ভালো হয়?
রোমেলা মির্জা: কোনো প্রসূতির প্রসবব্যথা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে, তাহলে তাঁর ফিস্টুলায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এতে তাঁর প্রসবনালি, মূত্রনালি ও পায়ুপথ ছিঁড়ে যায়। ফলে কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়াই প্রস্রাব-পায়খানা ঝরতে থাকে। এতে রোগীর জীবন হয়ে পড়ে অসহনীয়। তখন তিনি পারিবারিক ও সামাজিকভাবে পরিত্যক্ত হয়ে পড়েন। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। অস্ত্রোপচারের পর রোগীর নিবিড় যত্ন নিতে হবে।