সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
হাবিবা আক্তার
হাবিবা আক্তার
বাংলাদেশে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা খুব বেশি না হলেও অনেকেই এই ব্যাধিতে আক্রান্ত। তাদের অনেকেই চিকিৎসাসুবিধা পাচ্ছে না। এইডস নিয়ে রয়েছে অনেক ভ্রান্ত ধারণাও। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক হাবিবা আক্তারের সঙ্গে। আশার আলো সোসাইটি এইডসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। সাক্ষাৎকার নিয়েছেন রোকেয়া রহমান


প্রথম আলো: ইউএনএইডস-এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা প্রায় সাড়ে নয় হাজার। এদের সবাই কি চিকিৎসার আওতায় এসেছে?
হাবিবা: ইউএনএইডসের তথ্য অনুযায়ী এইচআইভি/এইডসে আক্রান্ত ব্যক্তির আনুমানিক সংখ্যা সাড়ে নয় হাজার হলেও সরকারি তথ্য অনুযায়ী ১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত এইচআইভি/এইডস রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৭৪ জন। এদের অধিকাংশকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে।
প্রথম আলো: এইডসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সবচেয়ে বড় বাধা কী? সরকার এ ব্যাপারে কী করছে?
হাবিবা: এখনো হাসপাতালে এইডস রোগীরা চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এইচআইভি/এইডস রোগীদের জন্য চিকিৎসা-সহায়ক উপযুক্ত পরিবেশ নেই এবং ক্ষেত্রবিশেষে প্রশিক্ষিত ডাক্তার ও নার্সের অভাব রয়েছে। তবে বর্তমানে সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে প্রকল্প গ্রহণ করছে, যাতে এইডস রোগীদের চিকিৎসা নির্বিঘ্ন করা যায়। আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ ও ক্যাপ এইচপিএনএসডিপি-এর অর্থায়নে এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রামের সহযোগিতায় কম্প্রিহেনসিভ কেয়ার, সাপোর্ট অ্যান্ড ট্রিটমেন্ট অব পিএলএইচআইভি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় আশার আলো সোসাইটি পাঁচটি বেসরকারি সংস্থায় ও পাঁচটি সরকারি হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ( বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজারের সদর হাসপাতাল) এইচআইভি পজিটিভ ব্যক্তিদের সেবা প্রদান করছে । এ ছাড়া আরও দুটি সংস্থার (মুক্ত আকাশ বাংলাদেশ ও ক্যাপ) মাধ্যমে ১০টি সেবাকেন্দ্র পরিচালনা করছে। তবে উল্লিখিত সরকারি হাসপাতালগুলোয় এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সেবা প্রদান কার্যক্রম পুরোপুরি চালু হয়নি। আশা করছি, শিগগিরই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
প্রথম আলো: এইডস রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে। এসব ভ্রান্ত ধারণা দূর করার উপায় কী?
হাবিবা: সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিতে হবে। অহেতুক ভীতিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা ধরেই নিই, নারী-পুরুষের অবাধ মেলামেশাই এইচআইভি সংক্রমণের কারণ। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেকেই অপরিচিত ব্যক্তির রক্ত গ্রহণের মাধ্যমে, মেয়েরা তাদের স্বামীদের মাধ্যমে এবং শিশুরা তাদের মায়েদের থেকে সংক্রমিত হচ্ছে।
প্রথম আলো: এইডস প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো যেসব পদক্ষেপ নিয়েছে, তা কি যথেষ্ট? আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
হাবিবা: এইডস প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো যেসব পদক্ষেপ নিয়েছে, তা যথেষ্ট নয়। এইডস প্রতিরোধে সরকার বেসরকারি সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে পারে। প্রতিটি জেলা পর্যায়ের সরকারি হাসপাতাল থেকে এইডস রোগীরা যেন সহজে সেবা নিতে পারে, তার ব্যবস্থা করতে হবে। এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা খুব সাধারণ অসুখের চিকিৎসাও জেলা পর্যায়ের হাসপাতাল থেকে পায় না। কিন্তু সহজেই তা করা যেতে পারে। এই জন্য ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দিতে হবে। বিভাগীয় শহর/হাসপাতাল থেকে সিডি-৪, ভাইরাল লোড ইত্যাদি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এইডস আক্রান্ত নারী ও শিশুদের সুরক্ষার জন্য বিশেষ কর্মসূচি চালু করা প্রয়োজন। তবে সুফল পেতে হলে দীর্ঘমেয়াদি ও টেকসই কার্যক্রম হাতে নিতে হবে।