সচেতনতা বেড়েছে ষোলশহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঁরা অশিক্ষিত মানুষ! ন জানি জন্মনিবন্ধন কিল্লাই গরন পরে, কি হামত লাগে, আর আঁরতো কোনোদিন দরহারও ন ফরে। তই ফোয়াছা-র লাই গইরজি, ইতারার ভবিষ্যতল্লাই।’ (আমরা অশিক্ষিত মানুষ। জানি না জন্মনিবন্ধন কেন করতে হয়? কি কাজে লাগে? আমার কোনো দরকারও পড়েনি। তবে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাদের জন্মনিবন্ধন করেছি) হাসিমাখা মুখের সহজ স্বীকারোক্তি বিবিরহাট পূর্বপাড়া নিবাসী মো. বখতিয়ার মিয়ার। জন্মনিবন্ধনের ক্ষেত্রে সচেতনতার হার বেড়েছে নগরের ৭ নম্বর ওয়ার্ডে। গত ছয় মাসে এই ওয়ার্ডে নিবন্ধিত হয়েছেন চার-সাড়ে চার হাজার জন এবং গড়ে প্রতিদিন নিবন্ধিত হচ্ছেন ১০ জন করে। এ প্রসঙ্গে ৭ নম্বর ওয়ার্ড কমিশনার এম এম ইকবাল প্রথম আলোকে বলেন, জন্মনিবন্ধনের ক্ষেত্রে মানুষের সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে, এর গুরুত্বও মানুষ বুঝতে পেরেছে। কারণ প্রতিক্ষেত্রে এর প্রয়োগ রয়েছে। গার্মেন্টস সেক্টরে চাকরির জন্যও এখন জন্মনিবন্ধন সনদ দেখাতে হবে। জন্মনিবন্ধন করার ক্ষেত্রে কী কী কাগজপত্র লাগে জানতে চাইলে জন্মনিবন্ধন সহকারী শিশু রানী দে বলেন, ‘১৮ বছরের নিচে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের ফরমে স্কুলের প্রধান শিক্ষকের সই লাগবে। ১৮ বছরের ওপরে যাদের বয়স তাদের জন্য এসএসসি, এইচএসসি পরীক্ষার সনদ ও ভোটার পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।’ বিবাহ নিবন্ধন, সঞ্চয়ী হিসাব খোলা, চাকরির আবেদন, আমদানি রপ্তানি লাইসেন্স (অনুমতিপত্র), গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ এবং টেলিফোন সংযোগসহ বিভিন্ন কাজে জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হয়।