সজিনা ডাঁটা, উচ্ছে ও ঢ্যাঁড়সে আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে ঢুকলে চোখ জুড়িয়ে যায়। দোকানভর্তি নতুন সবজি। উচ্ছে, সজিনা ডাঁটা, ঢ্যাঁড়স, কচুর লতি, ঝিঙে, চিচিঙা, শসা, লেবু, লালশাক, পালংশাক, পুঁইশাক দোকানের কৃত্রিম আলোয় চকচক করছে। বেশ আগ্রহ নিয়ে দোকানির কাছে গিয়ে লেবুর দাম জানতে চাইলেন চকবাজার কাঁচাবাজারে আসা সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ফরহাদ আহমেদ। দাম শুনে ভিরমি খাওয়ার দশা। একটি লেবুর দাম ১৫ টাকা, সজিনা ডাঁটা ৫০ টাকা, কচুর লতি ৪৫ টাকা। দাম একটু বেশি হলেও তাজা সজিনা ডাঁটা ও কচুর লতি কিনে নিয়ে গেছেন ফরহাদ। তিনি বলেন, ‘সবজি নতুন খেয়ে যে মজা পুরোনো হয়ে গেলে সে মজা আর পাওয়া যায় না। তাই দাম একটু বেশি হলেও কিনে নিয়ে যাচ্ছি।’ দাম বেশি হওয়ার কারণ দোকানি ব্যাখ্যা করে দিলেন—এখন লেবুর মৌসুম নয়, তাই দাম একটু বেশি আর অন্যান্য সবজি মাত্র বাজারে আসতে শুরু করেছে, দু-এক সপ্তাহ পর সেগুলোর দামও কমে আসবে। দু-একটি সবজির দাম বেশি থাকলেও অন্য সবজির দাম হাতের নাগালে আছে বলে জানান ক্রেতা-বিক্রেতারা। রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, পটল কেজিপ্রতি ২৫-২৮ টাকা, ঢ্যাঁড়স ২৬-২৮ টাকা, কচুর লতি ৩৫-৪০ টাকা, ঝিঙে ৩৫-৪০ টাকা, চিচিঙা ২৫-২৮ টাকা, শসা ১৬-২০ টাকা, সজিনা ৩৫-৪০ টাকা, বরবটি ৩৫-৪০ টাকা, পুঁইশাক ১০-১২ টাকা, লালশাক ১০-১২ টাকা, পালংশাক ১২-১৫ টাকা এবং লাউশাক এক আঁটি ২০ টাকা। নগরের পাহাড়তলী বাজারেও সবজির দাম প্রায় একই। রিয়াজউদ্দিন বাজারের সবজিবিক্রেতা মোহাম্মদ জুয়েল জানান, ‘বাজারে পর্যাপ্ত নতুন সবজি উঠেছে। ক্রেতারা বেশ আগ্রহ করে এসব সবজি কিনছেন। সবজির দামও ক্রেতার নাগালের মধ্যে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি আসা শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে দাম আরও কমে আসবে।’