সজীবতার জন্য বাইসাইকেল

নিয়মিত বাইসাইকেল চালানোর অভ্যাস থাকলে শরীর-মনের সজীবতা বহাল থাকে। আর তাড়াতাড়ি বুড়িয়ে যাওয়ার ঝুঁকি কমে। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের (কেসিএল) একদল গবেষক এসব কথা জানিয়েছেন। তাঁদের গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়, সাইকেল চালনার মতো ভারী শারীরিক ব্যায়াম মানুষকে অফুরন্ত তারুণ্যের সন্ধান দিতে পারে। ৫৫ থেকে ৭৯ বছর বয়সী অন্তত ১২০ জন নিয়মিত সাইক্লিস্টের ওপর গবেষণা চালিয়ে তাঁরা সমবয়সী অন্যদের চেয়ে বেশি প্রাণশক্তি ধারণ করেন বলে প্রমাণ মিলেছে।
সাধারণত বয়সের যেসব ছাপ মানুষের ওপর পড়ে, সাইকেল চালনায় অভ্যস্তদের ওপর সেগুলো ধীরগতিতে প্রভাব ফেলে। কেসিএলের গবেষক স্টিভ হ্যারিজ বলেন, বুড়িয়ে যাওয়ার জন্য কিছু কারণ দায়ী। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা যায়, সাইকেল চালনায় মানুষের মধ্যে আশাবাদের সঞ্চার হয়। অধিকাংশ মানুষ শুয়ে-বসে অলস সময় কাটাতে অভ্যস্ত। অনেকে মনে করেন, একটা বয়সে পৌঁছানোর পর এ ধরনের নিষ্ক্রিয়তা এড়ানোর উপায় নেই। কিন্তু জীবনভর সুস্থ থাকার জন্যই এ ধরনের ধ্যানধারণা বাদ দেওয়া প্রয়োজন।
বেশি বয়সী সক্রিয় সাইক্লিস্টদের ওপর জরিপ চালিয়ে বিজ্ঞানীরা দেখতে পান, জীবনযাত্রার ধরনের কারণেই মানুষের মধ্যে বয়সের ছাপ পড়ে যাওয়ার স্বাভাবিক সময়টা আড়াল হয়ে যাচ্ছে। কেসিএলের আরেক গবেষক রস পোলক বলেন, এখনকার সমাজব্যবস্থা ও জীবনযাত্রার ধরনের কারণেই মানুষ শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকছে। এতে নানা ধরনের মানসিক সমস্যাও দেখা দিতে পারে।
সূত্র: ইনডিপেনডেন্ট।