সজীবের চাওয়া শুধু দুটি হাত

সম্বল ছিল দুটি হাত। সেই দুটি হাতেই চলত দিন-রাত কাজ। মা–বাবার মৃত্যুর পর মাঝপথে পড়াশোনার বন্ধ করে জীবনযুদ্ধে নেমে পড়তে হয়েছে। সেটিও বেশিদিন করার সুযোগ হয়নি। ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক কাজ করতে গিয়ে সেই দুটি হাতও হারাতে হয়েছে তঁাকে।
মাত্র ১৯ বছর বয়সে জীবনের এমন নির্মম অভিজ্ঞতা এখন ওমর মেহেরাজ সজীবের। সজীবের বাড়ি সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। বাবা ছিলেন প্রবাসে। কিন্তু প্রায় ১০ বছর আগে প্রবাসে হত্যার শিকার হন তাঁর বাবা। এরপর লিভার ক্যানসারে মা মারা যান ২০০১ সালে। নবম শ্রেণির পর তাই পড়াশোনাটাও আর চালিয়ে নেওয়া যায়নি।
সজীবের পরিবারে এখন কেউ নেই। একমাত্র বোনের বিয়ে হয়ে গেছে অনেক আগে। নিজে বেঁচে থাকার জন্য পড়াশোনা ছেড়ে কাজ নিতে হয়েছে নগরের অলংকার মোড়ের একটি দোকানে। সিটি গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়ামের দোকানে বৈদ্যুতিক কাজ করার সময় দুই হাতে মারাত্মক আঘাত পান তিনি। এরপর চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসকদের পরামর্শে কেটে ফেলতে হয় দুটি হাত। দুটি হাত হারিয়েও এখনো মনোবল হারাননি তিনি।
সজীবের কথা, ‘পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে চাই না। দুটি কৃত্রিম হাত দিয়ে যদি কিছু করা যায়, তাহলে দুঃখ থাকবে না। এ কারণে শুধু হাত দুটি লাগানোর জন্য সহায়তা চাই; আর বেশি কিছু নয়।’
সজীবের এমন ইচ্ছাপূরণে দরকার ১৫ লাখ টাকা। নিজ এলাকার মানুষজন সহায়তা করতে এগিয়ে এসেছেন। কিন্তু হাত দুটি লাগানোর টাকার সংস্থান হয়নি। সজীবের হয়ে এগিয়ে এসেছেন অনেকে। তাঁরা ইসলামী ব্যাংকের সন্দ্বীপ শাখায় সঞ্চয়ী হিসাব খুলেছেন। হিসাব নম্বর ২১৩৩৫। মো. আনোয়ার হোসাইন, মুকতাদের আজাদ খান ও মোজাম্মেল হোসেন—এই তিনজনের নামে হিসাব খোলা হয়েছে। সজীব লিখতে না পারায় এই তিনজনের নামে হিসাব খোলা হয়েছে। অথবা মুঠোফোনেও যোগাযোগ করা যাবে (০১৭১৩৬৪১৪৩৭)।