সঞ্চয়ের টাকা পেলেন নারী শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের ১৭৪ জন নারী শ্রমিককে তাঁদের সঞ্চয়ের টাকা দেওয়া হয়েছে। পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষে এক কোটি ১৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় নারী শ্রমিকের হাতে।
৪ সেপ্টেম্বর চেক প্রদান উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবদিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাফিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী শাহ আলমগীর ও উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন।
এলজিইডি সূত্র জানায়, ২০০৮ সালের ১ আগস্ট পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের মাধ্যমে ১৭৪ জন দরিদ্র নারীকে শ্রমিক হিসেবে ১৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজে সম্পৃক্ত করা হয়। দৈনিক ৯০ টাকা হারে তাঁদের বেতন নির্ধারণ করা হলেও প্রকল্পের নিয়মানুুযায়ী দেওয়া হয় ৫৪ টাকা করে। অবশিষ্ট ৩৬ টাকা সঞ্চয় হিসেবে জমা রাখা হয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যাংক অ্যাকাউন্টে।