সঞ্চয় নিয়ে দুশ্চিন্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার ও ভবিষ্যতের কথা ভেবে নারীরা সঞ্চয় করেন। মডেল: রুহি, ছবি: খালেদ সরকার
পরিবার ও ভবিষ্যতের কথা ভেবে নারীরা সঞ্চয় করেন। মডেল: রুহি, ছবি: খালেদ সরকার

সঞ্চয়পত্রের মুনাফা তুলতে ষাটোর্ধ্ব মনোয়ারা বেগম ১১ জুন গিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের নিচতলায় নির্ধারিত সারিতে দাঁড়িয়ে ছিলেন সকাল ১০টা থেকে। বেলা পৌনে ১১টার দিকে হাতে পান সঞ্চয়পত্রের কাঙ্ক্ষিত মুনাফা।

মনোয়ারা বেগম বললেন, ‘স্বামী মারা যাওয়ার পর ১০ বছর ধরে এ মুনাফা দিয়েই আমি চলছি। ১০ লাখ টাকার সঞ্চয়পত্র আছে, মাসে সাড়ে ৯ হাজার টাকা মুনাফা পাই। তা দিয়েই মাসের ওষুধ ও অন্য খরচ চলে যায়। খরচ চালাতে ছেলেমেয়ের ওপর নির্ভর করতে হয় না।’ তবে মনোয়ারা বেগমে কণ্ঠে আশঙ্কা—‘শুনতেছি মুনাফার হার কমে যাবে। তাহলে আমরা চলব কীভাবে, আমাদের দেখবে কে? আমাদের দেখার কি কেউ থাকবে না?’

ব্যাংক আমানতের সুদের হার নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। মূল্যস্ফীতি যতটা বেড়েছে, তার চেয়েও কম এখন আমানতের সুদের হার। ফলে সবার চোখ এখন সঞ্চয়পত্রের দিকে। আর ঠিক এ সময়টাতেই নতুন করে বাজেটে সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্কও বাড়ানোর প্রস্তাব এসেছে নতুন বাজেটে। এতে ব্যাংক ও সঞ্চয়পত্রের ওপর নির্ভরশীল, এমন মানুষেরা পড়েছেন দুশ্চিন্তায়।

ক্ষুদ্র সঞ্চয়ীদের মধ্যে এগিয়ে নারীরাই। নিজের আয় ও সংসারের খরচ থেকে কিছু বাঁচিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করার অভ্যাস তাঁদের বহুদিনের। বিপদে ভরসা এসব সঞ্চয়ই। কিন্তু ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন এই নারীরাই। কেবল ব্যাংকে টাকা জমা রাখাই নয়, সঞ্চয়পত্রের সুদের ওপর নির্ভর করেন এমন নারীর সংখ্যাও দেশে কম নয়।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই (জুলাই-এপ্রিল) পরিবার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ১৭ হাজার ৩৩৯ কোটি টাকার। এ ক্রেতাদের সিংহভাগই নারী। তাঁরা এটা থেকে যে মুনাফা পান, দ্রুতই তা কমে যেতে পারে। অন্তত অর্থমন্ত্রীর ঘোষণায় এমনটাই বলা হয়েছে। আবার দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চায় সঞ্চয়পত্রের মুনাফা আরও কমুক। কিন্তু এ ধরনের উদ্যোগে সব ধরনের সঞ্চয়ীরাই চিন্তিত।

বাংলাদেশ ব্যাংকের নিচতলায় কথা হয় রোখশানা খাতুনের সঙ্গে। তিনি জানান, তাঁর স্বামী বিদেশে থাকেন। প্রতি মাসে টাকা পাঠান। এর থেকে জমিয়ে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে এসেছেন। ভবিষ্যতে কোনো সমস্যা হলে যাতে চলতে পারেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত এপ্রিল মাসে ব্যাংক আমানতের সুদের হার কমে হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ। গত বছরের এপ্রিল মাসেও যা ছিল ৫ দশমিক ৭৭ শতাংশ। ২০১৫ সালের এপ্রিলে সুদের হার ছিল ৭ দশমিক শূন্য ৪ শতাংশ। অর্থাৎ সুদের হার ধারাবাহিকভাবে কমে আসছে। তবে জীবনযাত্রার ব্যয় কমছে না। গত মার্চে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩৯ শতাংশ।

৬ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সঞ্চয়পত্রের সুদের হার কিছুটা কমানো হবে। সাধারণত সুদের যে হারটা বিদ্যমান সঞ্চয়পত্রে তার থেকে একটু বেশি রাখা হয়। কিন্তু সেটাকে খুব বেশি রাখা উচিত নয়। আমাদের মোটামুটিভাবে একটা হিসাব হলো, যেটা সুদের হার আছে তার থেকে অন্ততপক্ষে ২ শতাংশ বেশি রাখা দরকার এবং সেই অনুযায়ী এর আবার পুনর্নির্ধারণ করা হবে।’

এর আগে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জানান, বছরের যেকোনো সময় ব্যাংক হিসাবে ১ লাখ থেকে ১০ লাখ টাকা জমা বা উত্তোলন হলে ৮০০ টাকা আবগারি শুল্ক কেটে রাখা হবে। আগে এমন হিসাব থেকে ৫০০ টাকা কেটে রাখা হতো। এতে যেকোনো হিসাবে কোনোভাবে ১ লাখ টাকা জমা হলেই ৮০০ টাকা শুল্ক দিতে হবে। নতুন এ হিসাব কার্যকর হবে ১ জুলাই থেকে।

এ ঘোষণার পর থেকেই গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই ও এমসিসিআই পৃথকভাবে প্রস্তাবিত এ শুল্ক বাতিলের দাবি জানিয়েছেন।

যদিও বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘যাঁরা এক লাখ টাকা ব্যাংকে রাখতে পারেন, তাঁরা আমাদের দেশের তুলনায় সম্পদশালী। তার ভারটা বহন করতে পারবেন, সমস্যা হবে না। তাদের আবগারি শুল্ক দিতে হবে।’

সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বললেন, যে নারীরা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে নেই, এমন উদ্যোগে তাঁরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষুদ্র সঞ্চয়গুলো তাঁরা সঞ্চয়পত্র বা ব্যাংকে জমা রাখেন। আয় দিয়ে তাঁরা পরিবারের কল্যাণেই খরচ করেন। চিকিৎসা বা সন্তানদের জন্য ভালো কিছু কেনেন। সুদ হার কমে যাওয়ার প্রভাব পড়বে এসব পরিবারে।

সুদের হার কমে যেতে পারে, এমন ঘোষণার পর থেকে প্রতিনিয়ত সঞ্চয়পত্র কেনার লাইন পড়ছে বাংলাদেশ ব্যাংকে। সরকারি ব্যাংকগুলো থেকে সঞ্চয়পত্র কেনার সুযোগ থাকলেও বন্ধ হয়ে গেছে। সোনালী ও রূপালী ব্যাংক সূত্র জানায়, পরিবার সঞ্চয়পত্রের সরবরাহ না থাকায় তারা বিক্রি করতে পারছে না।