সঞ্চয় নয়, সংগ্রহ
প্রাচীন চৈনিক মুদ্রার মাঝখানে একটি ছিদ্র ছিল। কতগুলো মুদ্রা একসঙ্গে সুতায় গাঁথা যেত। চীনা বণিকেরা যখন অনেক অর্থের মালিক হয়ে উঠতেন, এত মুদ্রা নিয়ে চলাফেরা তখন তাঁদের জন্য বেশ কষ্টকর ছিল। এ অসুবিধা দূর করার জন্য কোনো বিশ্বস্ত লোকের কাছে তাঁরা ধাতব মুদ্রাগুলো জমা রাখতেন। বিনিময়ে বুঝে নিতেন কাগজের বিশেষ রসিদ, যেখানে অর্থের পরিমাণ লেখা থাকত। পরের সেই রসিদ দেখিয়ে বণিক তাঁর মুদ্রা ফেরত নিতেন। পৃথিবীতে কাগুজে মুদ্রার আদি ইতিহাসটা এ রকমই বলছে উইকিপিডিয়া। সপ্তম শতকে সেই চীনেই প্রথম স্থানীয়ভাবে কাগুজে মুদ্রার প্রচলন হয়। আর বিংশ শতকের মাঝামাঝি সময়ে পৃথিবীতে কাগুজে মুদ্রা সংগ্রহের হিড়িক পড়ে যায়। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় ‘আন্তর্জাতিক ব্যাংকনোট সোসাইটি’। টাকা সংগ্রহটাই পরে হয়ে যায় অন্য রকম শখ। যাঁরা এতে আগ্রহী হয়ে উঠছেন, তাঁদের জন্য রইল টাকা সংগ্রহের নানা পরামর্শ। সংগ্রহের বিষয়‘পৃথিবীর সব ব্যাংকনোট চাই’—এ রকম বুনো স্বপ্ন সব সংগ্রাহকেরই হয়তো থাকে! এ যে চাট্টিখানি কথা নয়। একে তো সব নোট পাওয়া যায় না, এর ওপর টাকা দিয়ে টাকা কিনতে কতগুলো নগদ টাকা খসবে, তারও হিসাব নেই। ডাকটিকিট ও ধাতব মুদ্রার মতো তাই ব্যাংকনোটও নির্দিষ্ট বিষয় ধরে সংগ্রহ করা উচিত। নির্দিষ্ট কোনো দেশ-সময়-কাল কিংবা বিষয় অনুসারে সংগ্রহ গড়ে তোলা যেতে পারে। বেশির ভাগ সংগ্রাহকের মধ্যে তাঁর নিজের দেশের নোট সংগ্রহের প্রবণতা দেখা যায়। বিষয় হিসেবে বেছে নেওয়া যেতে পারে ব্যাংকনোটে ফুল, পাখি, ব্যক্তিত্ব, প্রত্নতত্ত্বসহ অনেক কিছুই। বিভিন্ন সময়ে নোটের নকশা পরিবর্তন, গভর্নরের সই, স্মারক নোট, ত্রুটিপূর্ণ নোট, নোটের নম্বর কিংবা শুধু পলিমার নোটগুলো সংগ্রহের মাধ্যমে বৈচিত্র্য আনা যায়। এত কিছুর ভিড়ে কী সংগ্রহ করা হবে, তা পুরোটাই নির্ভর করে সংগ্রাহকের ভালো লাগা ও রুচিবোধের ওপর। সংগ্রহের কৌশলনোট সংগ্রহের ভূত যদি মাথায় চেপেই বসে, তাহলে চিঠি লিখতে বসুন অথবা ই-মেইল পাঠিয়ে দিন প্রবাসী বন্ধুর কাছে। দেশে ফেরার সময় যেন সঙ্গে করে নিয়ে আসে সেই দেশের কিছু ব্যাংকনোট। আর সংগ্রহের ক্ষেত্রে আশপাশের লোকগুলোই হতে পারে বড় মাধ্যম। মানি এক্সচেঞ্জারগুলোয় ডলার-ইউরো বেশি পাওয়া যায়। তবে মাঝেমধ্যে স্বল্প চেনা দেশের নোটও চোখে পড়ে। তা ছাড়া অনেক মানি এক্সচেঞ্জে সংগ্রাহকদের জন্য নোট আলাদা করে রাখা হয়। ডাকটিকিট বিক্রি হয় এমন দোকানেও নোট পাওয়া যায়। সংরক্ষণব্যাংকনোট রাখার জন্য বিশেষ অ্যালবাম পাওয়া যায়। দাম ৪০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। এসব অ্যালবামের পৃষ্ঠা স্বচ্ছ পলিমারে তৈরি। প্রতিটি ব্যাংকনোট আলাদাভাবে রাখার জন্য বিভিন্ন আকৃতির প্রটেক্টরও রয়েছে। পাওয়া যায় অ্যালবামের খোলা পাতা, যা লুজ লিফ নামে পরিচিত। সাধারণত ডাকটিকিটের দোকানেই এগুলো কিনতে পাওয়া যায়। হাতের কাছে কোনো অ্যালবাম না থাকলে নোটগুলো আপাতত ডায়েরি কিংবা বইয়ের ভাঁজে রাখা যেতে পারে। লেখক: মুদ্রা, ডাকটিকিট সংগ্রাহক