
কাটা গাছের একটি গুঁড়ির ওপরে দুটি আবক্ষ মানবদেহ। একজনের হাতে বসে আছে পাখি, অন্যজনের হাতে ফুলের টব। পেছনে অসংখ্য কাটা গাছের গুঁড়ি। গাছ কেটে বনভূমি উজাড় করে দিচ্ছে মস্তকহীন-চিন্তাহীন মানুষেরা। পরিবেশ বিপর্যয়ের এই ছবি তেলরঙে ফুটিয়ে তুলেছেন শিল্পী সঞ্জীত রায়।
‘লড়াই’ শিরোনামের এই চিত্রকর্ম স্থান পেয়েছিল সঞ্জীত রায়ের একক চিত্র প্রদর্শনীতে। ‘আবর্তে আমি’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী শেষ হয় ১৫ এপ্রিল। এটি শিল্পীর প্রথম একক শিল্পকর্মের প্রদর্শনী। শিল্পকলার গ্যালারির তিনটি কক্ষে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল ১৯টি তেলরং, চারটি ম্যুরাল, দুটি স্থাপনাশিল্প ও ২০টি ডিজিটাল প্রিন্ট। ১১ এপ্রিল প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক অলক রায়। অতিথি ছিলেন বিস্তার আর্ট কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ ও শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার।
পরিবেশ, মানবিক মূল্যবোধ, নৈতিকতা, পেশিশক্তির দাপট ও চারপাশের মানুষজনের জীবনকে বিষয়বস্তু করেছেন শিল্পী। কাজ করেছেন ভাস্কর্য, স্থাপনাশিল্প ও তেলরঙের মাধ্যমে। দেশের নানা স্থানে তাঁর তৈরি ভাস্কর্য ও স্থাপত্যেরও ডিজিটাল প্রিন্টও প্রদর্শনীতে স্থান পেয়েছে।
‘শূন্য সমান এক’ শিরোনামের স্থাপনাশিল্পে তিনি ধর্মীয় সহিষ্ণুতার বিষয়টি তুলে ধরেছেন। এতে দেখা যায়, একটি কাচের পিরামিডে চারপাশে চারটি ধর্মের মানুষের প্রতীকী ভাস্কর্য। যাদের প্রতিবিম্ব তৈরি হয়েছে কাচের পিরামিডে। সমাজে ধর্মের ভিন্নতা থাকবেই। কিন্তু এই ভিন্নতা নিয়েই সহাবস্থানের সমাজ গড়ে ওঠে।
বর্তমান বিশ্বে পেশিশক্তির দাপট শিল্পীর প্রিয় বিষয়। তাঁর আঁকা তেলরঙে বা ভাস্কর্যে মানব শরীরের পেশির বাহুল্য দেখা যায় হয়তো সেই কারণেই। তাঁর বেশির ভাগ ফিগার মাথাহীন। শিল্পীর এই আঙ্গিক দুই ধরনের অনুভূতির জন্ম দেয় দর্শকের মনে। প্রথমত মানবসমাজ প্রায় চিন্তাহীন হয়ে পড়েছে, দ্বিতীয়ত একই সঙ্গে মানুষের শক্তিমত্তার কাছে মানুষই আজ সবচেয়ে অসহায়।
পরিকল্পনাহীন নগরায়ণ ও নগরজীবনের বিচ্ছিন্নতা পাশাপাশি উপস্থাপন করেছেন তিনি ‘টাওয়ার’ শিরোনামের স্থাপনাশিল্পে। বহুতল ভবনের বাসিন্দারা একসঙ্গে একই ছাদের নিচে বসবাস করলেও প্রত্যেকই বিচ্ছিন্ন ও বিপন্ন। মেঝে থেকে ছাদ সমান উচ্চতায় বেশ কয়েকটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বহুতল ভবন। বাঁশের গায়ে ছিদ্র করে ফ্ল্যাট বাড়ির আদল তৈরি করেছেন শিল্পী। সেসব ছোট খুপরির বাসিন্দারা একা। কেউবা পড়েও যাচ্ছেন নিজের অভ্যস্ত জীবন থেকেও।
সঞ্জীত রায়ের শিল্পভাবনা ও শৈলীতে নিজস্বতা আছে। তবে নিজেকে দুর্বোধ্যতার আড়ালে ঢেকে রাখেননি তিনি। দর্শকেরা প্রদর্শনীতে এসে নিজেদের জীবনের নানা অনুষঙ্গকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ পেয়েছেন। শিল্পীর কাছ থেকে দর্শকের এটাই তো সবচেয়ে বড় পাওয়া।