সফলদের স্বপ্নগাথা
সঠিক জায়গায় সঠিক মানুষ চাই
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান মিলে গড়েছেন একটি দাতব্য সংস্থা—চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেডআই)। গত পাঁচ বছরে বিজ্ঞান, শিক্ষাসহ নানা খাতে অবদান রেখেছেন তাঁরা। বছরের শেষে সিজেডআইয়ের ওয়েবসাইটে চ্যান-জাকারবার্গ দম্পতি লিখেছেন একটি খোলা চিঠি।
প্রিয় বন্ধুরা
আমাদের মেয়ে ম্যাক্স কিছুদিন আগেই ৫ বছরে পড়ল। চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভও (সিজেডআই) ম্যাক্সেরই সমবয়সী। ২০১৫ সালে যখন যাত্রা শুরু করেছিলাম, তখনো জানতাম না, নতুন একটা উদ্যোগ শুরু করা আর মা-বাবা হওয়া অনেকটা একই রকম। এটি একই সঙ্গে ক্লান্তিকর, আনন্দদায়ক, রোমাঞ্চে পরিপূর্ণ। এ সময় প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত, ঘটনা নিয়েই দুশ্চিন্তা হয়। মাঝরাতে ঘুম ভাঙলে ভবিষ্যতের কথা ভেবে একই সঙ্গে ঘিরে ধরে আশাবাদ আর উদ্বেগ।
সংকটের মধ্যেও আশা থাকে, থাকে নতুন কিছু শেখার সুযোগ। ২০২০ সালে আমাদের যদি আশাবাদী হওয়ার মতো কিছু থাকে, তা হলো কিছু অনন্যসাধারণ কিছু মানুষ ও সংস্থা, যারা এক হয়ে ভাইরাস ও বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ২০২০ আমাদের অনেক কিছু শিখিয়েছেও। রুখে দাঁড়ানো, একটা কিছু করা, পরিবর্তনকে ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা আমরা আগে কখনো এত প্রবলভাবে টের পাইনি। আজ বলব, গত পাঁচ বছর আমাদের কী কী শিখিয়েছে।
সঠিক অবকাঠামো গড়ুন
গত পাঁচ বছরে আমরা দীর্ঘ মেয়াদের কথা ভেবে বিনিয়োগ করেছি। বিশ্বের যেসব বড় প্রতিষ্ঠান বৈজ্ঞানিক উদ্ভাবনে অর্থায়ন করে, সিজেডআই তার অন্যতম। সিজেড বায়োহাব ও সিজেডআইয়ের যৌথ প্রচেষ্টায় ড. জো ডেরিসি আইডিসেক নামে একটি সফটওয়্যার তৈরি করেছেন। এই সফটওয়্যারের সাহায্যে গবেষকেরা ভাইরাসের জিন–নকশা বের করতে পারেন, সেই সঙ্গে ভবিষ্যতের মহামারি প্রতিরোধে রোগ শনাক্তকরণ এবং এ সংক্রান্ত গবেষণা সহজ হয়। জানুয়ারি মাসে এই সফটওয়্যার ব্যবহার করেই কলম্বিয়ার গবেষকেরা দেশের প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষাটা পরিষ্কার। ভবিষ্যতের অনেক কিছুই আমরা আগে থেকে অনুমান করতে পারি না। কিন্তু আমরা যদি সঠিক জায়গায় সঠিক মানুষকে কাজে লাগাতে পারি, সেরাটা দেওয়ার জন্য তাঁদের স্বাধীনতা, অবকাঠামো আর প্রয়োজনীয় সামগ্রী দিতে পারি, যেকোনো সংকট মোকাবিলায় তাঁরা ভূমিকা রাখতে পারেন—আর যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানেই মনোনিবেশ করতে পারেন।
পৃথিবী তখনই বদলায়, যখন আমরা একসঙ্গে বদলাই
সারা বছর আমরা অবিশ্বাস্য সব সহযোগী পেয়েছি—বিজ্ঞানী, গবেষক, সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক—সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কোভিড–১৯ ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন।
আমরা একসঙ্গে কাজ করার শক্তির ওপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। কারণ, আমরা জানি, একসঙ্গে কাজ করার মানসিকতা না থাকলে উন্নতি ব্যাহত হয়। পাঁচ বছর আগে দেখলাম, বিশ্বের সেরা সমস্যা সমাধানকারীরা একে অপরের থেকে দূরে, নীরবে, নিভৃতে কাজ করছেন। বিজ্ঞানীর সঙ্গে শিক্ষক, আইনজীবীর সঙ্গে সমাজের নেতা, গবেষকের সঙ্গে গবেষকের কোনো যোগাযোগ নেই। আমরা এটা পরিবর্তন করতে চেয়েছিলাম। অতএব সিজেডআই চালুর পরপরই আমরা একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার মতো নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিই। নানা শ্রেণির মানুষকে একত্র করে, আমরা উদ্ভাবনের মাধ্যমে এমন সব সমস্যার দ্রুত সমাধান করতে চেষ্টা করেছি, যেগুলো সবাই এক না হলে সহজে সমাধান হতো না।
চাই জাতিগত সমতা
আমরা সিজেডআই শুরু করেছিলাম। কারণ, আমরা বিশ্বাস করি, প্রত্যেক মানুষ তাঁর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারেন। কিন্তু পদ্ধতিগত বাধার কারণে অনেক কৃষ্ণাঙ্গ, ক্ষুদ্র জাতিসত্তা ও লাতিন আমেরিকান সেই সুযোগ পান না। আমরা যেহেতু সবার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করছি, আমরা জানি যে রাজনৈতিক, সামাজিক, ও অর্থনৈতিকভাবে বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর আমাদের জোর দিতে হবে। জাতিগত সমতা—কোনো বিচ্ছিন্ন লক্ষ্য হতে পারে না। এই সমতা থাকতে হবে আমাদের বিজ্ঞান, শিক্ষা, বিচার ব্যবস্থা, আবাসন, অভিবাসন—সব ক্ষেত্রে।
আশা না হারানোর শক্তি
কয়েক মাস আগে নিউরোডিজেনারেশন চ্যালেঞ্জ নেটওয়ার্কের একটি অনুষ্ঠানে জুলিয়া নামে এক মা তাঁর অভিজ্ঞতার কথা বলছিলেন। তাঁর মেয়ে মিলা ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল, ব্যাটেন নামে তার একটা বিরল দুরারোগ্য স্নায়ুরোগ হয়েছে। জুলিয়াকে বলা হয়েছিল, অসুখটা মারাত্মক, এর কোনো চিকিৎসা নেই, গবেষকেরা এ সম্পর্কে খুব বেশি জানেনও না—অতএব মিলার আর কোনো আশা ছিল না।
‘সে সময়ও মিলার চোখেমুখে উজ্জ্বলতা ছিল, ’ জুলিয়া বলছিলেন, ‘সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল। হাঁটার শক্তি হারিয়ে ফেলছিল। এত কিছুর পরও দিনভর ওর মুখে হাসি ছিল। আমি বারবার ওর দিকে তাকিয়েছি, ভেবেছি ও যদি লড়াই করতে পারে, আমিও পারব।’ জুলিয়া অবশেষে বোস্টনে ড. টিমোথি য়ুকে খুঁজে পেয়েছিলেন। তিনি একজন চিকিৎসাবিজ্ঞানী। একসঙ্গে তাঁরা মিলার চিকিৎসার জন্য একটা নতুন, বিশেষায়িত পদ্ধতি বের করেছেন।
মিলার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। একদিন নিশ্চয়ই আর কোনো শিশুকে এই রোগে ভুগতে হবে না। জুলিয়ার মতো মা আর মিলার মতো সন্তানদের জন্যই আমাদের এই প্রতিষ্ঠান। (সংক্ষেপিত)