সঠিক শ্যাম্পু সুন্দর চুল
শ্যাম্পুর বিজ্ঞাপনে ঝলমলে রেশমি চুল দেখে তেমন সুন্দর চুল পাওয়ার আশা মনে দোলা দেয় না, এমন মেয়ে খুঁজলেও মেলা ভার। অতএব বিজ্ঞাপনের মতো সুন্দর চুল পেতে ওই ‘অমুক’ শ্যাম্পুটিই হয়তো ব্যবহার করা চাই। তবে যেকোনো শ্যাম্পুই কি আপনার চুলের জন্য উপযুক্ত? বিউটি স্যালন ‘রেড’-এর কর্ণধার আফরোজা কামাল বলছেন, কখনোই তা নয়। সবার চুলের ধরন, গঠন ও মান এক নয়। তাই যার যার চুলের প্রকৃতি বুঝে ভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করতে হবে। চুল শুষ্ক, তৈলাক্ত ও মিশ্র—এই তিন প্রকারের কোনটি, তা নিজে বুঝে নিন আগে। তারপর সেই চুলের জন্য উপযোগী হবে এমন শ্যাম্পু বেছে নিন। শ্যাম্পু কেনার আগে প্রতিটির গায়ে লেখা উপাদান ও কার্যকারিতা পড়ুন, যাচাই করুন তা আপনার চুলের জন্য সঠিক কি না। একটি শ্যাম্পু ব্যবহার করে লক্ষ করুন আপনার চুলের ওপর সেটির প্রভাব কেমন ও ভালো কাজ দিচ্ছে কি না। এভাবে নিজেই বুঝতে পারবেন কী ধরনের শ্যাম্পু আপনার চুলের জন্য দরকার।সঠিক শ্যাম্পু বাছাই নিয়ে আফরোজা কামাল দিয়েছেন নানা পরামর্শ। শ্যাম্পু বাছাইয়ে আপনার চুলের ধরন ও চুলের সমস্যা—এ দুটি দিক বিবেচনা করুন। চুলের ধরন অনুযায়ীচুলের স্বাস্থ্য বজায় রাখতে ও আরও ভালো করতে কী ধরনের উপাদানসমৃদ্ধ শ্যাম্পু দরকার, তা বুঝে নেওয়া প্রয়োজন। আফরোজা জানান, প্রোটিনসমৃদ্ধ শ্যাম্পু যেমন— ‘এগ প্রোটিন’ শ্যাম্পু শুষ্ক চুলের জন্য ভালো। আমলাসমৃদ্ধ শ্যাম্পু ভালো শুষ্ক ও মিশ্র প্রকৃতির চুলের জন্য। আর তৈলাক্ত চুলের জন্য এমন শ্যাম্পু এড়িয়ে চলতে হবে, যেগুলো অতিরিক্ত পুষ্টি দেয়। যেমন—আমন্ড বাদামসমৃদ্ধ যেকোনো শ্যাম্পু, তেল, কন্ডিশনার এড়িয়ে চলুন। না হলে তৈলাক্ত চুলে ঝরঝরে ভাব আসবে না। রং করা চুলের জন্য বাজারে বিশেষ ধরনের শ্যাম্পু পাওয়া যায়। সেটা ব্যবহার করাই ভালো হবে। চুলে খাপ খেয়ে গেলে ভেষজ শ্যাম্পুগুলোও ব্যবহার করতে পারেন।চুলের সমস্যা অনুযায়ীখুশকি থাকলে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে হবে। তবে সেটাও আপনার চুলের প্রকৃতি বিবেচনা করেই। ক্ষতিগ্রস্ত চুলের জন্য বা চুল পড়া রোধে যেসব শ্যাম্পু পাওয়া যায়, তা ব্যবহার করলে লক্ষ করুন তা আপনার চুলে কার্যকরী হচ্ছে কি না।কন্ডিশনার কন্ডিশনার চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তাই চুল যে ধরনেরই হোক, কন্ডিশনার সবারই ব্যবহার করা উচিত। খুশকিযুক্ত ও তৈলাক্ত চুলের অধিকারীরা নিয়মিত কন্ডিশনার ব্যবহার না করলেও চলবে। তৈলাক্ত চুলের জন্য প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার না করে কয়েকবার বিরতি দিয়ে করতে পারেন বা আলাদা কন্ডিশনার ব্যবহার না করে কন্ডিশনারযুক্ত যেসব শ্যাম্পু আছে, তা লাগাতে পারেন। আজকাল বাজারে তেলসমৃদ্ধ শ্যাম্পুও পাওয়া যাচ্ছে, শুষ্ক চুলের জন্য সেসব শ্যাম্পু বেছে নিতে পারেন।শ্যাম্পু বদল দীর্ঘ সময় ধরে একই রকম শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। কারণ, একবার এক রকম পণ্যে চুল অভ্যস্ত হয়ে গেলে অনেক দিন পর তাতে আরও বেশি ভালো ফল পাওয়া যায় না এবং অন্য রকম পণ্য তখন চুলে খাপ খায় না। তাই প্রতি তিন বা ছয় মাস অন্তর শ্যাম্পু পাল্টান। স্রেফ ব্র্যান্ড বদল নয়, বরং উপাদান বুঝে শ্যাম্পু বদলাতে পারেন। যদি বদলানো শ্যাম্পুতে কোনো ভালো ফল না হয়, চুল পড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার বন্ধ করুন। চুলের হারানো স্বাস্থ্য ফিরিয়ে আনতে ঘরে বসেই করা যায় এমন কিছু যত্নের উপায় বাতলে দিলেন আফরোজা কামাল—তিলের তেল চুলপড়া রোধে খুব উপকারী। চুলপড়া কমাতে ও ক্ষতিগ্রস্ত চুলের যত্নে অয়েল ম্যাসাজ আর হট অয়েল ট্রিটমেন্ট করতে পারেন। সপ্তাহে অন্তত একদিন ঘরেই প্যাক বানিয়ে লাগাতে পারেন। যেকোনো প্যাক লাগানোর আগে তেল দিয়ে নেওয়া যাবে চুলে।রুক্ষ ও শুষ্ক চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করতে দুই রকম প্যাক ব্যবহার করা যায়। যেমন অর্ধেকটা পাকা পেঁপে ও ১ কাপ টক দই মিশিয়ে ২০ মিনিট চুলে লাগিয়ে শ্যাম্পু করে ফেলুন। আবার মিশ্র ফলের প্যাক তৈরির জন্য পেঁপে, কলা, আপেল, অ্যাভোকাডো একসঙ্গে মিশিয়ে নিন। এটি ২০ মিনিট চুলে রেখে ধুয়ে ফেলুন। চাইলে ২ চা-চামচ মধুও দিতে পারেন। অ্যাভোকাডো ফলটি শুষ্ক, ভগ্ন, রুক্ষ চুলের জন্য বিশেষভাবে উপকারী ও পুষ্টিদায়ক। সুপার শপগুলোয় অ্যাভোকাডো কিনতে পাওয়া যায়।তৈলাক্ত চুলের জন্য মিশ্র ফলের প্যাকে কলা, পেঁপে ও অ্যাভোকাডো বাদ দিতে হবে। বদলে গাজর দিতে পারেন বেশি করে।শ্যাম্পুর খুঁটিনাটি একেক শ্যাম্পুতে একেক ধরনের কাজের কথা লেখা থাকে। তাই মজবুত হওয়ার সঙ্গে সঙ্গে লম্বা, কালো, পেলব, উজ্জ্বল, চিকচিকে গুণগুলো চুলে পাওয়ার জন্য কয়েক রকম শ্যাম্পু একসঙ্গে লাগানো উচিত নয়। তাতে চুলের ওপর ফল হতে পারে উল্টো। চুলের অবস্থা ও স্বাস্থ্য ভালো থাকাটাই মূল কথা। রোজই সঠিক শ্যাম্পুটি দিয়ে চুল পরিষ্কার করুন, বিশেষ করে তৈলাক্ত চুলের জন্য। না পারলে দু-তিন দিন পর পর তো বটেই। ভলিউমাইজিং শ্যাম্পু বা কন্ডিশনারগুলো টানা দীর্ঘদিন ব্যবহারে চুল একসময় ক্ষয় হয়ে যেতে পারে। তাই অনিয়মিতভাবে বা কোনো বিশেষ উপলক্ষে ব্যবহার করুন। কিংবা টানা মাস তিনেক ব্যবহার করে ফেললে অন্তত তিন মাসের বিরতি দিন ব্যবহারে। শ্যাম্পু ও কন্ডিশনার পানিতে গুলে নেওয়া ভালো। কন্ডিশনার কখনো মাথার তালুতে লাগাবেন না। হেয়ার টনিক ও মেডিকেটেড বা ওষুধযুক্ত শ্যাম্পুগুলো ব্যবহারের আগে কোনো ভালো কেশবিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। শ্যাম্পু ও কন্ডিশনার দুটোই একই ব্র্যান্ডের হওয়া ভালো।