সড়ক এমন বেহাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক, না চষা জমি, বোঝার উপায় নেই। উত্তর আমিরাবাদ মজুমদারপাড়া সড়কের এমনই বেহাল দশা l প্রথম আলো
সড়ক, না চষা জমি, বোঝার উপায় নেই। উত্তর আমিরাবাদ মজুমদারপাড়া সড়কের এমনই বেহাল দশা l প্রথম আলো

সড়কের চারদিকে কাদায় ভরা। পা দিলেই গোড়ালি পর্যন্ত কাদায় ডুবে যাচ্ছে। গাড়ি তো দূরে, হেঁটে চলার অবস্থা নেই। এমনই বেহাল লোহাগাড়া উত্তর আমিরাবাদ মজুমদারপাড়া সড়কটির। অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। ভোগান্তি সয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, সড়কটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে আধা কিলোমিটার সড়ক জেলা পরিষদের পক্ষ থেকে ইট বিছানো হয়েছে। বাকি সড়ক এখনো কাঁচা। বৃষ্টি হলেই ওই অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
সরেজমিনে দেখা গেছে, কাদার কারণে কোথাও পা ফেলার অবস্থা নেই। এর মধ্যেও চলাচল করছে স্থানীয় বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও বাসিন্দারা। রিকশা ছাড়া অন্য কোনো বাহনও নেই। সড়কের বেহাল অবস্থার কারণে রিকশাভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি।
স্থানীয় বাসিন্দা সুবীর মজুমদার জানান, এ সড়ক দিয়ে মজুমদারপাড়া, ব্রাহ্মণপাড়া, ঘোনাপাড়া, মহুরীপাড়া, তালুকদারপাড়া, বণিকপাড়া, পালপাড়া, জেলেপাড়া, ছোট বারোধোনা ও বৈরাগীপাড়ার অর্ধলক্ষাধিক মানুষ যাতায়াত করে। বৃষ্টি হলে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিতে বিপাকে পড়তে হয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম বলেন, সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, সড়কটি সরেজমিন পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।