সড়ক দুর্ঘটনা বাড়ায় যাত্রী কল্যাণ সমিতির উদ্বেগ
গত ৮ মাসে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২৭০ জন নিহত ও এক হাজার ২১৯ জন আহত হয়েছে। এই সময় চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ৩০৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুূর্ঘটনা মনিটরিং সেল দেশের পত্র-পত্রিকার প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, এসব সড়ক দুর্ঘটনায় ৯৬ জন পথচারী, ৭৪ জন শিশু, ১১০ জন নারী, পাঁচজন চিকিৎসক, সাতজন শিক্ষক, ৩২ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মী, ৭৪ জন ছাত্র, ১০১ জন চালক ও পরিবহন শ্রমিক, ২৭ জন পুলিশ সদস্য, ১৫ জন সেনাবাহিনী ও বিজিবি সদস্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ, লোহাগাড়া, চকরিয়া ও পটিয়া অংশেও সড়ক দুর্ঘটনা বাড়ছে। সংস্থার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।