চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম (২৫) সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চুয়েটের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আটটি দাবি–সংবলিত একটি স্মারকলিপি প্রেসক্লাবে জমা দেন।
বিকেল চারটায় চুয়েটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে রাস্তার দুই পাশে অবস্থান নেন। এ সময় তাঁরা আট দফা দাবির কথা জানান। দাবিগুলো হচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে নিহত শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনার জন্য দোষী লেগুনা চালককে আটক, কাপ্তাই সড়কে লেগুনা নিষিদ্ধ ঘোষণা করা, নিউমার্কেট থেকে চুয়েট পর্যন্ত বাস সার্ভিস চালু করা, অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, রাস্তার মাথা থেকে চুয়েট পর্যন্ত স্পিডব্রেকার নির্মাণ করা, এই রুটে প্রতি পাঁচ কিলোমিটারে একটি করে ট্রাফিক চেকপোস্ট স্থাপন, রাস্তার সম্প্রসারণ ও সংস্কার করা এবং চুয়েট মেডিকেল সেন্টারের সামনে সার্বক্ষণিকভাবে দুটি অ্যাম্বুলেন্স রাখা ও ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার বন্ধ করা। এ সময় চুয়েটের পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শেষ বর্ষের রাতুল ইসলাম, সাজ্জাদ হোসেন, দাউদ ইব্রাহিম, সাজিয়া মুমতাহিনা, সৈয়দ ইমাম বাকের, তৃতীয় বর্ষের অটল ভৌমিক ও দ্বিতীয় বর্ষের রায়হান রোমান বক্তব্য দেন। তাঁরা অবিলম্বে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। সৈয়দ ইমাম বাকের প্রথম আলোকে বলেন, অনিবন্ধিত যে যানবাহন এক শিক্ষার্থীর অকালমৃত্যুর জন্য দায়ী, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এসব যানের জন্য যেন আর কোনো ভাইয়ের জীবন নষ্ট না হয়।
গত ২৯ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাটে লেগুনা উল্টে গিয়ে নিহত হন মো. মোহাইমিনুল ইসলাম। তাঁর বাড়ি জামালপুর জেলার সদর উপজেলায়। তিনি চুয়েটের শহীদ তারেক হুদা হলে থাকতেন।