সড়ক, নাকি চষা জমি
সড়কের মাঝখানে বিশাল গর্ত। তাতে কাদাপানিতে একাকার। দেখে মনে হতে পারে বীজ রোপণের জন্য চষা কোনো জমি। পাশের সরু অংশ দিয়ে কোনো রকমে চলাচল করছে লোকজন। এমনই করুণ হাল এখন ফটিকছড়ির সুয়াবিলের শোভনছড়ি গ্রামের একমাত্র সড়কটির।
স্থানীয় লোকজন জানান, প্রতিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন এলে জনপ্রতিনিধিরা আশ্বাস দেন কাঁচা সড়কটিতে ইট বিছানোর। কিন্তু নির্বাচনের পর আর কারও মনে থাকে না বিষয়টি। ফলে, কাঁচা রাস্তায় দুর্ভোগ পোহায় গ্রামবাসী।
সুয়াবিল ইউপি সূত্র জানায়, গ্রামটিতে দুটি প্রাথমিক বিদ্যালয় ও চারটি ফোরকানিয়া মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে এই সড়ক দিয়ে। এ ছাড়া নানা কাজে প্রতিদিন উপজেলা সদরসহ চট্টগ্রাম শহরে যাতায়াত করে হাজারো মানুষ। রয়েছে একটি বনবিট কার্যালয়ও।
শোভনছড়ি ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আনোয়ার বলেন, বিপদের সময় সড়কটি কাল হয়ে দাঁড়ায়। বর্ষায় কাদাপানিতে সড়কের এমন অবস্থা হয় যে গাড়ি তো দূরে, হাঁটাও দায় হয়ে পড়ে। তখন এলাকার কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে চরম ভোগান্তিতে পড়তে হয়। অথচ এসব দেখার কেউ নেই।
কলেজশিক্ষার্থী মো. সিরাজুল ইসলাম জানান, একমাত্র সড়কটি পাকা হলে এলাকার আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের পাশাপাশি কৃষকেরা স্থানীয়ভাবে উৎপাদিত সবজি সহজে বাজারজাত করতে পারতেন।
স্থানীয় সামাজিক সংগঠন শাপলা সংঘের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, কাঁচা সড়কটিতে দিন-রাত অবৈধ বালুর
গাড়ি চলাচল করায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলে
এসব গর্তে পানি জমে দুর্ভোগ বাড়ে।
সরেজমিনে দেখা গেছে, নয় কিলোমিটার সড়কের পুরোটাজুড়েই ছোট-বড় গর্ত। এর ওপর দিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। গর্তে পড়ে প্রায় সময় আটকে যাচ্ছে গাড়ি। তা ছাড়া ঝাঁকুনিতে প্রাণ ওষ্ঠাগত যাত্রীদের।
শোভনছড়ি বনবিট কার্যালয়ের বন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সড়কের বেহাল দশার কারণে গাছ পাচারকারীদের পাকড়াও করতে হিমশিম খেতে হয়। ফলে, বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। সুয়াবিল ইউপি চেয়্যারমান আবু তালেব চৌধুরী বলেন, ২০০৯ সালে সড়কটির আড়াই কিলোমিটার অংশে কার্পেটিং করতে ২৭ লাখ টাকা ব্যয় ধরে কার্যাদেশ দেওয়া হয় স্থানীয় এক ঠিকাদারকে। এতে ইটের খোয়া বিছানোর (ম্যাকাডাম) পর উপকরণের দাম বাড়ার অজুহাত দেখিয়ে ঠিকাদার কাজটি ফেলে চলে যান। এর পর থেকে কাজটি থমকে আছে।
উপজেলা প্রকৌশলী শচি দুলাল বিশ্বাস বলেন, ঠিকাদারকে যথারীতি জরিমানা গুনতে হলেও পরে কাজটি অর্থের অভাবে আর হয়নি। বরাদ্দ চেয়ে পুনরায় চিঠি পাঠানো হয়েছে।