সড়ক ভেঙে খালে বিলীন, কষ্টে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক ভেঙে যাওয়ায় কবাখালী খালে​র পাড় ধরে ঝুঁকি নিয়ে চলাচল করে দীঘিনালার তিন গ্রামের মানুষ l প্রথম আলো
সড়ক ভেঙে যাওয়ায় কবাখালী খালে​র পাড় ধরে ঝুঁকি নিয়ে চলাচল করে দীঘিনালার তিন গ্রামের মানুষ l প্রথম আলো

দীঘিনালার কবাখালী ইউনিয়নের উত্তর ও দক্ষিণ হাচিনসনপুর এবং দক্ষিণ মিলনপুর গ্রামের চলাচলের একমাত্র মাধ্যম হাচিনসনপুর সড়ক। সাম্প্রতিক সময়ের বন্যায় কবাখালী খালের পাড় ভেঙে বিলীন হয়ে গেছে সড়কটি। খালের পাড় ধরে কষ্টে চলাচল করছে তিন গ্রামের মানুষ। এতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। ইতিমধ্যে চলাচলের পাড়ের একটি অংশে সৃষ্ট হওয়া খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
জনপ্রতিনিধিরা জানান, খালের পাড় ভাঙা অব্যাহত থাকায় ঝুঁকির মুখে পড়েছে পাঁচ শতাধিক ঘরবাড়ি। ভাঙন থেকে সড়ক ও গ্রাম রক্ষার জন্য বারবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি। সম্প্রতি বন্যায় সড়কের যে অংশটুকু বাকি, তাও বিলীন হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, তিন গ্রামের মানুষ চলাচলে পথ এখন খালের পাড়। সেখানেও রয়েছে নানা বিপত্তি। কিছু স্থানে পাড় ভেঙে খাদের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বড় খাদ সৃষ্টি হয়েছে উত্তর হাচিনসনপুর গ্রামের উত্তর অংশে। ওই স্থানে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন।
উত্তর হাচিনসনপুর গ্রামের বাসিন্দা রোকসানা বেগম বলেন, ‘তিন মাস আগে আমার মেয়ে ছালেহা আক্তার (৭) সড়ক দিয়ে যাওয়ার পথে পা পিছলে খাদে পড়ে যায়। পরে লোকজনের সহযোগিতায় রশি ফেলে মেয়েকে উদ্ধার করি।’
একই গ্রামের মো. বাবুল মিয়া ও ওসমান মিয়া বলেন, খালের ভাঙনে তাঁদের বসতবাড়ি এখন ঝুঁকির মুখে। ঘরের পাশে চলে এসেছে খাল। আগে সড়কসহ ঘর থেকে খালের দূরত্ব ছিল প্রায় ১০০ গজ।
স্থানীয় ইউনিয়ন পিরষদের (ইউপি) সদস্য মো. আবুল কাশেম বলেন, সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। চার মাস আগে সড়কের উত্তর হাচিনসনপুরের উত্তর অংশে পা পিছলে খাদে পড়ে মোহাম্মদ হানিফের ছেলে রমজান আলী (৭) ও আট মাস আগে তোফাজ্জল হোসেন (৪০) নামে এক ব্যক্তি মারা যান। তিনি বলেন, ‘খালের ভাঙন রোধ করে ঘরবাড়ি ও সড়কটি রক্ষার জন্য আমি অনেকবার উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছি। কিন্তু কাজ হয়নি। সম্প্রতি বন্যায় খালের প্রবল স্রোতে সড়কের বাকি অংশটুকুও ভেঙে নিয়ে গেছে।’
এ প্রসঙ্গে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ বলেন, গ্রামগুলো সরেজমিনে দেখে খালের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।