
পিচঢালাই সড়কের অর্ধেক অংশ ভেঙে পড়েছে নদীতে। বাকি অংশও বিলীন হওয়ার অপেক্ষায়। এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যানবাহন। এ অবস্থা কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাঘগুজারা-বদরখালী সড়কের। সিকদারপাড়া হাইদ্দারদিয়া এলাকায় সড়কটির প্রায় আড়াই শ ফুটের মতো ভেঙে মাতামুহুরীতে বিলীন হয়ে গেছে।
স্থানীয় লোকজন বলেন, চকরিয়া পৌরশহর থেকে ছেড়ে আসা অটোরিকশা, ট্রাক, জিপ, টেম্পো ও রিকশা এ সড়ক দিয়ে কোনাখালীর বাংলাবাজার ও বদরখালী বাজারে যাতায়াত করে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, কোনাখালী ইউনিয়নের বাঘগুজারা সেতু থেকে বদরখালী বাজার পর্যন্ত মাতামুহুরী নদীর কূল ঘেঁষে চলে গেছে ১২ কিলোমিটারের সড়কটি। এতে যানবাহন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এর মধ্যে কোনাখালীর সিকদারপাড়া ও বাংলাবাজারের পশ্চিমে সড়কের অর্ধেক অংশ বিলীন হয়ে গেছে নদীতে। এসব স্থানে সড়ক সংকীর্ণ হয়ে পড়ায় গাড়ি চলাচল করছে এক পাশ দিয়ে।
কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা আবদুস শুক্কুর (৩২) বলেন, ‘মাতামুহুরী নদীর দুই পাড়ের বিভিন্ন অংশ দখল করে দোকানপাট ও মৎস্যঘের গড়ে ওঠায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পাহাড়ি ঢল ও জোয়ারের পানির ধাক্কা লাগছে সরাসরি সড়কের ওপর। এ কারণে সড়ক ভেঙে পড়ছে।’ ওই গ্রামের গৃহবধূ এলমুন্নাহার (৪৫) বলেন, ‘চোখের সামনেই সড়কটি ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। এ নিয়ে কারও মাথাব্যথা নেই।’
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চকরিয়া উপজেলা কার্যালয় সূত্র জানায়, বিএনপি ও আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০৪ ও ২০০৯ সালে দুই দফায় সড়কটিতে পিচঢালাইয়ের কাজ করা হয়। কিন্তু গত বছরের বন্যায় সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে ভাঙন বাড়তে থাকায় ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সড়কটি।
কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, ‘বাঘগুজারা-বদরখালী সড়কটি মূলত মাতামুহুরী নদীর বাঁধ। এ বাঁধটি বন্যা ও জোয়ারের পানি থেকে কোনাখালীবাসীকে রক্ষা করে। বর্তমানে সড়কটি নাজুক হয়ে পড়েছে। এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কয়েকবার সড়কটি দেখে গেছেন। তাঁরা কোনাখালীর জনপদকে রক্ষায় দ্রুত সড়কটি মেরামতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
এলজিইডির চকরিয়া উপজেলা প্রকৌশলী আমিন উল্লাহ বলেন, ‘বাঘগুজারা থেকে বদরখালী বাজার পর্যন্ত সড়কটি মেরামতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব আকারে একটি প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটি দ্রুত পাস হতে পারে।’
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ‘সড়কটির কিছু অংশ মাতামুহুরী নদীর পানির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সড়কের বাইরের অংশ জিও ব্যাগ দিয়ে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়ার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে এক কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগির মেরামতকাজ শুরু হবে।