সড়ক ভেঙে বিলীন হচ্ছে পুকুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়ার ইলিশিয়া বাজার এলাকায় চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের এক পাশ ভেঙে বিলীন হচ্ছে পাশের পুকুরে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
চকরিয়ার ইলিশিয়া বাজার এলাকায় চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের এক পাশ ভেঙে বিলীন হচ্ছে পাশের পুকুরে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজারের পূর্ব পাশে চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের এক পাশ ভেঙে বিলীন হচ্ছে পাশের পুকুরে। গত রোববার সকালে বৃষ্টি শুরুর পর সড়কে এ ভাঙন দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, এই সড়ক দিয়ে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। সড়ক ঘেঁষে পুকুরের লোহার বেড়া দেওয়া হয়েছে। পুকুরের অবস্থানও একেবারে সড়কের সঙ্গে। বৃষ্টির ফলে সড়কের এক পাশ ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয় লোকজন জানান, চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের দুই পাশে কয়েক হাজার একরের মৎস্য ঘের রয়েছে। এর মধ্যে ইলিশিয়া এলাকায় সড়কের দুই পাশে অন্তত ১০-১২টি পুকুর খনন করে মৎস্য চাষ করছেন কয়েকজন ব্যক্তি। তাঁরা সড়কের পাশের হাঁটার অংশটুকু নিজেদের ঘেরের ভেতর ঢুকিয়ে পুকুর খনন করে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। এতে চলাচলরত যানবাহনের চাপে সড়ক ভেঙে পড়ছে পুকুরে।
যাঁরা মৎস্য পুকুর করেছেন তাঁদের একজন চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের নুরুল ইসলাম। তাঁর পুকুরেই ধসে পড়ছে সড়ক। এ প্রসঙ্গে নুরুল ইসলাম জানান, সড়ক ভেঙেছে বৃষ্টির জন্য, তাঁর পুকুরের কারণে নয়।
হাবিবুর রহমান, মো. কলিম উল্লাহসহ কয়েকজন পরিবহন শ্রমিক জানান, সড়কের পাশ ভেঙে পুকুরে বিলীন হওয়ায় আতঙ্কের মধ্যে আছেন তাঁরা। গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাঁরা সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান।
জানতে চাইলে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয়া বড়ুয়া বলেন, সড়ক ধসে পড়ার জন্য কেউ দায়ী হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সড়ক বিভাগের কর্মকর্তাদের সরেজমিনে পাঠিয়ে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।