সড়ক সংস্কারে গরজ নেই
উন্নয়ন ও সম্প্রসারণ শেষে নগরের সিরাজউদ্দৌলা সড়কটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চার বছর আগেই সিটি করপোরেশনকে হস্তান্তর করেছে। কিন্তু আজ পর্যন্ত এই সড়কের কার্পেটিং করেনি সিটি করপোরেশন। সড়কের বিভিন্ন জায়গায় গর্ত ভরাট করেই দায় সারছে প্রতিষ্ঠানটি।
কেবল সিরাজউদ্দৌলা সড়কের ক্ষেত্রে নয়, নগরের বেশির ভাগ সড়কের রক্ষণাবেক্ষণ ও কার্পেটিংয়ের ক্ষেত্রে সিটি করপোরেশনের এই উদাসীনতা দুর্ভোগ বাড়িয়েছে নগরবাসীর। নিয়মিত কার্পেটিং হয় না বলে নগরের বেশির ভাগ সড়কের দশা এখন বেহাল। খানাখন্দের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একসময় মসৃণ সড়কের জন্য পরিচিত চট্টগ্রামের সেই খ্যাতি এখন অতীত।
নগর ঘুরে দেখা গেছে, অনেক সড়কে ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশন কেবল ফাটল অংশ ভরাট করলেও নতুন করে কার্পেটিং করছে না। নগরের বৌদ্ধ মন্দির সড়কের একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন এসব গর্তের আকার বাড়লেও ভ্রুক্ষেপ নেই সিটি করপোরেশনের। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের সময় সংস্কার করা নগরের জাকির হোসেন সড়কটিও কয়েকটি স্থানে দেবে গেছে।
এ প্রসঙ্গে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘সিডিএর উন্নয়ন কাজের কারণে আমরা অনেকগুলো রাস্তার কাজে হাত দিতে পারছি না। আগামী চার-পাঁচ মাসের মধ্যে সিডিএ সড়কগুলো আমাদের বুঝিয়ে দিলে কার্পেটিংয়ের কাজে হাত দেব। এ জন্য চলতি অর্থবছরে আমরা ৭০ কোটি টাকা বরাদ্দ রেখেছি।’
মেয়র মোহাম্মদ মন্জুর আলম আরও বলেন, ‘নগরের সড়কগুলো ভারী যান চলাচলের উপযোগী নয়। তাই জাপানের আর্থিক সংস্থা জাইকা ভারী যানচলাচলের উপযোগী রাস্তা তৈরি করে দিতে ৯০০ কোটি টাকা দেবে। এ ব্যাপারে ওই সংস্থার সঙ্গে আমার কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’
মেয়র মোহাম্মদ মন্জুর আলমের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘আগামী মাসে নগরে সিডিএ পরিচালিত সব সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে। এরপর ঠিকাদারদের এক বছর সময় দেওয়া হবে প্রকল্পের ত্রুটি সারানোর জন্য। এরপর আমরা সিটি করপোরেশনের কাছে সড়কগুলো হস্তান্তর করব।’
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে প্রায় ৫০০ কিলোমিটার পিচঢালা সড়ক, ১০০ কিলোমিটার কংক্রিটের এবং আরও ১০০ কিলোমিটার ইট বিছানো রাস্তা রয়েছে। বড় রাস্তাগুলো প্রতিবছর কার্পেটিং হতো। তবে মন্জুর আলম দায়িত্ব নেওয়ার সড়ক নিয়মিত কার্পেটিং হচ্ছে না।
নগরে সড়কগুলোর বেহাল অবস্থার কথা স্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম বলেন, অপ্রতুল অর্থ বরাদ্দ ও প্রশাসনিক জটিলতার কারণে রাস্তা নিয়মিত কার্পেটিং হচ্ছে না। এ ছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারের স্বচ্ছতা ও জবাবদিহিতারও অভাব রয়েছে। যেমন একটি রাস্তার জন্য দরপত্র আহ্বান হলো। সংশ্লিষ্ট ঠিকাদার কাজটি আরেক ঠিকাদারের কাছে বিক্রি করে দেন। এতে কাজটি একাধিক হাতবদলের কারণে কার্পেটিং কাজ পিছিয়ে যায়। আবার যে কাজটি করা হয় তার গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। চলতি বছর ওয়াসার খোঁড়াখুঁড়িতে ভেঙে যাওয়া ইস্পাহানি মোড় থেকে কাজির দেউড়ি মোড় পর্যন্ত সড়কটি কার্পেটিং করা হয়। তবে অক্সিজেন-বায়েজিদ সড়ক, চকবাজার-প্রবর্তক সড়কেও ওয়াসার খোঁড়াখুঁড়ি চলছে। এ ছাড়া কদমতলী, দেওয়ানহাট ও বহদ্দারহাট এলাকায় সিডিএর নানা উন্নয়ন প্রকল্পের কারণেও সড়ক ভেঙেছে।
বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জহিরউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘পোর্ট কানেকটিং সড়ক ও হালিশহরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। গাড়ি নিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগে পড়তে হয়। মেয়র কিংবা প্রকৌশলী রাস্তাগুলো ঘুরে দেখেন কি না আমার সন্দেহ। এই এলাকার বাসিন্দারা চরম ভুক্তভোগী।’