সড়কজুড়ে গর্ত, সংস্কার নেই দীর্ঘদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানাখন্দে ভরা ছমদিয়াপুকুর-ঠাকুরদিঘি সড়কে গাড়ি চলে হেলেদুলে। ছবিটি ৯ মে তোলা l প্রথম আলো
খানাখন্দে ভরা ছমদিয়াপুকুর-ঠাকুরদিঘি সড়কে গাড়ি চলে হেলেদুলে। ছবিটি ৯ মে তোলা l প্রথম আলো

সাতকানিয়া উপজেলার ছমদিয়াপুকুর-ঠাকুরদিঘি সড়কটি সংস্কার করা হয়েছিল প্রায় এক যুগ আগে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তিন কিলোমিটারের সড়কটি এখন ভরে গেছে অসংখ্য গর্তে। ফলে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় লোকজন।
৯ মে সরেজমিনে দেখা গেছে, সড়কের স্থানে স্থানে পিচ ঢালাই উঠে গেছে। গাড়ি চলাচল করার সময় চারদিকে ধুলাবালু উড়ছে সমানে। লোকজন নাকে কাপড় গুঁজে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে সদর ও ছদাহা ইউনিয়নের হাজারো বাসিন্দা প্রতিদিন আসা-যাওয়া করে। চলাচল করে রিকশা, অটোরিকশা, জিপ ও ট্রাক। সড়কের পাশের অধিকাংশ বাসিন্দাই কৃষক। সড়ক ভাঙা থাকায় তাঁদের উৎপাদিত পণ্য পাশের হাটবাজারে নিয়ে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় করইয়ানগর গ্রামের বাসিন্দা মফিজ উদ্দীন (৪০) বলেন, আট-দশ বছর ধরে সড়কটির এমন বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।
সড়কটি দিয়ে নিয়মিত চলাচল করেন সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান। তিনি বলেন, সড়কটি অনেক দিন আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ি চলার সময় ধুলাবালুর অত্যাচার সয়ে চলাচল করতে হচ্ছে। সড়কটি সংস্কারের ব্যবস্থা করা না হলে আগামী বর্ষা মৌসুমে সড়ক দিয়ে হেঁটে চলাচল করাও সম্ভব হবে না।
সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আরমান (৩৪) ও জসিম উদ্দিন (৩৬) জানান, সড়কটি দিয়ে গাড়ি চালাতে গেলে প্রায় সময়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। ধুলাবালুর কারণে যাত্রীরা বিরক্তিবোধ করেন। খানাখন্দে পড়ে অনেক সময় গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা দরকার।
সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সড়কটি সংস্কার করা হয়েছিল প্রায় এক যুগেরও বেশি সময় আগে। এরপর আর হাত পড়েনি। সড়কটি দিয়ে দুটি ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ চলাচল করে। তারপরও সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ছদাহা ইউপির চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী বলেন, সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিনের কাছে আবেদন করা হয়েছে। তিনি সড়কটি সংস্কারের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় লোকজনকে কষ্ট সহ্য করে চলাচল করতে হচ্ছে। স্থানীয় সাংসদ সড়ক সংস্কারের ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রকল্প তৈরির জন্য বলেছেন। তাই অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। আশা করছি কিছু দিনের মধ্যে সংস্কারকাজ শুরু হবে।