
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের দেড় কিলোমিটারে যানজটে নাকাল হচ্ছে যাত্রীরা। যানজটের কারণে দূরপাল্লার বাস চিরিঙ্গার মাতামুহুরী সেতু থেকে শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল পর্যন্ত দেড় কিলোমিটার পথ পাড়ি দিতে আধা ঘণ্টার বেশি সময় লাগছে। অথচ এটি ১০ মিনিটের পথ।
স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানান, যানজটের মূল কারণ মহাসড়কের ওপর বাস কাউন্টার, গাড়ি পার্কিং ও ফুটপাতে ভাসমান হকার। যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ কয়েক মাস পরপর অভিযান চালিয়ে ভাসমান দোকান ও অস্থায়ী গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ করলেও কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে আসে। ফলে পৌর শহরে যানজট স্থায়ী রূপ নিয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল আলম বলেন, ‘কতবার অভিযান চালানো যায়? মানুষ যদি নিজেরা সচেতন না হন, তাহলে কাজ করা দুরূহ হয়ে পড়ে। এরপরও শিগগিরই গাড়ির কাউন্টার ও ভাসমান হকার উচ্ছেদে অভিযান চালানো হবে।’
সরেজমিনে দেখা যায়, চিরিঙ্গা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অর্ধেক জুড়েই পার্ক করে রাখা হয়েছে বিভিন্ন যানবাহন। এর মধ্যে বেশির ভাগ গাড়ি যাত্রী ওঠানো-নামানোয় ব্যস্ত। কোনো কোনোটি যাত্রী তুলতে দাঁড়িয়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। সড়কের ওপরই রয়েছে অভ্যন্তরীণ রুটের পাঁচটি কাউন্টার। এগুলো হলো পেকুয়া-মগনামা-বারবাকিয়া-বাঘগুজারা, কাকারা-মানিকপুর, কৈয়ারবিল, ফাঁসিয়াখালী-ডুলাহাজারা-খুটাখালী ও সাহারবিল-বদরখালী। এসব সড়কে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশা, টমটম, মাহিন্দ্রা ও মাইক্রোবাস সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। এ ছাড়া ফুটপাতে দুই শতাধিক ভাসমান দোকান রয়েছে। এসব কারণে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ রুটের যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন আটকে পড়ছে।
হানিফ পরিবহনের চালক নবাব মিয়া বলেন, মহাসড়কের চিরিঙ্গা স্টেশন এলাকায় লোকাল বাস ও মাইক্রোবাস যাত্রী ওঠানামা করার কারণে যানজট সৃষ্টি হয়। এর ফলে মাতামুহুরী সেতু এলাকা থেকে বাস টার্মিনাল পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক পাড়ি দিতে ২০ থেকে ৪০ মিনিট সময় লাগে।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মাহাবুবুর রহমান। তিনি বলেন, ‘আমি সপ্তাহে পাঁচ দিন সাতকানিয়া থেকে কক্সবাজার আসা-যাওয়া করি। এমন কোনো দিন নেই চকরিয়া এলাকায় যানজটে পড়িনি। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়।’ ভাসমান হকার মো. সেলিম বলেন, ‘আমরা গরিব মানুষ। দোকান নিয়ে ব্যবসা করতে পারি না। এ কারণে ফুটপাতে বসে গেছি।’ তিনি বলেন, ‘সরকার যদি এখান থেকে আমাদের উচ্ছেদ করে, তাহলে না খেয়ে মরতে হবে।’
অটোরিকশাচালক হুমায়ুন কবির বলেন, ‘চকরিয়া পৌর শহরে সহজেই যাত্রী পাওয়া যায় বলে সড়কের ওপর পার্কিং করি। প্রশাসন কঠোর হলে বাস টার্মিনালে চলে যাব।’ এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, পৌর শহরকে যানজটমুক্ত রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে আন্তরিক না হলে পুলিশের একার পক্ষে যানজটমুক্ত করা সম্ভব নয়।
চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোরশেদ বলেন, ‘গত ১৪ জুন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ভাসমান হকার ও গাড়ির কাউন্টার উচ্ছেদে সিদ্ধান্ত হয়েছিল। এরপর চারবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। তারপরও হকাররা আবার বসে যায়। উপজেলা প্রশাসন আবার যদি অভিযান চালায়, তাহলে পৌরসভার পক্ষ থেকে জনবলসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে।’