সড়কে খোয়া ফেলে আড়াই বছর পার

আড়াই বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে ফটিকছড়ির বৃন্দাবনহাট-কাঞ্চননগর সড়ক। পাকা করার কথা থাকলেও ঠিকাদার কেবল খোয়া বিছিয়েই কাজ শেষ করেন। পিচঢালাই না হওয়ায় স্থানে স্থানে খোয়া উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি।
ফটিকছড়ির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে ২ দশমিক ৮২ কিলোমিটার দীর্ঘ বৃন্দাবনহাট-কাঞ্চননগর সড়ক পাকাকরণের দরপত্র আহ্বান করা হয়। প্রায় ১ কোটি ১৯ লাখ টাকার কাজটি পায় মেসার্স চৌধুরী কনস্ট্রাকশন। সংশ্লিষ্ট ঠিকাদার ২০১১ সালের ২৫ জানুয়ারি কার্যাদেশ পেয়ে ওই সড়কের চৌমুহনী এলাকা থেকে কাজ শুরু করেন। ইটের খোয়া আর বালু ফেলে সেগুলো রোলার দিয়ে শক্ত করার পর তহবিল সংকটের অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে দেন। ২০১২ সালের ২ ফেব্রুয়ারি কার্যাদেশের মেয়াদ শেষ হয়। তবে এরপরও আরও ছয়মাস কাজ চলে। কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ার পর এলজিইডির পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও ঠিকাদার কাজ শেষ করেননি।
সম্প্রতি ওই সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের বিভিন্ন জায়গায় ইটের খোয়া উঠে যাচ্ছে। সড়কে হেলে দুলে চলছে দুয়েকটি রিকশা ও অটোরিকশা। কথা হয় পথচারী মো. মঞ্জুর মোর্শেদের সঙ্গে। তিনি জানান, এ সড়ক দিয়ে উপজেলার রাঙ্গামাটিয়া, কাঞ্চননগর ও পাইন্দং ইউনিয়নের মানুষ উপজেলা সদরে আসা-যাওয়া করেন। আগে মাটির সড়কে মানুষজন কষ্ট করে হলেও যাতায়াত করতে পারত। কিন্তু খোয়া ফেলে রাখার পর ওই সড়ক দিয়ে আর চলাচল করা যাচ্ছে না। সড়কটি যানবাহনের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বর্ষায় এই সড়কে চলাচল কঠিন হয়ে পড়ে বলে জানালেন আশপাশের এলাকার বাসিন্দারা। সড়কটি বেহাল হয়ে পড়ায় পণ্য পরিবহণেও বিঘ্ন ঘটছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা সোচ্চার হলেও গত আড়াই বছরে সড়কের কাজ শুরু হয়নি। কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রশিদ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তিনি উপজেলার সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে একাধিকবার জানিয়েছেন। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না।
এদিকে সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি তহবিল সংকট ও নির্মাণ সামগ্রীর দাম বাড়ার কারণেই সড়কের কাজ শেষ করা যায়নি। ঠিকাদার আবুল বশর বলেন, ‘সড়কের ৫০ শতাংশ কাজ করার পর তহবিলের অভাব দেখা দেয়। পাশাপাশি উপকরণের দামও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ কারণে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। এতে অন্তত ১০ লাখ টাকা জরিমানাও গুনেছি।’
তবে পুনরায় দরপত্র আহ্বান করে সড়কেরা কাজ শেষ করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস। তিনি বলেন, ‘তহবিল সংকটের কারণ দেখিয়ে ঠিকাদার কাজ করেননি। তাঁকে জরিমানা করা হয়েছে। তবে অচিরেই এ সমস্যা কেটে যাবে। এক মাসের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে সড়কের কাজ আবার শুরু করা হবে।’