সড়কে গর্ত, চলাচলে দুর্ভোগ

সড়কজুড়ে ছোট–বড় অসংখ্য গর্ত। কিছু স্থানে সড়কের চিহ্নই নেই। গাড়ি চলছে হেলেদুলে। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। আনোয়ারার শাহ মোহছেন আউলিয়া সড়কটির এখন এমনই নাজুক অবস্থা। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষকে।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বটতলী রুস্তমহাট থেকে জঁুইদণ্ডী পর্যন্ত সাত কিলোমিটারের এ সড়ক দিয়ে জঁুইদণ্ডী, বটতলী ও বরুমচড়া ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে। সরেজমিনে দেখা যায়, সড়কের আইরমঙ্গল, খুরুস্কুল, গোদারগোড়া ও চৌমুহনী এলাকায় পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তা ছাড়া লামারবাজার এলাকার অংশটি শঙ্খের ভাঙনে পড়ে বিলীন হয়ে গেছে দুই মাস আগে। ফলে যাত্রীদের ওই অংশ হেঁটে পার হতে হচ্ছে।
জুঁইদণ্ডীর স্বাস্থ্যকর্মী এস এম ইকবাল বলেন, ‘আমাদের চলাচলের একমাত্র সড়কটি এখন ভাঙা। এটি এখনই মেরামত করা না গেলে এলাকাবাসীর যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে।’
জঁুইদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, ‘শাহ মোহছেন আউলিয়া সড়কটির কারণে আমরা তিন ইউনিয়নের মানুষ কষ্ট পাচ্ছি। জানি না, এ কষ্ট কখন শেষ হবে।’
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, চট্টগ্রামে সওজ বিভাগের আওতাধীন বিভিন্ন সড়ক মেরামতের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ওই তালিকায় শাহ মোহছেন আউলিয়া সড়কটিও আছে। এ ছাড়া সড়কের লামার বাজার এলাকায় শঙ্খে বিলীন হওয়া অংশে জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে সড়ক সংস্কার করে আপাতত ইট বিছানো হবে। সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন হলেই কাজে হাত দেওয়া হবে।