সড়কে বাঁশের সাঁকো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের শুরুতে সংযোগ সেতু ধসে পড়ে আছে ২০ দিন। তার ওপর বাঁশের সাঁকো বানিয়ে কোনো রকমে যোগাযোগ রক্ষার চেষ্টা স্থানীয় লোকজনের। ভোগান্তির এখানেই শেষ নয়, কিছু দূর এগোলেই খানাখন্দে ভরপুর সড়ক। কোথাও কোথাও কার্পেটিং উঠে গিয়ে সড়কের চিহ্নই উধাও। আর ছোট-বড় গর্তে পড়ে অটোরিকশা বিকল হওয়ার ঘটনা তো নিত্যদিনের ব্যাপার।
এই করুণ হাল বোয়ালখালী উপজেলার কালুরঘাট-ভান্ডালজুড়ি সড়কের। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নিয়ন্ত্রণাধীন ১৫ কিলোমিটারের এ সড়কের বেহাল দশার কারণে ভোগান্তি পোহাচ্ছে কধুরখীল, চরণদ্বীপ ও শ্রীপুর ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। এ সড়কে যোগাযোগের মূল মাধ্যম হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা। প্রতিদিন শতাধিক অটোরিকশা চলাচল করে। এ ছাড়া রিকশার মাধ্যমেও চলাচল করে লোকজন।
স্থানীয় লোকজন জানান, ঈদের দুই দিন পর (১১ আগস্ট) হঠাৎ করে ধসে সংযোগ সেতু। এমনিতে সড়ক ভাঙাচোরা হওয়ার কারণে ভোগান্তির শেষ নেই। তার ওপর এখন মরার ওপর খাড়ার ঘা হয়ে আছে ধসে পড়া সেতুটি। ফলে কষ্ট আরও বাড়ল।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সড়কজুড়ে রয়েছে খানাখন্দ। তবে সবচেয়ে বেশি দুরবস্থা বিরাজ করছে সড়কের প্রথম সাত কিলোমিটার অংশে। এ অংশের কধুরখীল, পূর্ব চরণদ্বীপ, চৌধুরীহাট, ভরা পুকুর পাড় ও জামতলা এলাকায় কার্পেটিং উঠে গেছে। পূর্ব চরণদ্বীপের বাসিন্দা হোসাইন কামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছি আমরা। এমনকি সম্প্রতি এ দাবিতে গ্রামবাসী মানববন্ধনও করেছে। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না।’ সিএনজিচালিত অটোরিকশা করে কালুরঘাট থেকে চৌধুরীহাটে যাচ্ছিলেন নজরুল ইসলাম। রাস্তার দুরবস্থায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমপি-চেয়ারম্যান ও নেতা সবই আছে। শুধু রাস্তা সংস্কারের জন্য কেউ নেই। এক বছর ধরে রাস্তার বেহাল দশা বিরাজ করলেও কারও নজর নেই।’
এলজিইডি সূত্র জানায়, প্রায় তিন বছর আগে এ রাস্তা সর্বশেষ সংস্কার করা হয়। এ সময় পুরো সড়ক কার্পেটিং করা হয়েছিল। এরপর সড়কের আর কোনো সংস্কার করা হয়নি।
রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী সুজিত চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধান কার্যালয়ে এ সড়ক সংস্কারের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে প্রকল্প গ্রহণ করা হবে। আশা করি, শুকনো মৌসুমে সংস্কারকাজ শুরু করতে পারব। তবে সড়কের সংযোগ সেতুর নির্মাণকাজ শিগগির শুরু হবে। এ জন্য জরিপ করা হয়েছে। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এই এলাকা পরিদর্শন করেছেন।’ এদিকে সংযোগ সেতু না থাকায় অটোরিকশাগুলোকে কালুরঘাটের নিচের বালুর টাল সড়ক হয়ে ঘুরে যেতে হয়। তবে কর্ণফুলী নদীতে পূর্ণিমার জোয়ারের কারণে মাঝখানে কিছুদিন এ পথ বন্ধ ছিল বলে জানান অটোরিকশার চালকেরা। এ সময় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অটোরিকশার চালকেরা জানান, তাঁরা জনপ্রতি ১০০ টাকা দিয়ে বিকল্প সড়কটি মেরামত করেছেন।