সড়কের এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্পেটিং উঠে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে আনোয়ারার বরুমচড়া-সরকারহাট সড়ক  প্রথম আলো
কার্পেটিং উঠে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে আনোয়ারার বরুমচড়া-সরকারহাট সড়ক প্রথম আলো

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের প্রধান তিনটি সড়কের পিচ ঢালাই (কার্পেটিং) উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ইউনিয়নের কয়েক হাজার মানুষ খানাখন্দে ভরা সড়কগুলো দিয়ে আনোয়ারা সদর ও চট্টগ্রামে যাতায়াত করতে গিয়ে নিত্য দুর্ভোগ পোহাচ্ছেন। ঘটছে যানবাহন বিকল হওয়ার ঘটনাও।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে থাকা বেহাল এই তিনটি সড়ক হলো চার কিলোমিটার দীর্ঘ বরুমচড়া-সরকারহাট সড়ক, ছয় কিলোমিটার দীর্ঘ তাজমুল আলী সড়ক ও সাত কিলোমিটার দীর্ঘ বরুমচড়া-কানুমাঝিরহাট সড়ক।
বরুমচড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর ধরে সড়কগুলোর সংস্কার না হওয়ায় দিনদিনই বাড়ছে খানাখন্দের পরিমাণ। বৃষ্টি হলে পানি ও কাদায় নাকাল হতে হয় পথচারীদের।
এলাকাবাসী জানান, এই সড়কগুলোর আশপাশে আনোয়ারা ডিগ্রি কলেজ, বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চবিদ্যালয়, বারখাইন জামেয়া মাদ্রাসা ও তৈলার দ্বীপ উচ্চবিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত। বরুমচড়ার শিক্ষার্থীরা প্রতিদিন ভাঙা সড়ক দিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের পূর্বদিকের বরুমচড়া-সরকারহাট সড়কের ‘কমিউনিটি সেন্টার’ অংশের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কের গুয়ামাঝির বাড়ির সামনের অংশ পানিতে ডুবে আছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ইউনিয়নের মানুষজন আনোয়ারা ও শহরে যাতায়াত করেন। একইভাবে তজমুল আলী সড়ক ও কানুমাঝিরহাট-রুস্তহাট সড়কও দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, শুধু বড় এ তিনটি সড়কই নয়, ইউনিয়নের ভেতরের আমির আলী মুনসি সড়ক, ছমদিয়া-নলদিয়া সড়ক, ভরাচর বেড়িবাঁধ সড়কও চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এলাকাবাসীর কষ্টের শেষ নেই। বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিংকু পালিত বলেন, সড়কের দশা বেহাল হওয়ায় বিদ্যালয়ে আসতে শিক্ষার্থীদের দেরি হয়ে যায়।
বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, ইউনিয়নের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনসাধারণের কষ্টের শেষ নেই। পরিষদ থেকে ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়ন করা হলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বড় সড়কগুলোতে কাজ করার মতো বরাদ্দ পরিষদ পায় না। তবে সড়কগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে, আশা করছি শিগগির সড়কগুলোর সংস্কারকাজ শুরু হবে।
আনোয়ারা উপজেলা প্রকৌশলী শিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বরুমচড়ার সড়কগুলো আমরা পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছি। আর তিনটি সড়কের জন্য এক কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। আশা করছি, দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলে বর্ষা শেষে সড়কগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা যাবে।’