সড়কের মাটি বিক্রি করে দিচ্ছে ওয়াসা!
কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পাইপলাইন স্থাপনের জন্য কাপ্তাই সড়ক খুঁড়ে তোলা মাটি ওয়াসার কিছু কর্মকর্তা-কর্মচারী বিক্রি করে দিচ্ছেন। অথচ শর্তানুযায়ী এ মাটি দিয়ে সড়কের কিনারা ভরাট করার কথা। কিন্তু তা না করে সড়কের আশপাশের দোকান নির্মাণে জায়গা ভরাটের জন্য এ মাটি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম ওয়াসা গত ছয় মাস ধরে কাপ্তাই সড়কে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ করছে।সরেজমিনে দেখা যায়, সড়কের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট, মদুনাঘাট, রাউজান উপজেলার নোয়াপাড়া, গশ্চি নয়াহাট, পাহাড়তলী ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের তালুকদারপাড়া বিল এলাকাসহ আরও কয়েকটি স্থানে সড়কের পাশের জায়গা ভরাট করা হয়েছে এসব মাটি দিয়ে। হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের পাশে সওজের ৬০ শতক জমি ভরাট করেন হাফেজুর রহমান (৫৬) নামের এক ব্যক্তি। তিনি বলেন, এক লাখ ৭০ হাজার টাকায় ওয়াসা এ জমি ভরাট করে দিয়েছে। যা অন্যভাবে করতে তার চার লাখ টাকারও বেশি খরচ হতো। রাউজান উপজেলার পাহাড়তলী এলাকার মো. ইব্রাহিম ও গশ্চিনয়া হাট এলাকার রতন দাশও টাকা দিয়ে জায়গা ভরাটের কথা স্বীকার করেন।ওয়াসা সূত্র জানায়, কাপ্তাই সড়কের অক্সিজেন রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন ঘাট পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার পাইপলাইন স্থাপন কাজ চলছে। দুইতৃতীয়াংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রায় ছয় ফুট প্রশস্ত ও আট ফুট গভীর করে মাটি খুঁড়ে সড়কে পাইপলাইন বসানো হচ্ছে। সওজ বিভাগের রাঙ্গুনিয়া কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান বলেন, পাইপলাইন বসানো ফলে মাটি সরে সড়কের দুই পাশের কিনারা আলগা হয়ে আছে। কাজের চুক্তিতে সড়ক খুঁড়ে তোলা মাটি দিয়ে কিনারা ভরাটের শর্ত থাকলেও তা করা হচ্ছে না। বরং ওয়াসা মাটি বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে সওজের জায়গা দখল করে দোকান নির্মাণের সুযোগ পাচ্ছে দখলদারেরা। সওজ বিভাগের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, পাইপলাইন স্থাপন কাজের শর্ত লঙ্ঘন করে সড়কটির প্রচুর ক্ষতি করেছে ওয়াসা। মাটি বিক্রির বিষয়টিও জেনেছি।এ ব্যাপারে ওয়াসাকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ওয়াসা এখনো কোনো উত্তর দেয়নি।জানতে চাইলে ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল করিম বলেন, ‘মাটি দিয়ে সড়কের কিনারাই ভরাট করা হচ্ছে। কয়েকজনের অনুরোধে সড়কের পাশে সওজের জায়গা ভরাট করে দেওয়া হয়েছে। কিন্তু এর বিনিময়ে কোনো টাকা নেওয়া হয়নি। কেউ টাকা নিয়ে থাকলে সেটা আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সওজ বিভাগের কোনো চিঠি পাইনি।’