সততার দৃষ্টান্ত রাখা শিশু আলম সংবর্ধিত
বাজারে কুড়িয়ে পাওয়া ৩ লাখ ১০ হাজার টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত রেখেছিল পটিয়ার পৌর সদরের মুন্সেফবাজারের একটি দোকানের ১০ বছর বয়সী কর্মচারী মোহাম্মদ আলম। ১১ জানুয়ারি সন্ধ্যায় পটিয়া প্রেসক্লাব ও মার্কেন্টাইল ব্যাংকের স্থানীয় শাখার উদ্যোগে শিশু আলমকে সংবর্ধনা দেওয়া হয়। তার হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, কম্বল ও পোশাক।
সংবর্ধনা অনুষ্ঠানে বাবা সামশুদ্দিনের সঙ্গে উপস্থিত হয়েছিল আলম। তার বাবা জানান, পরিবারকে সহায়তার জন্য এ বয়সে কাজ করতে হচ্ছে তাকে। তবে কাজের পাশাপাশি সে লেখাপড়াও চালিয়ে যাচ্ছে। পটিয়ার মুন্সেফবাজারে শিশু শ্রমিকদের বিদ্যালয় ‘ঝরে পড়াদের নিকেতনে’ িদ্বতীয় শ্রেণিতে পড়ছে সে।
পটিয়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শিশু আলমের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম। বক্তব্য দেন পটিয়ার সহকারী পাবলিক প্রসিকিউটর বদিউল আলম, পটিয়া দোকান মালিক সমিতির সভাপতি এম এ ইউছুফ, মাওলানা শামুনুর রশিদ আমিরী, পটিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, পটিয়া সাংবাদিক সমিতির সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর ও পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম।
‘ঝরে পড়াদের নিকেতন’–এর প্রতিষ্ঠাতা ও পটিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম বলেন, ‘শিশু শ্রমিকদের বিদ্যালয়ে আলম দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। আমরা আলমকে চাকরি থেকে ছাড়িয়ে তার শিক্ষার দায়িত্ব নিতে চেয়েছিলাম। কিন্তু তার বাবা শামসুদ্দিন অসুস্থ হয়ে ঘরে বসে আছেন। তাই তাকে চাকরি করতে হচ্ছে। তারা যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে আমাদের সে চেষ্টা থাকবে।’
উল্লেখ্য, ৯ জানুয়ারি শিশু আলম বাড়ি ফেরার পথে টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে তার দোকানের মালিককে জানায়। পরে স্থানীয় ব্যবসায়ী সমিতির সহযোগিতায় টাকার মালিক মোহাম্মদ খোরশেদকে ব্যাগটি ফেরত দেওয়া হয়। আলমের বাবা পটিয়ার ইন্দ্রপুল এলাকায় একটি লবণের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বিষয়টি নিয়ে ১১ জানুয়ারি প্রথম আলোয় ‘শিশু আলমের সততা’ শিরোনামে একটি সংবাদও প্রকাশিত হয়।