সতর্ক সংকেত
এ যেন সার্কাসের কসরত। শিশুটি প্রায় শূন্যে ঝুলছে। মা সর্বশক্তি দিয়ে ছেলেকে একরকম ছুড়ে দিচ্ছেন বাসের দরজার দিকে। আর ওপাশ থেকে ক্রিকেট মাঠের ফিল্ডারদের মতো হাত বাড়িয়ে তৈরি হয়ে আছেন দুজন। ‘ক্যাচ’ লুফে নেওয়ার অপেক্ষায়। জীবন পণ করে বাসে ওঠার এই লড়াই আমাদের কাছে খুব অচেনা ঠেকার কথা নয়। ‘অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে’র পর মা-ছেলে কি শেষতক বাসে ওঠার লড়াইয়ে বিজয়ী হতে পেরেছিলেন? সে উত্তর অবশ্য ছবিটাতে নেই। আপাত কৌতুককর ছবিটা দেখার পর এক ধরনের উৎকণ্ঠা মনে ভর করে।মা-ছেলের বাসে ওঠার এই প্রাণপণ লড়াই আমাদের প্রাত্যহিক নাগরিক দুর্ভোগের প্রতীকী চিত্র হয়ে ওঠে। মাথার মধ্যে বিপদ সংকেত বাজে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে সয়লাব। এদিকে বর্ষা আসি আসি করছে। তখন এ মানুষগুলোর কী হবে? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে তোলা এই ছবি (পৃষ্ঠা: ৩, প্রথম আলো, ২৪ মে, ২০১১) তাই আগাম সতর্ক সংকেত হয়ে চোখের পর্দায় ঝুলে থাকে। —ইকবাল হোসাইন চৌধুরী