বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি তিনি। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। তিনি কাজী সালাউদ্দিন। স্টাইলিশ এই মানুষ ছিমছাম থাকতেই পছন্দ করেন। ভালোবাসেন বই পড়তে।

নিয়ম ও ঘড়ির কাঁটার সঙ্গে চলেন তিনি। সাধারণত সকাল সাতটার মধ্যে ঘুম থেকে ওঠেন। এরপর কিছুক্ষণ হাঁটেন। দুধ ও চিনি ছাড়া কফি দিয়ে শুরু হয় তাঁর ব্যস্ত দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের জীবনযাপনের ধরনটা এমন। ব্যক্তি সালাউদ্দিন কিছুটা অন্তর্মুখী। নিজের ব্যক্তিগত জীবন এবং কাজের ক্ষেত্রটাকে সব সময় আলাদা করেই রেখেছেন।
ঢাকায় এই ফুটবলারের বাসায় এক সকালে মুখোমুখি হলাম। তাঁর স্টাইল সম্পর্কে জিজ্ঞাসা করলে হেসে বলেন, ‘আজ থেকে ২০-৩০ বছর আগে এই সাক্ষাৎকারটা দিলে ভালো হতো। তখন সত্যিই একধরনের স্টাইল ছিল। এখন শুধু আমার ব্যক্তিত্বের সঙ্গে মানায় এমন পোশাকই পরি। এ ছাড়া কোন পরিবেশে কোন জায়গায় যাচ্ছি, সেটাও বিবেচনা করি।’
সাধারণ সময়ে টি-শার্ট পরেন। আর বাসায় থ্রি-কোয়ার্টার প্যান্ট পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে আনুষ্ঠানিক শার্টের ওপরে চাপিয়ে নেন ব্লেজার। ফুটবল ফেডারেশনের কাজের বাইরে কাজী সালাউদ্দিনের নিজস্ব ব্যবসা আছে। সেই কর্মক্ষেত্রের সভাগুলোতে কেতাদুরস্ত পোশাকই পরেন। জানা গেল, বিদেশে যাওয়ার সময় বিমানে ওঠার সঙ্গে সঙ্গে তিনি নিজের পোশাক, জুতা নিয়ে সচেতন হয়ে যান। তখন চেষ্টা করেন ভালো ব্র্যান্ডের স্যুট ও জুতা পরার। গুচি, হুগো বস ও চেরোটিসহ নানা ব্র্যান্ডের স্যুট তিনি পছন্দ করেন। শার্ট সাধারণত এক রঙাই পরেন। পোশাকের ক্ষেত্রে সাদাকালো, হালকা নীল বা হালকা রঙের পোশাককে প্রাধান্য দেন। পাঞ্জাবি তাঁর পরা হয় না বলে জানান।
কাজী সালাউদ্দিন নিজের কেনাকাটা সাধারণত নিজেই করেন। মাঝে মাঝে তাঁর স্ত্রী ও মেয়ে উপহারও দেন। দেখা যায়, একই পোশাক তিনি বেশ কয়েকটা কেনেন। এতে প্রিয় পোশাক প্রতিদিন পরা যায়। একটা ময়লা হলে নতুন আরেকটা পরেন।
খুব বই পড়ার অভ্যাস তাঁর। তাঁর বাড়ির প্রত্যেক সদস্য বইয়ের পোকা। বাড়িতেই আছে বিশাল লাইব্রেরি। দিনে যেহেতু সময় পান না, তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে বইয়ের কয়েকটা পৃষ্ঠা হলেও পড়েন। অর্থনীতি, দর্শন কিংবা ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বই পড়া হচ্ছে তাঁর আজকাল। একটা সময় ফুটবল খেলার বুট সংগ্রহ করতেন, এখন আর সেই শখ নেই। সংগ্রহের তালিকায় স্থান নিয়েছে বই। কোথাও গেলে পছন্দের বই কেনেন।

নিজেকে ফিট রাখার জন্য কোনো ডায়েট করেন না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরিমিত খাবার খান। তবে খাবারের মধ্যে দেশি কাচ্চি বিরিয়ানি ও চীনা খাবার ভালোবাসেন।
কাজী সালাউদ্দিনের সব সময়ের সঙ্গী তাঁর হাতঘড়ি ও মুঠোফোন। আর বাঁ হাতের আঙুলে বিয়ের আংটি। ৪০ বছর আগে এই সোনার আংটি তিনি পরেছিলেন। আরমানি ও বুলগেরির সুগন্ধিই সাধারণত ব্যবহার করেন।
ঈদের দিন কী করেন? উত্তরে বলেন, ‘পরিবারের সঙ্গে সময় কাটাই। সারা বছর ব্যস্ত থাকি। ছুটির দিনগুলোতেও কোনো না কোনো কাজ থাকে। ফলে ঈদের দিন পুরো সময়টা পরিবারের জন্য বরাদ্দ। ছেলেমেয়ে, নাতি-নাতনিদের সঙ্গে আনন্দ করি। ভাইবোনেরা দেশে থাকলে চলে আসে আমার বাসায়। সবাই মিলে দুপুরে খাওয়াদাওয়া করি। তাই বছরের অন্য সময়ের থেকে ঈদের দিনটা আমার কাছে আরও বিশেষ কিছু।’