সত্তর বছর পর বাজল ঘণ্টা
৭০ বছর পর আবার ঘণ্টা শোনা গেল। ঘণ্টা বাজল যেখানে একসময় বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয় ছিল। যে বিদ্যালয়ে মাস্টার দা সূর্য সেন তাঁর সঙ্গী বিপ্লবীদের নিয়ে সভা করতেন। বিশ্বেশ্বরী বিদ্যালয় স্থানান্তরিত হয়েছে দীর্ঘদিন। এত দিন একরকম ফাঁকাই পড়েছিল এই বিদ্যালয় প্রাঙ্গণ। এখন সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিম গুজরা শিশু নিকেতন নামে নতুন একটি বিদ্যালয়। বহু বছর পর এখানে বিদ্যালয়ের ঘণ্টাধ্বনি শুনে বহু স্মৃতি মনে পড়ে গেছে স্থানীয় বাসিন্দা শতবর্ষী আবদুল লতিফের। ১৯৩০ সালে বিশ্বেশ্বরী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন তিনি। তিনি বলেন, ‘মাস্টার দার নেতৃত্বে বিপ্লবীরা আন্দোলনের কৌশল নির্ধারণ করতেন এখানে বসে।’স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন বিশ্বেশ্বরী বিদ্যালয়ের জায়গাটি পরিত্যক্ত ছিল। এখন এই বিদ্যালয়ের জায়গায় স্থাপিত হয়েছে নবীন পাঠাগার নামের একটি প্রতিষ্ঠান। এ বছর পাঠাগারের পাশাপাশি এখানে চালু করা হয়েছে পশ্চিম গুজরা শিশু নিকেতন নামের একটি বিদ্যালয়।পশ্চিম গুজরার প্রবীণ শিক্ষক সুবোধী রঞ্জন বড়ুয়া বলেন, ‘মাস্টার দা সূর্য সেন ও তাঁর সঙ্গীরা আসতেন বিশ্বেশ্বরী বিদ্যালয়ে। রুহুনী বড়ুয়া, ডাক্তার হরিপদ চৌধুরী, হরিপদ মহাজনসহ অনেক বাম রাজনীতিকও এই বিদ্যালয়ে আসতেন। বিপ্লবীদের আনাগোনার কারণে ব্রিটিশ সরকার এটি বন্ধ করে দেয়।’জানা গেছে, বিশ্বেশ্বরী বিদ্যালয়টি বর্তমানে পশ্চিম গুজরার রামবাজার এলাকায় স্থানান্তরিত হয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসহাক বলেন, ‘প্রাচীন বিশ্বেশ্বরী বিদ্যালয়টি শূন্যস্থান পূরণ করার স্বপ্ন ছিল এলাকার মানুষের। তাই বিদ্যালয়ের জায়গায় শিশু নিকেতন নামের একটি পাঠশালা প্রতিষ্ঠা করা হয়েছে।’ শিশু নিকেতনের পরিচালক আবদুর রহমান বলেন, ‘পরিত্যক্ত বিদ্যালয়ের জায়গায় ঘণ্টার ধ্বনি শুনে এলাকার অনেক প্রবীণ মানুষের বিশ্বেশ্বরী বিদ্যালয়ের কথা মনে পড়ে।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘সরকারের লক্ষ্য শতভাগ শিশুকে বিদ্যালয়মুখী করা। এখানে প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যক্ত জায়গায় নতুন বিদ্যালয় গড়ে ওঠায় এলাকার অনেক বঞ্চিত শিশু পড়ালেখার সুযোগ পাবে।’