সত্যজিতের 'রত্নভান্ডার'
শখের বসে অনেকে কত-না কিছু করে। সত্যজিৎ ঘোষের শখ মুদ্রা, ডাকটিকিট ও মেডেল জমানো। বাংলার সুলতানি আমল থেকে শুরু করে বিভিন্ন দেশের ধাতব মুদ্রা ও কাগুজে নোট সংগ্রহ করেন তিনি। ইতিমধ্যে তাঁর সংগ্রহে এসেছে সদ্য বিলুপ্ত দেশসহ ২৮৫টি দেশের মুদ্রা। বিভিন্ন দেশের ডাকটিকিট, মেডেল ও পুরোনো ফোন কার্ডে সমৃদ্ধ তাঁর সংগ্রশালা।
২০ মার্চ সত্যজিৎ ঘোষের বিচিত্র সংগ্রহ নিয়ে লোহাগাড়া উপজেলার শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ে একটি প্রদর্শনীর আয়াজন করা হয়। এতে তাঁর সংগ্রহে থাকা বিভিন্ন দেশের কাগুজে ও ধাতব মুদ্রা প্রদর্শিত হয়। ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সরকারের প্রকাশিত ডাকটিকিটসহ ১৭৫টি দেশের ডাকটিকিটেরও দেখা মিলল এই প্রদর্শনীতে। এ ছাড়া বাংলাদেশসহ ৮৫টি দেশের ফোন কার্ড এবং বিভিন্ন পদকও স্থান পায় প্রদর্শনীতে।
চট্টগ্রামের টেরিবাজারের বাসিন্দা সত্যজিৎ ঘোষ জনতা ব্যাংকের দোহাজারি শাখার ব্যবস্থাপক। পটিয়ার মোজাফফরাবাদে তাঁর পৈতৃক নিবাস। চট্টগ্রাম কলেজ থেকে গণিতে স্নাতকোত্তর শেষ করে এমবিএ করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় ডাকটিকিট জমানোর নেশা পেয়ে বসে তাঁকে। সে সময় এক আত্মীয়ের কাছ থেকে সৌদি আরবের একটি মুদ্রা উপহার পান। তখন থেকে দেশি-বিদেশি মুদ্রাও জমানো শুরু করেন।
সত্যজিতের সংগ্রহে রয়েছে অনেক দুর্লভ ও বিলুপ্ত দেশের মুদ্রা। এর মধ্যে বাংলার সুলতানি আমলের বায়োজিদ শাহ, ইলতুৎমিশ, হোসাইন শাহ, বাহাদুর শাহ, কুচবিহারের রাজা নর নারায়ণ, অটোমান সাম্রাজ্য, আসামের গৌরীনাথ সিংহ, রুদ্র সিংহের মুদ্রা উল্লেখযোগ্য। এ ছাড়া রয়েছে মোগল আমলের কাগুজে নোট ও ধাতব মুদ্রা। বিলুপ্ত দেশের মুদ্রার মধ্যে রয়েছে বায়াফ্রা, রোডেশিয়া, ক্রিটির মতো দেশের মুদ্রা।

সত্যজিৎ ঘোষ বলেন, বহু বছর ধরে বিদেশে থাকা স্বজনদের কাছে চিঠি লিখে মুদ্রা সংগ্রহ করেছেন। কলেজে পড়ার সময় প্রচুর টিউশন করেছেন। টিউশনের টাকা দিয়ে বিভিন্ন দেশের মুদ্রা কিনেছেন। এভাবেই এটি নেশায় পরিণত হয়। বর্তমানে বিলুপ্ত দেশসহ ২৮৫টি দেশের প্রায় তিন হাজার ধাতব এবং আড়াই হাজার কাগুজে মুদ্রা রয়েছে তাঁর সংগ্রহে।
তিনি বলেন, ফেসবুক ও ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর ১৪৫টি দেশের মুদ্রা সংগ্রহকারীর সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে উঠেছে। তাঁদের কাছ থেকে তিনি নানা দেশের মুদ্রা সংগ্রহ করেন। বিনিময়ে তাঁদের বাংলাদেশের মুদ্রা ও কাগুজে নোট দেন। এভাবেও তাঁর সংগ্রহটি সমৃদ্ধ হয়েছে। বর্তমানে তিনি সরকার অনুমোদিত নিউ মিসমেটিকস কালেক্টরস সোসাইটির (বিএনসিএস) আজীবন সদস্য।
সত্যজিতের ইচ্ছা রয়েছে তাঁর এ মুদ্রা সংগ্রহশালা নিয়ে একটি ভ্রাম্যমাণ জাদুঘর প্রতিষ্ঠা করা। পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজে প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মুদ্রা সংগ্রহে উৎসাহিত করা। এতে শিক্ষার্থীদের জ্ঞান যেমন সমৃদ্ধ হবে, তেমনি বিভিন্ন দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণাও পাবে তারা।
শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর বলেন, ‘আমাদের বিদ্যালয়ে এ ধরনের একটি প্রদর্শনীর আয়োজন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ সৃষ্টি হয়েছে।’
বিদ্যালয়ের শিক্ষার্থী মোহতাসিন ফুয়াদ ও মহিমা বিনতে নেজাম বলে, ‘বিভিন্ন দেশের মুদ্রা দেখে সেসব দেশের ইতিহাস সম্পর্কে ধারণা পেয়েছি। আরও জানার আগ্রহ সৃষ্টি হয়েছে।’