রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পোস্টমাস্টার’। পোস্টমাস্টারের বদলির খবরে স্নেহের জায়গা হারিয়ে ফেলার সংশয়ে আতঙ্কিত হয় রতন। তার কান্না প্রকাশ পায় ঘরের জীর্ণ চাল ভেদ করে মাটির সরার ওপর টপটপ করে বৃষ্টির ফোঁটা পড়ার মধ্য দিয়ে। সেলুলয়েডের ফিতায় বড় মমতায় এই স্নেহ-মায়ার চিত্র তুলে ধরেছেন সত্যজিৎ রায়। অনীল চট্টোপাধ্যায়, চন্দনা বন্দ্যোপাধ্যায়, নৃপতি চ্যাটার্জি, খগেন পাঠক, গোপাল সেনসহ আরও অনেকে অভিনয় করেছেন ছবিতে। সত্যজিৎ রায়ের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দর্শকদের ছবি দেখার সুযোগ করে দিল চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২৭ মে দিনব্যাপী প্রদর্শনীতে সত্যজিৎ রায়ের নির্মিত শতরঞ্জ কি খিলাড়ি, পোস্টমাস্টার, কাঞ্চনজঙ্ঘা ওআগন্তুক প্রদর্শিত হয়।চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী বলেন, ‘দর্শক সত্যজিৎ রায় বলতেই পথের পাঁচালী কিংবা অশনী সংকেত বোঝেন। আমরা তাঁর কম প্রদর্শিত কিন্তু ভালো মানের ছবিগুলো দর্শকের কাছে পরিচিত করাতে চেয়েছি। আরেকটা উদ্দেশ্য ছিল, তরুণ প্রজন্মের কাছে এসব চলচ্চিত্র উপস্থাপন করা। আগন্তুক ছবিতে তরুণ প্রজন্মের দর্শকের সমাগমই বেশি ছিল। সেদিক থেকে আমরা সফল।’ প্রদর্শনী দেখতে এসে প্রকৌশলী আহসান হাবীব বলেন, ‘সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আমেজই অন্য রকম। সাদাকালো ছবিগুলো আমাকে পুরোনো দিনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।’উত্তর নালাপাড়া থেকে আসা সালমা আক্তার বলেন, ‘অসুস্থ ছবির ভিড়ে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার অভ্যাসই হারিয়ে ফেলেছি। চলচ্চিত্রকেন্দ্রের এ প্রদর্শনী অনেক দিন পরে আবার আমাকে চলচ্চিত্র দেখতে আসায় উৎসাহিত করল।’ইয়াং অ্যান ইন্টারন্যাশনালের কর্মকর্তা শাহিদা পারভীন বলেন, ‘সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের সংলাপ, দৃশ্যায়ন অসাধারণ। আমরা, নতুন প্রজন্ম এসব চলচ্চিত্রকে সাধুবাদ জানাই। সেই তখনকার আমলে অনুন্নত প্রযুক্তিতে নির্মিত এসব চলচ্চিত্র এখনো আমাদের মন ছুঁয়ে যায়।’