মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ দাশ (১৩) তিন দিন ধরে নিখোঁজ। বেসরকারি প্রতিষ্ঠানের মাঝারি আয়ের চাকরিজীবী বাবা খোকন দাশ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত সোমবার রাত আটটার দিকে এক লোক টেলিফোনে খোকন দাশকে জানালেন, ‘আপনার ছেলে নতুন ব্রিজের কাছে (কর্ণফুলীর তৃতীয় সেতু) কান্নাকাটি করছে, এসে নিয়ে যান।’ আত্মীয়-স্বজনের সঙ্গে গিয়ে খোকন দাশ ছেলেকে নিয়ে আসেন। গত মঙ্গলবার দুপুরে নগর পুলিশের গোয়েন্দা শাখার দপ্তরে কথা হয় প্রসেনজিৎ দাশের সঙ্গে। প্রথমে সে বলে যে, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিউমার্কেট (বিপণিবিতান) এলাকায় এক লোক এসে তার নাকে রুমাল চেপে ধরেছিল, এরপর সে কিছুই জানে না। পরে যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি ঘরে আবিষ্কার করে। তারা তাকে খাবার দাবার দিয়েছে বলেও প্রসেনজিৎ জানায়। এক দিন পর ওরা তাকে কর্ণফুলী সেতুর গোড়ায় রেখে চলে গেছে। তখনো কেউ জানত না এটি প্রসেনজিতের বানানো গল্প। পরে পুলিশের জেরার মুখে প্রসেনজিৎ একপর্যায়ে স্বীকার করে যে, তাকে কেউ নিয়ে যায়নি। দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল খারাপ হওয়ায় সে বাড়ি না গিয়ে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগেও প্রথম সাময়িক পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য সে বাবার পিটুনি খেয়েছিল। এ কারণে সে কাউকে না বলে কক্সবাজার চলে যায়। সেখানে যাওয়ার পর ঘরের জন্য মন খারাপ হয়। সঙ্গে ছিল মাত্র ১২০ টাকা। তা-ও শেষ হয়ে গেছে। সব মিলিয়ে সে ফিরে আসতে বাধ্য হয়। কর্ণফুলী সেতুর গোড়ায় এসে সে একজন ট্রাকচালকের মুঠোফোন থেকে বাবাকে খবর দিয়েছিল। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে উপস্থিত খোকন দাশও বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমার ছেলে ঘরের বাইরে বিদ্যালয় ছাড়া আর কোথাও যায়নি কোনোদিন। কিছুদিন আগে আমরা সপরিবারে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, সেও ছিল সঙ্গে। সম্ভবত এ কারণে প্রসেনজিৎ কক্সবাজার পালিয়েছিল।’ প্রথম আলোর কাছেও প্রসেনজিৎ কক্সবাজার যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। সে কক্সবাজার আসা-যাওয়া এবং কষ্টে দুদিন পার করার বিশ্বাসযোগ্য বিবরণও দিয়েছে পুলিশ ও প্রথম আলোর কাছে। প্রসেনজিতের মতো হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আশেকুল ইসলাম তালুকদার (১৫) বন্ধুদের পাল্লায় পড়ে বাড়ি থেকে পালিয়েছিল ১৬ আগস্ট। সঙ্গে নেয় ঘর থেকে চুরি করা ব্যবসায়ী বাবার ৫০ হাজার টাকা ও চাচির এক ভরি ওজনের স্বর্ণালংকার। চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে বেনাপোল সীমান্ত পর্যন্ত চলে গিয়েছিল সে। কিছু দালাল ধরে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত এলাকায়ও যায়। ইতিমধ্যে দালালচক্র তার সব টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। বাড়ির জন্য কান্নাকাটি শুরু করে সেখানে। ইতিমধ্যে পুলিশও তাকে উদ্ধারে মরিয়া হয়ে ওঠে। তার ঘনিষ্ঠ বন্ধু অভিকে দিয়ে ফোন করিয়ে আশিককে কৌশলে গত রোববার ফেরত আনা হয়। এজন্য চান্দগাঁও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়ালিউদ্দিন আকবরের নেতৃত্বে একদল পুলিশ টানা পাঁচ দিন অক্লান্ত পরিশ্রম করেন। থানায় বসে গত সোমবার দুপুরে আশিক প্রথম আলোকে বলে, ‘বাড়ি থেকে পালানোর কষ্ট আমি বুঝেছি। আর কোনোদিন পালাব না। আমার বন্ধুদেরও পালাতে নিষেধ করব।’ পুলিশ সূত্রে জানা যায়, প্রসেনজিত ও আশিকের হারিয়ে যাওয়ার গল্পের সঙ্গে অনেক গল্প কাকতলীয়ভাবে যোগ হওয়ায় নগরজুড়ে ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে থেকে উপজেলাগুলোতেও এ গুজব ছড়ানো হচ্ছিল। গুজবের ডালপালা বিস্তার হতে থাকে ক্রমশ। একপর্যায়ে শোনা গেল কর্ণফুলী নতুন সেতুর স্থায়িত্বের জন্য জলের দেবতাকে তুষ্ট করতে শিশু বলি দিতে হবে। এর জন্য ছেলেধরা নেমেছে রাস্তায়। তারা ঝুলিতে করে মুণ্ডু জোগাড় করছে। গুজবের জের ধরে বিভিন্ন জায়গায় গণপিটুনি, পুলিশের ওপর হামলাসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। পুলিশের হিসাবে দেখা যায়, গত দুই সপ্তাহে নগর ও জেলায় ছেলেধরা সন্দেহে ১৭টি জায়গায় গণপিটুনির ঘটনা ঘটে। এতে মারা যান পাঁচজন, আহত হয়েছেন ২০ জনেরও বেশি। পুলিশি তদন্তে বেরিয়ে আসে এসব ঘটনায় হতাহত ব্যক্তিরা ছেলেধরা নন। তাদের কারও কারও কাছে থাকা ভিক্ষার ঝুলিতে কোনো তথাকথিত মুণ্ডু মেলেনি। পাওয়া গেছে ভিক্ষার কিছু টাকা। এ কারণে জেলা এবং নগর পুলিশ ছেলেধরার গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টিকারী ও গণপিটুনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। গত সোমবার সন্ধ্যায় পটিয়ার পাথরিয়া বাজারে এ ধরনের একটি গণপিটুনির ঘটনার সময় উপস্থিত ৪১ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে। পাশাপাশি পুলিশ গণসচেতনতামূলক কর্মকাণ্ড শুরু করেছে। মাইকযোগে প্রচারণা চালিয়ে এবং ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মসজিদের ইমামের মাধ্যমে সবাইকে ছেলেধরার গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সচেতন করা হচ্ছে।পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, ‘জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ছেলেধরার গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হচ্ছে। আমরা এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।’ কারা এর সঙ্গে জড়িত জানতে চাইলে ডিআইজি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারকাজ, সংবিধান সংশোধন ও জঙ্গি দমনের কার্যক্রম যারা বাধাগ্রস্ত করতে চায় তারাই এ গুজব সৃষ্টির সঙ্গে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। এটা তদন্ত করে দেখা হচ্ছে। ’ তিনি আরও বলেন, ছেলেধরার গুজবকে ঘিরে এ পর্যন্ত যতগুলো গণপিটুনি কিংবা হামলার ঘটনা ঘটেছে তার একটিতেও ছেলেধরার প্রমাণ মেলেনি। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। জানতে চাইলে নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার মো. মায়নুল হক প্রথম আলোকে বলেন, নগরে গত সোমবার রাত পর্যন্ত ছেলেধরার গুজবে সাতটি গণপিটুনির ঘটনা ঘটে। এর একটিতেও কোনো ছেলেধরা শনাক্ত হয়নি। কারও কাছে কথিত কাটা মুণ্ডু পাওয়া যায়নি। জেলা পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত পর্যন্ত দুই সপ্তাহের ব্যবধানে জেলার পাঁচ উপজেলায় ছেলেধরার গুজবে নয়টি ঘটনা ঘটে। এর মধ্যে পটিয়াতে চারটি এবং সন্দ্বীপ, ফটিকছড়ি, চন্দনাইশ ও হাটহাজারীতে একটি করে ঘটনা ঘটেছে। একই সময়ে ছেলেধরার গুজবকে ঘিরে নগরে গণপিটুনির ঘটনা ঘটে আটটি। এর মধ্যে বন্দর, চান্দগাঁও এবং বাকলিয়া থানা এলাকায় একই সঙ্গে এবং একই সময়ে তিনটি গণপিটুনির ঘটনা ঘটে গত শনিবার রাতে। গত সোমবার দুপুর দেড়টার দিকে পাহাড়তলী থানাধীন ফইল্যাতলী বাজারে গণপিটুনির শিকার হন দুই ভিক্ষুক সাদেম আলী হাওলাদার (৭৩) ও তাঁর স্ত্রী ছালেহা বেগম (৪৫)। সোমবার রাত নয়টার দিকে নতুন রেলওয়ে স্টেশনের কাছে ছেলেধরা সন্দেহে এক লোককে গণপিটুনি দেওয়া হয়। মঙ্গলবার রাত ১০টায় বাকলিয়ার মাস্টারপুল এলাকায় গণপিটুনিতে একজনকে হত্যা করা হয়। এসব ঘটনার একটিতেও শিশু অপহরণের প্রমাণ মেলেনি।