সত্যিই কি এমনটা ঘটেছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুদণ্ড কার্যকরের আগে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে জ্যাং সং-থায়েককে। ছবি: এএফপি
মৃত্যুদণ্ড কার্যকরের আগে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে জ্যাং সং-থায়েককে। ছবি: এএফপি

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ফুফা জ্যাং সং-থায়েককে বিবস্ত্র করে ক্ষুধার্ত কুকুরের খাঁচায় ছেড়ে দিয়ে হত্যা করা হয়েছে। সম্প্রতি চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্রে এই রোমহর্ষক খবর প্রকাশিত হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, কিম জং-উন ৩০০ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়ে গোটা প্রক্রিয়া তদারক করেছিলেন। এই প্রক্রিয়া শেষ হতে সময় লেগেছিল এক ঘণ্টা।
চীনের সরকারি গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, চীনের সরকারনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার অর্থ হচ্ছে, পিয়ংইয়ংয়ের ওপর অসন্তুষ্ট বেইজিং। তবে খবরটি বিশ্বাস করতেও নারাজ অনেকে।
উত্তর কোরিয়া জ্যাং সং-থায়েককে ‘কুকুরের চেয়েও অধম ঘৃণ্য মানবজঞ্জাল’ হিসেবে বর্ণনা করেছে। তাঁর অপরাধ, তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন। হংকংয়ের ওয়েন ওয়েই পো সংবাদপত্রে বলা হয়, ‘কুকুরের চেয়ে অধম’ ওই ব্যক্তিটির জীবন গেছে কুকুরের দাঁত ও নখের আঘাতে।
পত্রিকার খবর অনুযায়ী, গত মাসে পাঁচ সহযোগীসহ জ্যাং সং-থায়েককে বিবস্ত্র করে ১২০টি ক্ষুধার্ত কুকুরের মুখে ছেড়ে দেওয়া হয়। কুকুরগুলো ছিল তিন দিনের অভুক্ত।
সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকার খবরে বলা হয়, চীনের সরকারনিয়ন্ত্রিত সংবাদপত্রে প্রকাশিত ওই খবরে উত্তর কোরিয়া সরকারের আরও অনেক সমালোচনা করা হয়। এতে বোঝা যায়, উত্তর কোরিয়ার পরিবর্তিত নেতৃত্বের ওপর বেইজিং কতটা অসন্তুষ্ট। তবে চীনের সরকারি গণমাধ্যমে এর সঙ্গে সংগতিপূর্ণ কোনো সম্পাদকীয় দেখা যাচ্ছে না।
তবে কুকুর লেলিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেনি উত্তর কোরিয়া। এর আগে বলা হয়েছিল, জ্যাং সং-থায়েকের কয়েকজন সহযোগীকে বিমানবিধ্বংসী অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও আধুনিক কোরিয়ার জ্যেষ্ঠ গবেষক আইডান ফস্টার-কার্টার দি ইনডিপেনডেন্ট পত্রিকাকে বলেন, ‘আমি উত্তর কোরিয়ার সরকারের কোনো নিষ্ঠুর অতীতের দিকে ইঙ্গিত করছি না। তবে বক্তব্যটি তাদের জন্য আরও কঠিন মনে হতে পারে। সাম্প্রতিক অতীতে তারা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কুশপুত্তলিকাকে কুকুর দিয়ে অপমান করেছে।’ তিনি বলেন, ‘জ্যাং সং-থায়েকের হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি নমুনামাত্র। মোদ্দা কথা হচ্ছে, তারা তাঁকে সরিয়ে দিয়েছে, যা করা হয়েছে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে। এর উদ্দেশ্য হচ্ছে, সেনাবাহিনী ও কিম জং-উন সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যে বিদ্রোহ কোরো না। বিদ্রোহ করলে এর শাস্তি কী নির্মম হতে পারে।’
আইডান ফস্টার-কার্টার বলেন, চীন পরিষ্কারভাবেই তার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমকে আগের চেয়ে রূঢ় হওয়ার স্বাধীনতা দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে দেশটি উত্তর কোরিয়াকে সমর্থন দেওয়া বন্ধ করে দিচ্ছে।
সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকার সাংবাদিক চিং চেওং লিখেছেন, ‘এই রোমহর্ষক প্রতিবেদন উত্তর কোরিয়ার তরুণ নেতৃত্বের নিষ্ঠুরতাকে তীব্রভাবে চিত্রিত করেছে।’ তিনি লেখেন, তবে বেইজিং-নিয়ন্ত্রিত সংবাদপত্রে খবরটি প্রকাশ হওয়ায় মনে হচ্ছে, কিমের সরকারের সঙ্গে সম্পর্কের ব্যাপারটিকে চীন ততটা পরোয়া করছে না।
তবে দ্য টেলিগ্রাফ পত্রিকার টিম স্ট্যানলি এই প্রতিবেদনের ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁর ধারণা, প্রতিবেদনটি সত্যের মতো করে উপস্থাপন করা হয়েছে। তিনি লেখেন, উত্তর কোরিয়া এত উন্মাদ, এত নিষ্ঠুর যে দেশটি সম্পর্কে যে গল্পই বলা হোক না কেন, তা অবিশ্বাস করা কঠিন। ‘কিম জং-উন একটি শিশু ভক্ষণ করেছে? নিশানা অনুশীলনের জন্য সেনাবাহিনী বিড়ালছানা ব্যবহার করেছে?—উত্তর কোরিয়ায় এ ধরনের ঘটনা ঘটা সম্ভব। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যারা এই গল্প ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা দরকার। টিম স্ট্যানলি লিখেছেন, ‘দি স্ট্রেইটস টাইমস একটি প্রভাবশালী ও বহুল প্রচারিত পত্রিকা। তবে পত্রিকাটি সিঙ্গাপুরের ক্ষমতাসীন দলের মুখপত্র বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া পত্রিকাটি গোঁড়া কমিউনিস্টবিরোধী। সুতরাং তাদের পক্ষে রাজনৈতিক পক্ষপাত সম্ভব। পিয়ংইয়ংয়ের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য চীন নিজেই খবরটি করিয়েছে কিংবা অন্তত খবরটি প্রচারে উৎসাহিত করেছে—আমরা এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি না। কেননা চীন ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের রূপকার ছিলেন কিমের ফুফা। তাঁর মৃত্যুতে চীন ক্ষুব্ধ হয়ে এ গুজব ছড়িয়েছে।’
দাউদ ইসলাম
সূত্র: দি ইনডিপেনডেন্ট, দ্য টেলিগ্রাফ ও বিবিসি