প্রশান্ত মহাসাগরের অন্তর্গত গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় প্রবালপ্রাচীর, যা প্রায় ৯০০টি ছোট-বড় দ্বীপ এবং ২৯ হাজারের বেশি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত। গ্রেট ব্যারিয়ার রিফের অবস্থান অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের উপকূলের অদূরে। বিশেষজ্ঞদের মতে, এটি ১৮ মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় একক কাঠামো, যার মধ্যে প্রাণিসত্তা আছে। এটি মহাশূন্য থেকেও পরিষ্কার দেখা যায়। রিফটির মধ্যে ব্যাপক প্রাণবৈচিত্র্য লক্ষ করা যায়। গবেষণায় দেখা গেছে, এখানে প্রায় ৪০০ প্রজাতির প্রবাল ছাড়াও ৩০ প্রজাতির তিমি, ২১৫ প্রজাতির পাখি, ছয় প্রজাতির সামুদ্রিক কচ্ছপ, ১২৫ প্রজাতির হাঙর ও স্টিংরে, ১৭ প্রজাতির সামুদ্রিক সাপ এবং প্রায় এক হাজার ৫০০ প্রজাতির মাছ বাস করে। ১৯৮১ সালে ইউনেসকো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে। গ্রেট ব্যারিয়ার রিফের দেখভাল ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্ক। রিফের ভেতরে মাছ ধরা কিংবা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। গ্রেট ব্যারিয়ার রিফ দেখতে পর্যটকদের জনপ্রতি সাড়ে চার থেকে সাড়ে ১৩ ডলার খরচ করতে হয়। অস্ট্রেলিয়ার পর্যটনশিল্পে এই রিফের অবদানই সবচেয়ে বেশি। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম