সদরঘাটের নৌকা-দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইরেন বাজিয়ে ঘাট ছাড়ে লঞ্চ। সদরঘাটের বাতাসে সেই শব্দ মিলিয়ে যাওয়ার আগেই সুর মেলায় আরেকটি লঞ্চ। কোনোটা যাচ্ছে বরিশাল, কোনোটা পটুয়াখালী, ভোলা বা অন্য কোনো গন্তব্যে। লঞ্চ ছেড়ে যাওয়ার পর জেটির কাছে ঢেউয়ের তালে দোল খায় ছোট ডিঙি নৌকা। একটু আগেও এই নৌকা ঘিরে সরগরম ছিল চারপাশ। ছিল হাঁকডাক। বেচাকেনা। ভাসমান দোকানি এবার বেচাকেনার হিসাব মেলান স্বল্প আলোয়।

ডিঙি নৌকায় বেকারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবি: সুমন ইউসুফ
ডিঙি নৌকায় বেকারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবি: সুমন ইউসুফ

রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালে পণ্যের পসরা সাজানো এসব ডিঙি নৌকা পরিচিত ভাসমান দোকান হিসেবে। জেটিতে বাঁধা অতিকায় দুই লঞ্চের সামনের অংশে যে ফাঁকা জায়গাটুকু, সেখানেই কোনো মতে ডিঙি নৌকাটা রাখা হয়। নৌকার পাটাতনজুড়ে সাজানো থাকে হরেক রকম খাবার। যার বেশির ভাগ বেকারির খাবার—পাউরুটি, চানাচুর, টোস্ট আর নানা পদের বিস্কুট। আছে মৌসুমি ফলেরও দোকান।

২ মে বিকেলে ভোলাগামী পাশাপাশি দুই লঞ্চের মাঝখানে দেখা গেল নৌকায় আনারসের পসরা সাজিয়ে বসেছেন হায়দার আলী ও মো. জামাল। পঞ্চাশের কোঠায় বয়স দুজনের। তাঁদের নিজেদের ব্যবসা নয়। আনারস বিক্রি করছেন দিনমজুরির হিসাবে। দৈনিক ৩০০ টাকা করে পান মালিকের কাছে। হায়দার আলী লঞ্চের পাশে জায়গা করে দাঁড়িয়েছেন। জামাল নৌকায় কোনোমতে বসে আনারসের দাম হাঁকছেন। ক্রেতা সরে গেলে হায়দার আলী বললেন, ‘আনারাস নিয়ে আসতে হয় ওয়াইজঘাট থেকে। তারপর সারা দিন ঘাটে ঘাটে বিক্রি করি বিকেলে লঞ্চঘাটে আসি।’

মৌসুমি ফল নিয়েও হাজির অনেকে
মৌসুমি ফল নিয়েও হাজির অনেকে

বিকেল নামে ব্যস্ততায়

ভাসমান নৌকার দোকানিদের কাজ শুরু হয় দুপুর থেকে। প্রয়োজনীয় পণ্য এনে নৌকায় থরে থরে সাজিয়ে রাখেন। লঞ্চযাত্রীদের ভিড় বাড়তে থাকে, বাড়তে থাকে তাঁদের বিক্রি। সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চ ছেড়ে যায় মূলত রাত নয়টা মধ্যে। তাই বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্তই চলে তাঁদের বেচাকেনা।

সন্ধ্যা ঘনিয়ে এসেছে। খালাসিদের হাঁকডাকে কান পাতা দায়। ‘বরিশাল ১০০, বরিশাল ১০০...’ রব তুলেছেন তাঁরা। সেই শব্দ ম্লান করে চেঁচাচ্ছেন জেটির মাঝামাঝি দুই লঞ্চের ফাঁকে নৌকায় বসে থাকা আশিকুর রহমান ও মাকসুদুর রহমান। ক্রেতা কম। গল্প জমে তাঁদের সঙ্গে। দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। নৌকায় বেকারি পণ্য বিক্রি করেন। দৈনিক তাঁরা ৫-৬ হাজার টাকার পণ্য বিক্রি করতে পারেন। খরচ বাদ দিয়ে আয় হয় প্রায় ৭০০ টাকা। পরিবার নিয়ে থাকেন কেরানীগঞ্জে। আশিকুর বরিশালে স্থানীয় একটি কলেজে পড়েন। তবে নিয়মিত ক্লাস করতে হয় না বলে চাচার সঙ্গে ব্যবসায় সাহায্য করেন। ‘যখন পরীক্ষা হয়, গিয়া পরীক্ষা দিয়া আসি।’ বলেন আশিক।

কথা বলতে বলতেই দেখা মিলল একজন ক্রেতার। নাম জিজ্ঞেস করতেই বললেন, ‘মো. বাকের’। তাঁর সঙ্গে আরও দুটি কথা এগোল। বাকের কাজ করেন চট্টগ্রামের একটি কারখানায়। ছুটিতে ভোলায় নিজের বাড়িতে যাচ্ছেন। টোস্ট ও বিস্কুট কিনলেন। ‘বাড়িতে মা-ভাই আছেন। তাঁদের জন্য নিলাম। ঘাটের বাইরে থেকে আনার চেয়ে এখানে কেনা সুবিধা।’ তিনি ব্যাগ হাতে উঠে পড়লেন লঞ্চে।

দেখা মেলে এমন আধা স্থায়ী ভাসমান দোকান
দেখা মেলে এমন আধা স্থায়ী ভাসমান দোকান

 ঝুঁকির জীবন

দুই লঞ্চের মধ্যে সামান্য ফাঁকা জায়গায় খুব কৌশলে নৌকা রাখা হয়। তাই একটু এদিক-সেদিক হলেই দুর্ঘটনা। কখনো লঞ্চের আঘাতে ডুবে যায় নৌকা। নিজে রক্ষা পেলেও অনেক সময় হারাতে হয় দোকানের পণ্যসামগ্রী। তাই অনেকে নৌকায় পণ্য বিক্রি করেন না। কেউ কেউ আবার আগে বিক্রি করতেন, এখন জেটিতে বসেই পসরা সাজিয়ে বসেন। মেহেদী নামে এক বিক্রেতা বলছিলেন, ‘নৌকায় কাজ করা খুবই রিস্ক। একসময় করতাম, এত ভয় নিয়ে দরকার কী?’ তিনি ওপরেই জেটিতে একটি জায়গা করে নিয়েছেন। সেখানে বসেই পাউরুটি-পানি বিক্রি করছিলেন।

 আছে আধা স্থায়ী ভাসমান দোকান

সদরঘাটের লম্বা জেটির দুই পাশে এমন দুটি ভাসমান দোকানও দেখা গেল। পাউরুটি-বিস্কুট বিক্রির সঙ্গে নৌকায় বসেই চা পানের সুবিধা রয়েছে সেখানে। স্টিমার ঘাটের পাশেই আব্দুর রহমানের দোকান। নৌকার পাটাতনে জলচৌকি বসিয়েছেন। তার ওপর রেখেছেন পণ্যসামগ্রী। একপাশে চায়ের ব্যবস্থা রেখেছেন। আয়তনে বেশ বড়। ঘাটে ভেড়া ডিঙি নৌকার মাঝি আর বাড়ি ফেরার যাত্রীরা তাঁর কাস্টমার। অনেক সময় লঞ্চ ছাড়ার সময়ের ফারাকে দাঁড়িয়ে চা খান।