সদরুল স্মরণসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা-উত্তর চট্টগ্রামের গ্রুপ থিয়েটার চর্চার পথিকৃৎ সদরুল পাশা ১৯৯৫ সালের ২৪ সেপ্টেম্বর মাত্র ৪১ বছর বয়সে প্রয়াত হন। তিনি একাধারে কাজ করেছেন গ্রুপ থিয়েটার মঞ্চে, টিভি নাটকে, বিজ্ঞাপন চিত্র ও তথ্যচিত্র নির্মাণে। প্রায় সর্বত্রই তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চট্টগ্রাম কলেজ থেকেই তাঁর নাট্যচর্চার শুরু অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ এবং অধ্যাপক জিয়া হায়দারকে সঙ্গে নিয়ে। একদল তরুণের আগমনে উজ্জীবিত চট্টগ্রামের নাট্যাঙ্গন, নেতৃত্বে সদরুল পাশা। জন্ম হলো ‘থিয়েটার-৭৩’ এর, সূচনা হলো চট্টগ্রামের থিয়েটার চর্চা। তবে সেখানে বেশি দিন থাকতে পারেননি ‘থিয়েটার-৭৩’-এ, বছর ঘুরতেই বেরিয়ে এলেন, গড়ে তুললেন ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’। অদম্য ও সাহসী এই মানুষটি তাঁর কর্মনিষ্ঠা এবং নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রামের থিয়েটারকে জাতীয় পর্যায়ে উন্নীত করেছিলেন। বিশেষ করে ১৯৭৩ থেকে ১৯৭৮, চট্টগ্রামের থিয়েটারের স্বর্ণযুগ এবং নায়ক সদরুল পাশা। ২৪ সেপ্টেম্বর ছিল সদরুল পাশার ১৭তম প্রয়াণ দিবস। একাডেমি অব পারফর্মিং আর্টস প্রতি বছরের মতো এবারও সদরুল স্মৃতিসন্ধ্যার আয়োজন করে। এই আয়োজন তিনটি পর্বে বিভক্ত ছিল। স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম পর্বে ছিল সদরুল পাশার সহকর্মী ও চট্টগ্রামের নাট্যকর্মীদের স্মৃতিচারণা। এতে অংশগ্রহণ করেন আকবর রেজা, কুন্তল বড়ুয়া, সনজীব বড়ুয়া, শিশির দত্ত এবং সংক্ষিপ্ত কর্ম ও জীবন উপস্থাপন করেন দুলাল দাশগুপ্ত। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সম্মাননা জ্ঞাপন। এবার একাডেমি অব পারফর্মিং আর্টস সম্মাননা জ্ঞাপন করেন চট্টগ্রামের বিশিষ্ট মঞ্চ অভিনেত্রী শুভ্রা বিশ্বাসকে। অনুষ্ঠানে শুভ্রা বিশ্বাস সম্পর্কে বলেন সনজীব বড়ুয়া। পরবর্তী সময়ে শুভ্রা বিশ্বাসকে উত্তরীয় পরিয়ে দেন চট্টগ্রামের মঞ্চ অভিনেত্রী মধুমিতা বড়ুয়া এবং সম্মাননা স্মারক তুলে দেন শুভ্রার দীর্ঘদিনের সহযাত্রী মঞ্চ অভিনেত্রী সাবিরা সুলতানা। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ‘সদরুল স্মারক বক্তৃতা’ উপস্থাপন করেন নাট্য নির্দেশক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কুন্তল বড়ুয়া। বিষয় ছিল ‘অভিনেতার দায়’। বক্তৃতা পরবর্তীতে আলোচনায় অংশগ্রহণ করেন নাট্যকর্মী ইউসুফ ইকবাল, সনজীব বড়ুয়া, কবি এজাজ ইউসুফী এবং হোসাইন কবির। সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন নাট্যকর্মী মুনির হেলাল।