রাউজান উপজেলার ১৪ ইউনিয়নের ১৩টিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জিতলেও সদর এলাকার গুরুত্বপূর্ণ পাঁচটি ইউনিয়নে সাংসদের পছন্দের প্রার্থীরা পরাজিত হয়েছেন। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সদর ইউনিয়নে জিতেছেন বিএনপির প্রার্থী ফায়জুল ইসলাম চৌধুরী। গহিরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আবসার, ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী, হলদিয়ায় শফিকুল ইসলাম ও বিনাজুরীতে সুকুমার বড়ুয়া জিতেছেন। তাঁদের প্রত্যেকের সঙ্গে লড়াই হয়েছে সাংসদের মনোনীত প্রার্থীদের। রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রাউজান সদরের আশপাশের ইউনিয়নগুলোতে সাংসদের পছন্দের একাধিক প্রার্থী ছিলেন। ফলে এসব ইউনিয়ন সবার জন্য উম্মুক্ত ছিল। নির্বাচনে যাঁরা জিতেছেন তাঁরা বিদ্রোহী এমনটি বলা যাবে না। অতীতে বহুবার সাংসদের সঙ্গে তাঁরা দেখা করেছেন। এরপরও নির্বাচনের ফলাফল বিশ্লেষণের পর আমরা রাউজান সদরসহ পুরো উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছি।’ ডাবুয়ার নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুর রহমান চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে আমাকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে। কিন্তু ডাবুয়ার মানুষের মনে আমার স্থান ছিল বলে প্রভাবশালীরা আমার জয় ঠেকাতে পারেননি। সাংসদের মনোনীত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, ‘এমপি যাঁকে প্রার্থী দিয়েছেন তাঁর নৈতিক চরিত্র ঠিক নয়। সে হিন্দুদের বাড়ি লুট করেছে। তাই জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে।’ ডাবুয়ার পাশে হলদিয়া ইউনিয়নের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর সমর্থিত প্রার্থী আবদুল মোমেনের অবস্থান তৃতীয়। এখানে জিতেছেন উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম। তবে এহসানুল হায়দার বলেন, ‘এখানে আমার কোনো প্রার্থী ছিল না। ছিলেন আওয়ামী লীগের তিনজন প্রার্থী। এজন্য নির্বাচনের সময় এলাকায় থাকলেও ভোট দিতে কেন্দ্রে যাই নি।’ তবে উপজেলা থেকে দূরের উরকিরচর ইউনিয়নেও জিতেছেন বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আনোয়ার চৌধুরী। এখানে তিনি সাংসদের প্রার্থী শেখ সিরাজুল ইসলামকে পরাজিত করেন। আনোয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীদের বাধার কারণে আমি এলাকায় বেশি প্রচারণা চালাতে পারিনি। কিন্তু এলাকাবাসী সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আমাকে জয়ী করেছেন।’